শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫৬ পি.এম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গোপনে আয়োজিত একটি বাল্যবিবাহ পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় ১৪ বছর বয়সি কনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়ুলগাছি গ্রামের রফিকুল ইসলাম (কচি) তার ১৪ বছর বয়সি অপ্রাপ্তবয়স্ক মেয়ের গোপনে বিয়ের আয়োজন করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আনুষ্ঠানিকতা ও সাজানো আসরের পরিবেশ থমকে যায়।
এরই মধ্যে অতিরিক্ত মানসিক চাপ বা আতঙ্কে কনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই ইউএনও লাভলী ইয়াসমিন বিলম্ব না করে কিশোরীকে উদ্ধার করে নিজের সরকারি গাড়িতে তুলে নেন এবং দ্রুত দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা শেষে ওই দিন রাতে কিশোরী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
কিশোরীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন করা ও আইন লঙ্ঘনের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী কনের বাবা রফিকুল ইসলাম কচিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, "বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং আইনি অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং বাল্যবিবাহটি বন্ধ করি। অভিযানকালে মেয়েটি হঠাৎ অসুস্থ বোধ করলে মানবতার খাতিরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে দর্শনা মুক্তি ক্লিনিকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। পরে কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে পরিবার থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে এবং কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান মন্তব্য করেছেন যে, ফিলিস্তিন জুড়ে ইসরায়েলের আগ্রাসন এবং অবৈধ কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সাধারণ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টা কিংবা ওই অঞ্চলের বর্তমান অবস্থান (স্ট্যাটাস কো) পরিবর্তনের যেকোনো উদ্যোগকে সউদী আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা সৃষ্টি করা এবং ফিলিস্তিনি জনগণের ক্রমাগত মানবিক দুর্দশার বিষয়টিও তুলে ধরেন সউদী পররাষ্ট্রমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, মানবিক সহায়তা আটকে দেওয়াও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।
ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের ওপর জোর দিয়ে প্রিন্স ফয়সাল বিন ফারহান পুনর্ব্যক্ত করেন যে, ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ (Two-State Solution) বাস্তবায়ন করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পর্কিত থাকার সন্দেহে এক যুবককে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। তাকে পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কক্ষে রাখা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে তাকে পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ওই সময় দ্বিতীয় গেট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এক যুবককে মুঠোফোনে অন্য একজনের সঙ্গে কথা বলতে শোনা যায়। শিক্ষার্থীদের দাবি, তিনি ককটেল ও ব্যানার-পোস্টার নিয়ে আসার পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশে ককটেল বিস্ফোরণ ও ব্যানার লাগানোর বিষয়ে আলোচনা করছিলেন।
এই বিষয়টি শুনে কিছু শিক্ষার্থী যুবকটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটকের পর তার মুঠোফোন পরীক্ষা করে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুবকের একাধিক ছবি ও ভিডিও পাওয়া যায় বলে দাবি করেন আটককারীরা। তবে তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে তারা জানান।
এরপর ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী যুবকটিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসেন। সেখানে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কক্ষে রাখা হয়।
ঘটনার পর যুবকটিকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য শের আলী আরটিভিকে বলেন, ‘আমরা ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম। তখন দেখলাম, একজন ছেলে ফোনে কাউকে বলছে—আশপাশে কেউ নেই, ককটেল ও পোস্টার নিয়ে আসতে। এটা শুনে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার ফোনে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন মিছিলের ভিডিও পাওয়া যায়। আমরা পুলিশকে জানিয়েছি। তারা আসছে, তাদের হাতে তাকে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ বিভিন্ন সময় আলোচনায় এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, নতুন শিল্প-কারখানা স্থাপন এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে।
শনিবার নগরীর কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রবাসী অধ্যুষিত ও পর্যটনসমৃদ্ধ এ অঞ্চলে ব্যবসায়ীদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসলে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
মন্ত্রী আরও বলেন, অনিয়ন্ত্রিত ও অসময়ে বাণিজ্যিক মেলা আয়োজনের কারণে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। তিনি এসব অনুষ্ঠান নিয়মের আওতায় আনার তাগিদ দেন, অন্যথায় ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন।
অনুষ্ঠানে পকেট কমিটির সমালোচনা করে স্বচ্ছ নির্বাচন ও প্রকৃত ব্যবসায়ী নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। সিলেট চেম্বারসহ সব সংগঠনে কার্যকর পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না।
সিলেটে মেলা আয়োজন নিয়ে স্থানীয় ব্যবসায়ী সমাজ এবং উইমেন চেম্বারের মধ্যে দ্বিমত ও মুখোমুখি অবস্থান বিরাজ করছে। এ কারণে মেলা সুষ্ঠু নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনা নিয়ে শাসক দল, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাবুগঞ্জে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাঁদপাশা পোস্ট অফিস বাজারের একটি বন্ধ দোকানের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চাঁদপাশা পোস্ট অফিস বাজারে দুলাল মোল্লার বন্ধ দোকানের সামনে লাল কসটেপে মোড়ানো বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। ককটেলের মতো দেখতে হওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাঁরা এয়ারপোর্ট থানার পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ঘিরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তবে সেটি আদৌ ককটেল বা অন্য কোনো ধরনের বিস্ফোরক কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, "স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার করা বস্তুটি ককটেল কি না, পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।"
ওসি আরও জানান, বস্তুটি সেখানে কিভাবে এসেছে এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ