ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

খালি পেটে চিয়া সিড বিপদ ডেকে আনবে যাদের


খালি পেটে চিয়া সিড বিপদ ডেকে আনবে যাদের

স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের মধ্যে চিয়া সিডের জনপ্রিয়তা ব্যাপক। এটি ওজন নিয়ন্ত্রণ, কোষ্ঠকাঠিন্য দূরীকরণ, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং হৃদ্‌স্বাস্থ্য উন্নত করার জন্য অনেকেই নিয়মিত চিয়া সিড গ্রহণ করেন। এই বীজে প্রচুর পরিমাণে ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তবে, এই উপকারী বীজটি সবার জন্য সমানভাবে নিরাপদ নয়। বিশেষ করে খালি পেটে অথবা ভুলভাবে চিয়া সিড গ্রহণ করলে কিছু মানুষের শারীরিক অস্বস্তি হতে পারে।

জানুন, কোন পরিস্থিতিতে খালি পেটে চিয়া সিড খাওয়া এড়িয়ে চলা উচিত-

১. যাদের গ্যাস্ট্রিক ও পেট ফাঁপার সমস্যা রয়েছে: চিয়া সিডে প্রচুর ফাইবার থাকে। হঠাৎ করে বেশি পরিমাণে গ্রহণ করলে পেটে গ্যাস, অস্বস্তি, পেট ফাঁপা কিংবা পেটব্যথা হতে পারে। যাদের আগে থেকেই হজমের সমস্যা রয়েছে, তাদের অল্প পরিমাণে শুরু করা উচিত।

আরও পড়ুন: সকালের নাশতায় যেসব ভুল করেন অনেকেই, অজান্তেই ক্ষতি হচ্ছে শরীরের

২. যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে: চিয়া সিডের ফাইবার মল নরম করতে এবং মলত্যাগ সহজ করতে সাহায্য করতে পারে। তবে, পর্যাপ্ত পানি ছাড়া চিয়া সিড খেলে উল্টো কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি পেতে পারে। তাই শুকনো চিয়া সিড না খেয়ে যথেষ্ট পানিতে ভিজিয়ে খাওয়া উচিত।

৩. যাদের অন্ত্রের সংকোচন বা ব্লকেজের ঝুঁকি রয়েছে: যাদের অন্ত্রে সংকীর্ণতা, অন্ত্রের বাধা বা খাবার চলাচলে সমস্যা রয়েছে, তাদের চিয়া সিড খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেয়া অপরিহার্য। কারণ এটি পানি শোষণ করে ফুলে ওঠে।

৪. যাদের রক্তচাপ কম থাকে: চিয়া সিড রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে, যাদের আগে থেকেই রক্তচাপ কম অথবা যারা রক্তচাপ কমানোর ওষুধ গ্রহণ করেন, তাদের নিয়মিত বেশি পরিমাণে খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।

৫. যাদের ডায়াবেটিস রয়েছে: চিয়া সিডে থাকা ফাইবার খাবারের পর রক্তে শর্করা বৃদ্ধির গতি কমাতে সহায়তা করতে পারে। তবে, যারা ইনসুলিন বা রক্তে শর্করা কমানোর ওষুধ গ্রহণ করেন, তাদের খাদ্যতালিকায় নিয়মিত চিয়া সিড যুক্ত করলে রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করা প্রয়োজন।

আরও পড়ুন: ৫ নভেম্বর: ইতিহাসে আলোচিত ঘটনাবলী ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

৬. যাদের চিয়া সিডে অ্যালার্জি রয়েছে: চিয়া সিড খাওয়ার পর চুলকানি, ত্বকে ফুসকুড়ি, ঠোঁট বা জিহ্বা ফুলে যাওয়া কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে আর খাওয়া উচিত নয়। শ্বাসকষ্ট বা গলা ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।

৭. যাদের গিলতে সমস্যা হয়: চিয়া সিড পানি পেলে দ্রুত ফুলে জেলির মতো হয়ে যায়। তাই শুকনো চিয়া সিড সরাসরি খাওয়া বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যাদের খাবার গিলতে সমস্যা বা খাদ্যনালিতে সংকীর্ণতা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি শ্বাসনালি বা খাদ্যনালিতে আটকে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

তাহলে কীভাবে খাবেন চিয়া সিড?

১. প্রথমে ১ চা-চামচ চিয়া সিড দিয়ে শুরু করতে পারেন।

আরও পড়ুন: শায়খ আহমাদুল্লাহর জিজ্ঞাসা— সমাজ বদলানোর দায়িত্ব নেবেন কে?

২. এক গ্লাস পানিতে অন্তত ২০–৩০ মিনিট ভিজিয়ে রাখুন।

৩. পর্যাপ্ত পানি পান করুন।

৪. প্রথম থেকেই বেশি পরিমাণে খাবেন না।

৫. পেটে অস্বস্তি হলে খাওয়া বন্ধ করে কারণ বুঝতে চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: এনার্জি ড্রিঙ্কস পানে হার্টঅ্যাটাক হতে পারে!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে ব্লাড ব্যাংকের ফ্রিজ হ্যাক, তাপমাত্রা বাড়িয়ে দিল হ্যাকাররা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ এম


ফ্রান্সে ব্লাড ব্যাংকের ফ্রিজ হ্যাক, তাপমাত্রা বাড়িয়ে দিল হ্যাকাররা

ফ্রান্সের তিনটি আঞ্চলিক ব্লাড ব্যাংকের রক্ত ও প্লাজমা সংরক্ষণের হিমাগারের নিয়ন্ত্রণব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। এই হামলায় হ্যাকাররা দূর থেকে এসব হিমাগারের তাপমাত্রা ও ডিফ্রস্টিং সেটিংস পরিবর্তন করে অত্যন্ত উচ্চ পর্যায়ে নিয়ে যায়। এর ফলে সংরক্ষিত রক্তের নমুনা ও প্লাজমা নষ্ট হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়। তবে, আগাম সতর্কসংকেত পাওয়ার কারণে সংশ্লিষ্ট কর্মীরা সময়মতো ব্যবস্থা নিতে সক্ষম হয়েছেন। ফলে কোনো রক্তের পণ্য নষ্ট হয়নি।

বুধবার (৪ নভেম্বর) ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দেশটির জাতীয় রক্ত সেবা সংস্থা ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্ট (ইএফএস) এ তথ্য প্রকাশ করেছে। ইন্ডিয়া টুডের ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

যেভাবে হামলা চালানো হয়

ইএফএসের তথ্য অনুযায়ী, গত ২ নভেম্বর রাতের দিকে এই সাইবার হামলার ঘটনা ঘটে। হ্যাকাররা সরাসরি ব্লাড ব্যাংকের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেনি। বরং রেফ্রিজারেশন সরঞ্জাম সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণব্যবস্থায় দুর্বলতার সুযোগ নিয়ে হামলা চালিয়েছে।

এর ফলে তিনটি স্থাপনার হিমাগারে তাপমাত্রা ও বরফ গলানোর নির্ধারিত সীমা পরিবর্তন করা হয়। ফ্রান্সের সংবাদমাধ্যমের বরাতে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তাপমাত্রা ১১০ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ইএফএস নির্দিষ্ট কোনো তাপমাত্রার তথ্য নিশ্চিত করেনি।

হামলার বিষয়টি নজরদারি ও অ্যালার্ম ব্যবস্থায় ধরা পড়ার পর কর্মীরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। কিছু যন্ত্রের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়, আবার কিছু যন্ত্র বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সংরক্ষিত রক্তের উপাদান ও নমুনা সতর্কতামূলকভাবে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়।

রোগীদের জন্য কোনো ঝুঁকি তৈরি হয়েছে কি?

ইএফএস জানিয়েছে, এ ঘটনায় কোনো রক্তের পণ্য বা নমুনা নষ্ট হয়নি। রোগীদের স্বাস্থ্যের ওপরও কোনো প্রভাব পড়েনি। রক্ত সংগ্রহ ও বিতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত হিমাগারগুলোর দূরবর্তী নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে ঘটনার তদন্ত করছে।

ইউরোপজুড়ে রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলা

ফ্রান্সের ব্লাড ব্যাংকে হামলার ঘটনাটি ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাম্প্রতিক সাইবার হামলার সঙ্গে একই সময়ে ঘটেছে। বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডসসহ ইউরোপের কয়েকটি দেশে হ্যাকাররা সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে তাপমাত্রা পরিবর্তন করে দিয়েছে।

এর ফলে বিপুল পরিমাণ হিমায়িত ও তাজা খাবার নষ্ট হয়েছে। এর আগে অক্টোবরে ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থাও একই ধরনের হামলার শিকার হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেটের সঙ্গে যুক্ত পুরোনো সফটওয়্যার ও পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই পরিচালিত দূরবর্তী নিয়ন্ত্রণব্যবস্থা এ ধরনের হামলার ঝুঁকি বাড়ায়। তবে সাম্প্রতিক হামলাগুলোর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে সিটিব্যাংক কার্যালয়ে গোলাগুলিতে নিহত ২, হামলাকারীও অন্তর্ভুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ এম


যুক্তরাষ্ট্রে সিটিব্যাংক কার্যালয়ে গোলাগুলিতে নিহত ২, হামলাকারীও অন্তর্ভুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ব্র্যান্ডনে সিটিব্যাংকের একটি অফিসে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) অফিসের ক্যাফেটেরিয়ায় এক নিরাপত্তাকর্মী হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিরাপত্তাকর্মীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি ফ্রাঙ্ক লোসাট এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন। তিনি জানান, হামলাকারী নিরাপত্তাকর্মীর মুখোমুখি হওয়ার আগে প্রতিষ্ঠানের ভেতরে আরেকজনকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে নিরাপত্তাকর্মীর সঙ্গে হামলাকারীর গুলিবিনিময় ঘটে, যার ফলে নিরাপত্তাকর্মী আহত হন। সামান্য আঘাত পাওয়ায় আরও চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ঘটনার পর সিটিব্যাংকের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ফোনে জননিরাপত্তা সতর্কবার্তা পাঠানো হয়। এতে সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির বিষয়ে সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের এক মুখপাত্র জানান, একটি সক্রিয় হুমকির খবর পেয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। তবে সাধারণ মানুষের জন্য বর্তমানে আর কোনো হুমকি নেই।

ডাগ মেরিট নামের এক ব্যক্তি জানান, তার ছেলে সিটিব্যাংকের ভবনের ভেতরে ছিলেন। গুলির শব্দ শুনে ভবন থেকে বেরিয়ে এসে ছেলেটি তাকে ফোন করে বিষয়টি জানায়।

অ্যাসোসিয়েটেড প্রেসকে মেরিট বলেন, তার ছেলে গুলির ঘটনার খুব কাছাকাছি ছিলেন। প্রাণ বাঁচাতে নিজের সব জিনিসপত্র ফেলে রেখেই সেখান থেকে বেরিয়ে আসেন। দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে ছেলের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হচ্ছিল। ফলে প্রায় এক ঘণ্টা তিনি ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

হামলার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি। সিটিব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লোরিডায় তাদের কার্যালয়ে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তারা অবগত রয়েছে এবং এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ব্র্যান্ডনে সিটিব্যাংকের চারটি তিনতলা অফিস ভবন রয়েছে। সেখানে প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মী কাজ করেন। ব্র্যান্ডন শহরটি টাম্পার কেন্দ্রস্থল থেকে প্রায় ১৩ মাইল পূর্বে অবস্থিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের গোপন তেলবাহী জাহাজে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ এম


ইরানের গোপন তেলবাহী জাহাজে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র, ইরানের তেল পরিবহনে নিষেধাজ্ঞা এড়াতে জাল সামুদ্রিক নিবন্ধন ও সনদ দেওয়ার অভিযোগে ভারতীয় এক দম্পতি এবং তাদের সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই ব্যক্তিরা এবং প্রতিষ্ঠানগুলোকে ইরানের তেলবাহী জাহাজগুলোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত করেছে ওয়াশিংটন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্থানীয় সময় বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, "ইরান সরকারকে যারা সহায়তা করবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।"

বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, ‘অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার অভিযানের (অপারেশন ইকোনমিক আউটকাস্ট) অধীনে হয় আপনি আমাদের পক্ষে, নয়তো বিপক্ষে। আমরা জানি আপনি কোথায় আছেন। যারা ইরান সরকারকে সহায়তা অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তারা স্থল, সমুদ্র বা আকাশপথে যেভাবেই সহায়তা করুক না কেন।’

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার আওতায় আসা দম্পতির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন ভারতীয় সুনীল কুমার শর্মা এবং তার স্ত্রী জাসপ্রিত প্রীতি শাহিদ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, এই দম্পতি এমন একটি নেটওয়ার্ক পরিচালনা করতেন, যারা নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোকে জাল পতাকা ও সামুদ্রিক সনদ দিত। এই জাহাজগুলো ইরানের তেল পরিবহন করত, যার মধ্যে ইরানের সামরিক বাহিনী ও তাদের সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ব্যবহৃত জাহাজও অন্তর্ভুক্ত ছিল।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, শর্মা ও শাহিদ বিভিন্ন দেশের অনুমতি ছাড়াই সেসব দেশের পক্ষে সামুদ্রিক সেবা দেওয়ার দাবি করে ওয়েবসাইট তৈরি করেছিলেন। অভিযোগ রয়েছে, এসব ওয়েবসাইটের মাধ্যমে তারা জাল জাহাজ নিবন্ধন ও মান যাচাইয়ের সেবা প্রদান করতেন। মন্ত্রণালয়ের দাবি, অন্তত ২০১৪ সাল থেকে তাদের এসব কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে।

ওই সময় তারা ক্যারিবীয় দেশ ডোমিনিকার জাহাজ নিবন্ধন কর্তৃপক্ষের পরিচয় নকল করার চেষ্টা করেছিলেন। তাদের নেটওয়ার্ক ইরানের তেলবাহী জাহাজগুলোকে নিবন্ধন সেবা প্রদান করত, যার মাধ্যমে জাহাজগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে পারত বলে যুক্তরাষ্ট্রের দাবি।

ভারতভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানও ওই দম্পতির সঙ্গে যুক্ত হয়ে নিষেধাজ্ঞার আওতায় এসেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওশানিয়েক টেকনোলজিস ইন্ডিয়া, আর্যাবর্ত শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, প্রিসেপ্ট ট্রেন্ডস প্রাইভেট লিমিটেড, পলিনেশিয়া মেরিটাইম প্রাইভেট লিমিটেড, অ্যালেক্সারিয়া ফিনসার্ভ প্রাইভেট লিমিটেড, অ্যালেক্সারিয়া মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, বিহারাবোটিং প্রাইভেট লিমিটেড এবং আর্যাবর্ত মেরিটাইম অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ১৩৯০২ নম্বর নির্বাহী আদেশের আওতায় এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আদেশের লক্ষ্য ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো, যার মধ্যে তেল, পেট্রোকেমিক্যাল এবং বিমান পরিবহন খাত অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, আলাদা একটি পদক্ষেপে তুরস্কভিত্তিক ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেশনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের কয়েকটি বিমান সংস্থাকে বিমানবন্দরে বিভিন্ন সেবা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব বিমান সংস্থার মধ্যে রয়েছে ইরান এয়ার ট্যুর, সাহা এয়ারলাইনস, সেপেহরান এয়ারলাইনস, ভারেশ এয়ারলাইনস, তাবান এয়ারলাইনস এবং আতা এয়ারলাইনস কম্পানি।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, ইরানের বিমান পরিবহন খাতকে সহায়তা করলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা এসব বিমান সংস্থাকে সেবা দেওয়া অব্যাহত রেখেছে। এছাড়া সামুদ্রিক পরিবহন খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এতে জাল পতাকা ব্যবহার করতে পারে—এমন জাহাজের সঙ্গে ব্যবসা না করার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, জাল নিবন্ধন ব্যবহার করে জাহাজগুলো আন্তর্জাতিক নিয়মকানুন এড়িয়ে চলতে পারে।

এতে জাহাজের কর্মীদের নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার নিয়মও লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকে। ২০২৬ সালের ২৪ আগস্ট ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের এই অভিযান শুরুর ঘোষণা দেন বেসেন্ট। এর লক্ষ্য ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ আয়ের উৎসগুলোতে বাধা সৃষ্টি করা। এই অভিযানের আওতায় তেল চোরাচালান, নিষেধাজ্ঞা এড়ানো এবং অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

নতুন নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর যেসব সম্পদ যুক্তরাষ্ট্রের আইনি এখতিয়ারের মধ্যে রয়েছে, সেগুলো জব্দ করা হবে। পাশাপাশি তাদের সঙ্গে সাধারণভাবে সব ধরনের লেনদেন নিষিদ্ধ থাকবে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ অনুমতি বা নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় থাকলে লেনদেন করা যাবে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এসব নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে মার্কিন নাগরিকদের পাশাপাশি বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দেওয়ানি বা ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ এম


ইয়েমেনে সৌদির ব্যাপক হামলায় নিহত ২০

হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো দাবি করেছে যে, ইয়েমেনের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আল-জাওফ, আল-বায়দা, সা’দা ও তাইজ প্রদেশে এই হামলাগুলো চালানো হয়েছে বলে জানানো হয়েছে। খবরটি এসেছে আল জাজিরার মাধ্যমে।

হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছেন যে, হুথিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় ১০৪টি হামলা পরিচালিত হয়েছে। এই হামলাগুলোর লক্ষ্যবস্তুতে বেসামরিক স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল। তিনি জানিয়েছেন, রাজধানী সানাসহ বিভিন্ন স্থানে এসব হামলা সংঘটিত হয়েছে।

এদিকে, বুধবার ইয়েমেনের সরকারি বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে যে, তারা আল-জাওফ প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত আল-দাহিদা পর্বতমালায় আরও অগ্রসর হয়েছে। হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এই অগ্রগতি অর্জিত হয়েছে। এর আগের দিন, সরকারি বাহিনী ওই পর্বতমালার গুরুত্বপূর্ণ উচ্চভূমিগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল।

বিবৃতিতে আরো বলা হয়েছে যে, বিভিন্ন স্থানে হুথিদের সমাবেশ ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। সরকারি বাহিনী দাবি করেছে যে, এসব হামলায় হুথি যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া, বুধবার ইয়েমেনের সেনাবাহিনীর মিডিয়া বিভাগ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওগুলোতে অবরুদ্ধ তাইজ শহর ও আল-হাজম এলাকায় হুথি যোদ্ধাদের লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলার দৃশ্য দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%