ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

লালকেল্লায় বোমা হামলার হুমকি


লালকেল্লায় বোমা হামলার হুমকি

লালকেল্লা, দিল্লির সচিবালয় এবং দু’টি স্কুলে 'বোমা রাখা আছে' বলে অজ্ঞাতপরিচয়ে এক দুষ্কৃতীর দেওয়া হুমকির পর নিরাপত্তা জোরদার করা হয়। পুরো এলাকা তল্লাশি শেষে পুলিশ জানায়, এটি ছিল ভুয়া হুমকি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) এক ব্যক্তি মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে লাল কেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর মুম্বাই পুলিশ বিষয়টি দ্রুত দিল্লি পুলিশকে জানায়।

খবর পেয়ে উত্তর দিল্লি জেলা পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা তল্লাশি চালায়। কিন্তু কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু না পাওয়ায় পুলিশ হুমকিটিকে ভুয়া বলে ঘোষণা করে।

আরও পড়ুন: স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

এটা উল্লেখযোগ্য যে, প্রায় আট মাস আগে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন। ওই ঘটনার জন্য কাশ্মীরভিত্তিক একটি জঙ্গি চক্রের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তদন্তে আল-কায়েদা-ঘনিষ্ঠ সংগঠন আনসার গাজওয়াতুল হিন্দের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।

এছাড়া, চলতি বছরের মে মাসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পলাতক ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

তদন্তকারীদের দাবি, তারা দিল্লি, মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। তাদের সম্ভাব্য লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, বিমানবন্দর, রেলস্টেশন এবং বিদ্যুৎকেন্দ্র। সূত্র: এনডিটিভি।

আরও পড়ুন: ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে পানি কমায় ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


মৌলভীবাজারে পানি কমায় ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন

 

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বন্যাকবলিত এলাকা থেকে ধীরগতিতে কমতে শুরু করেছে বন্যার পানি। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষত চিহ্ন।

ক্ষতির মধ্যে রয়েছে কৃষকের আমন ধান, আউশ আবাদের বীজতলা ও গ্রামীণ রাস্তা-ঘাট। এছাড়াও বন্যাকবলিত এলাকায় পুকুর ডোবা ও নলকোপ ডোবে যাওয়ার কারণে এসব এলাকায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট।

রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর গ্রামের শিব্বির আহমেদ জানিয়েছেন, বন্যার পানিতে আমাদের ফসলি জমিসহ বিভিন্ন ক্ষতি হয়েছে যা পুষিয়ে উঠা আমাদের জন্য অনেক কষ্টের। দুইশ ফুটের ভাঙন দিয়ে পানি প্রবেশ করে আমাদের এলাকায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙনের পানি লোকালয়ে প্রবেশ করে পানিবন্দি মানুষেরও একই চিত্র।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, দুই উপজেলার পানিবন্দি মানুষের মধ্যে এখন পর্যাপ্ত ১৭৫০ পেকেট শুকনো খাবার, রান্না করা খাবার ও ১১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক খালিদ বিন ওয়ালিদ জানান, জেলার প্রধান নদী থেকে ধীর গতিতে পানি কমতে শুরু করেছে। উপরের বৃষ্টির থেমে গেলে আশা করি বন্যা নিয়ন্ত্রণে চলে আসবে।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসন থেকে পাওয়া শুকনো খাবার বিতরণ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রায় ১৪ হাজার গাড়ি বাজার থেকে ফিরিয়ে নিচ্ছে নিশান অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


প্রায় ১৪ হাজার গাড়ি বাজার থেকে ফিরিয়ে নিচ্ছে নিশান অস্ট্রেলিয়া

নিশান অস্ট্রেলিয়া প্রায় ১৪ হাজার গাড়ি ফেরত নিচ্ছে।

জাপানি বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিশান। এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে তাদের জনপ্রিয় এসইউভি মডেল নিশান এক্স-ট্রেইল দিয়ে পরিচিত।

তবে हालিই, সেই এক্স-ট্রেইল নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে, যার কারণে নিশান অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে, গাড়ির ব্যাটারির একটি সফটওয়্যার সমস্যার কারণে এক্স-ট্রেইল ই-পাওয়ার মডেলের প্রায় ১৪ হাজার গাড়ি ফেরত (রিকল) নেয়া হচ্ছে।

ফেরত নিতে যাওয়ার ঘোষণায় বলা হয়েছে, “লিথিয়াম-আয়ন ব্যাটারি কন্ট্রোলারের সফটওয়্যার সমস্যার কারণে গাড়িটি চালানোর সময় অথবা চালক যখন রিজেনারেটিভ ব্রেকিং ব্যবহার করবেন, তখন এটি ‘ফেইল-সেফ’ মোডে চলে যেতে পারে। ফলে গাড়িটি চলনশক্তি হারাতে পারে এবং ব্যাটারি চার্জ হওয়া বন্ধ হয়ে যেতে পারে।

গত বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘চলন্ত অবস্থায় হুট করে শক্তি হারিয়ে ফেলা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, যা গাড়ির আরোহী এবং পথচারীদের মারাত্মক আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে।’ ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে তৈরি মোট ১৩ হাজার ৭৯৫টি এক্স-ট্রেইল ই-পাওয়ার গাড়ি এই ত্রুটির আওতায় পড়েছে।

বর্তমান চতুর্থ প্রজন্মের এক্স-ট্রেইলের জন্য এটিই প্রথম রিকল। এ ছাড়াও, গত এক দশকেরও বেশি সময়ে এই জনপ্রিয় এসইউভির ক্ষেত্রে এটি প্রথম রিকল ঘটনা।

এর আগের প্রজন্মের মডেলটি পেছনের দরজার লকের ত্রুটির কারণে ফেরত নেয়া হয়েছিল। এক্স-ট্রেইল হচ্ছে নিশান অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল, যা চলতি বছরে তাদের প্যাট্রোল অফ-রোডার এবং নাভারা ইউটের চেয়েও বেশি বিক্রি হয়েছে।

নিশান জানিয়েছেন, ‘ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মালিকদের সঙ্গে নিশান যোগাযোগ করবে। সফটওয়্যারটি বিনা মূল্যে রিপ্রোগ্রামিং করিয়ে নেওয়ার জন্য তাদের নিকটস্থ অনুমোদিত নিশান ডিলারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা মোকাবিলায় জরুরি স্বাস্থ্য নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বন্যা মোকাবিলায় জরুরি স্বাস্থ্য নির্দেশনা জারি

দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলা ও দুর্গত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছে।

আজ শনিবার, ১১ জুলাই ২০২৬, অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সকল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।

অন্যদিকে, ১০ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বন্যাকবলিত প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগে অবিলম্বে ফোকাল পারসন মনোনয়ন দেওয়া হবে। এই ফোকাল পারসন স্থানীয় কন্ট্রোল রুম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে কাজ করবেন। এদিকে, দুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে আক্রান্ত এলাকায় দ্রুত মেডিকেল টিম গঠন করতে বলা হয়েছে।

পর্যাপ্ত জরুরি ওষুধ, ওআরএস, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার সময় সাপের উপদ্রব বিবেচনায় পর্যাপ্ত অ্যান্টি-স্নেক ভেনম সংরক্ষণ করতে হবে।

স্থানীয়ভাবে সংকট দেখা দিলে, পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সরবরাহ নিশ্চিত করতে হবে। গর্ভবতী নারী এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রয়োজনে প্রসূতিদের সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে স্থানান্তর করতে পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে সমন্বয় করা হবে। এদিকে, বন্যা পরিস্থিতি এবং স্বাস্থ্যসেবা নিয়ে নিয়মিত গণমাধ্যমকে অবহিত করতে হবে। ১২ জুলাই এই বিষয়ে একটি জরুরি প্রেস ব্রিফিং আয়োজনের নির্দেশনা রয়েছে।

নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে বন্যাকবলিত এলাকার সব হাসপাতালে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ এবং অন্য কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের ছুটি বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো জরুরি ভিত্তিতে কার্যকর করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ২১টি ট্যাংকারে হামলার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


রাশিয়ার ২১টি ট্যাংকারে হামলার দাবি ইউক্রেনের

আজভ সাগরে রাশিয়ার ২১টি তেলবাহী জাহাজে রাতভর ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স রিপোর্টে জানাচ্ছে, দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে অবস্থানরত রুশ বাহিনীকে জ্বালানি সরবরাহ ব্যাহত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, ট্যাংকারগুলোর সাথে ৪টি টাগবোট, ২টি কার্গো জাহাজ এবং একটি ড্রেজারেও হামলা পরিচালনা করা হয়েছে। ইউক্রেনের দাবির ভিত্তিতে বলা হয়েছে, এসব জাহাজ রাশিয়ার সামরিক রসদ পরিবহন এবং বন্দর অবকাঠামোকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, কিয়েভে শনিবার ভোরে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার ফলে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা এমন একটি সময়ে ঘটলো, যখন ইউক্রেন নতুন আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের জন্য অপেক্ষা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে কিয়েভ রুশ হামলার মুখে আরো বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমান হামলার সতর্কতা জারি হওয়ার পূর্বে শনিবার ভোরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্র: কিয়েভ পোস্ট, মস্কো টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%