০২:৩৪ পি.এম
জীবনে অনেক ভুল কাসেমিরো শুধরে নিয়েছেন। তবে একটি ভুল তিনি কখনো ঠিক করতে চান না, সেটি হচ্ছে তার জার্সিতে থাকা নামের বানান।
কাসেমিরোকে যে ভুলটা করতে হয়েছিল, তা কিন্তু তিনি নিজে করেননি। বরং, এই ভুল করেছে তার শৈশবের ক্লাব সাও পাওলো। ৩৪ বছর বয়সী এই তারকার পুরো নাম হচ্ছে কার্লোস হেনরিকে জোসে ফ্র্যান্সিসকো ভেনাসিও কাসেমিরো (Carlos Henrique Jose Francisco Venancio Casimiro)।
২০০২ সালে সাও পাওলোতে যোগ দেওয়ার সময় ক্লাব তার নামে একটি জার্সি বানায়। কিন্তু সেখানে ‘Casimiro’ এর পরিবর্তে ‘Casemiro’ ফোঁটানো হয়। প্রথম দিকে বিষয়টি কাসেমিরোর কাছে খারাপ লাগলেও, ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার পর তিনি নাম পরিবর্তন করতে চাননি। এই ভুল নাম নিয়েই তিনি বর্তমানে ব্রাজিল, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং এখন ইন্টার মায়ামিতে খেলছেন।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
নামের বানান নিয়ে ইতালির সংবাদ মাধ্যম লা রিপাবলিকাকে কাসেমিরো বলেছেন, ‘সবার কাছে আমি আজীবন ‘কাসেমিরো’ (Casemiro) হয়ে থাকব। সব দোষ সাও পাওলোর! ব্যাপারটা শুরু হয়েছিল তখন, যখন আমি সাও পাওলোর হয়ে আমার প্রথম ম্যাচ খেলছিলাম। আমি এই ক্লাবের বয়সভিত্তিক দল থেকে উঠে মূল দলে খেলেছি (২০০২ থেকে ২০১৩ পর্যন্ত)। তারা দুর্ঘটনাবশত আমার জার্সিতে নামের বানান ‘i’-এর জায়গায় ‘e’ লিখেছিল। আর সেই ম্যাচে আমি দারুণ খেলেছিলাম!’
কাসেমিরো কুসংস্কারের বিষয়টিও তুলে ধরেছেন বানান ঠিক না করার পেছনে। ব্রাজিলের মিডফিল্ডার বলেছেন, ‘আমি খুবই কুসংস্কারাচ্ছন্ন একজন মানুষ। তাই ক্লাবকে বলেছিলাম, বানান আর বদলানোর দরকার নেই। যেভাবে চলছে বেশ ভালোই তো চলছে! ওটা ছিল স্রেফ একটা ম্যাচের ভুল, আর এখন সেই নামটাই সারা জীবনের জন্য বহন করছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন