১১:৩৭ এম
পাবনার চাটমোহরে কৃষিপণ্যবোঝাই অটোভ্যানের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
চাটমোহর থানার ওসি অলিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন হলেন—চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।
আহতদের মধ্যে রয়েছেন—মহেলা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং শুকুরভাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বরিশাল উজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা বড় হাটের দিন ছিল। আব্দুল মমিনের অটোভ্যানযোগে কৃষক নজরুলসহ কয়েকজন সেই হাটে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে ভাদড়া বাইপাস মোড়ে দ্রুতগতির বালুবোঝাই একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোভ্যানচালকসহ দুজন মারা যান।
চাটমোহর থানার ওসি অলিউর রহমান বলেন, ‘ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন