ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আনন্দঘন পরিবেশে ‘আমাদের হোসেনপুর’ ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


আনন্দঘন পরিবেশে ‘আমাদের হোসেনপুর’ ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কিশোরগঞ্জের হোসেনপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘আমাদের হোসেনপুর’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হোসেনপুর স্টেডিয়াম প্রাঙ্গণে গ্রুপটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গ্রুপের এডমিন, মডারেটরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‘সবাইকে একসূতায় বেঁধে রাখার একটি অনলাইন প্ল্যাটফর্ম’—এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ২ সেপ্টেম্বর সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্ল্যাটফর্ম হিসেবে ‘আমাদের হোসেনপুর’ ফেসবুক গ্রুপের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে গ্রুপটি হোসেনপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ফেসবুকের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে কাজ করে আসছে।
পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার খবরাখবর দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, স্থানীয় কেনাকাটার বিজ্ঞাপন, চাকরির খবর এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য বিনামূল্যে প্রচারের মাধ্যমে মানুষের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রুপটি।
অনুষ্ঠানে গ্রুপের এডমিন ও মডারেটররা বলেন, হোসেনপুরের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে ‘আমাদের হোসেনপুর’ আগামীতেও একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে।
পরে উপস্থিত সবার অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ব্যস্ততম সাথী সিনেমা হলের সামনের সড়কের নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
সম্প্রতি সড়কের নির্মাণকাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এর পরপরই ঘটনাস্থলে যান ইউএনও মো. সাইফুল ইসলাম। তিনি নির্মাণকাজে ব্যবহৃত খোয়া সরেজমিনে পরিদর্শন করেন এবং নিম্নমানের খোয়া সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেন।
এ সময় ইউএনও নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সড়কের কাজে ভালো মানের ইটের খোয়া ব্যবহার এবং নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্যস্ততম এই সড়কটি মধুপুর শহরের গুরুত্বপূর্ণ একটি পথ। সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার হলে অল্প সময়ের মধ্যেই সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারিতে সড়কের নির্মাণকাজে যথাযথ মান বজায় থাকবে এবং টেকসইভাবে কাজটি সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থই সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে: হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থই সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে: হুমায়ুন কবির

পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির

বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি উল্লেখ করেন, ‘বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় যোগ দেওয়ার পূর্বে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির আরও বলেন, ‘দেশের মানুষের জাতীয় স্বার্থকে সামনে রেখেই আমরা বৈদেশিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করছি। প্রতিটি দেশের সঙ্গে আমরা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখছি।’

আন্তর্জাতিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, ‘ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে একটি উচ্চতর পর্যায়ে পৌঁছেছে।’

প্রতিমন্ত্রী জানান, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করেছেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক “সার্বিক কৌশলগত অংশীদারত্বে” রূপ নিয়েছে।’

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সঙ্গেও বাংলাদেশের যোগাযোগ জোরদার হচ্ছে।’

তিনি জানান, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে শিগগিরই তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। ওই চিঠিতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, ‘আমরা অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছি। কারণ আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত একটি বৈধ সরকার। আমাদের ভিত্তি অত্যন্ত মজবুত।’

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই।’

শেখ হাসিনার ভারতে অবস্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে দেড় হাজারের বেশি মানুষ হত্যার সঙ্গে জড়িত ‘পলাতক সন্ত্রাসী’ শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।’ তিনি দাবি করেন, শুধু সাম্প্রতিক এক মাসে নয়, গত ১৫ বছরেও শেখ হাসিনার সময়ে অসংখ্য মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, দেশের কোটি কোটি টাকা লুণ্ঠনকারী শেখ হাসিনা বর্তমানে ভারতের মাটিতে অবস্থান করছেন। ভারতের সার্বভৌম ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করা হলে তা মেনে নেওয়া হবে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে বাংলাদেশের মাটি থেকে ভারতে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে স্থান দেব না, তেমনি ভারতের কাছ থেকেও আমরা প্রত্যাশা করি যে তারা আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে তাদের দেশে প্রশ্রয় দেবে না।’

‘জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য।’

এর আগে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেটে আসেন হুমায়ুন কবির। সিলেটে এসে তিনি হজরত শাহজালাল (র.)-এর মাজারে জুমার নামাজ আদায় করেন। পরে বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীমসহ দলীয় নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে বিয়েবাড়িতে হামলার ঘটনায় তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


ইরানে বিয়েবাড়িতে হামলার ঘটনায় তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের বিয়েবাড়িতে হামলার বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। সম্প্রতি দক্ষিণ ইরানের হরমুজ প্রণালী সংলগ্ন সিরিক কাউন্টির কুহেসতাক গ্রামে একটি আবাসিক ভবনে বিয়ের অনুষ্ঠানের সময় এই বিমান হামলা সংঘটিত হয়।

এই হামলায় আহত একজন ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে, যার মধ্যে রয়েছে একটি চার বছরের শিশু। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় প্রায় ৭০ জন আহত হয়েছেন।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ওয়াশিংটন ঘটনার সত্যতা যাচাই এবং তদন্তের কাজ করছে। তিনি বলেন, "আমরা বিষয়টি তদন্ত করছি কারণ আমরা সত্য জানতে চাই। যদি আমাদের বাহিনীর তরফ থেকে কোনো ভুল হয়ে থাকে, তবে আমরা তা থেকে শিক্ষা নিই।" তবে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী কখনও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে "যুদ্ধাপরাধ" হিসেবে চিহ্নিত করে তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্বাধীন মানবিক সংস্থাগুলো ঘটনার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সামরিক বিশেষজ্ঞরা হামলায় মার্কিন অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা উল্লেখ করলেও, মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) দাবি করেছে, তারা ঘটনার তথ্য পর্যবেক্ষণ করছে এবং তাদের মূল লক্ষ্য ছিল ওই অঞ্চলের সামরিক অবকাঠামো। এই ঘটনার ফলে পুরো অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈষম্যহীন ও শান্তিপূর্ণ দেশ গড়তে চায় সরকার: হুইপ দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


বৈষম্যহীন ও শান্তিপূর্ণ দেশ গড়তে চায় সরকার: হুইপ দুলু

নাটোর, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু উল্লেখ করেছেন যে, সরকার বৈষম্যহীন ও শান্তিপূর্ণ একটি দেশ গড়তে চায়। তিনি বলেন, "এখানে ধর্ম যার যার, বাংলাদেশ সবার।"

আজ শুক্রবার বিকেলে শহরের শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

হুইপ আরও বলেন, "শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এই পৃথিবীতে শান্তির জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য। দুষ্টের দমন আর শিষ্টের পালনই ছিলো তাঁর মূলমন্ত্র।"

তিনি জানান, "অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি শান্তির জন্য। আমি বিশ্বাস করি, যে অন্যায়-অবিচার, যে স্বৈরশাসনের বিরুদ্ধে শ্রীকৃষ্ণ সংগ্রাম করে গেছেন, সে আদর্শকে ধারণ করে আমাদের হিন্দু সমাজ, এ দেশের মানুষ আগামী দিনে এ দেশের শান্তি, গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কার্যকরি ভূমিকা পালন করবেন।"

রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, "এ দেশে ধর্মগত পার্থক্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা এক, ধর্ম যার যার, বাংলাদেশটা সবার।"

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, এবং পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%