ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আর্জেন্টিনা-কেপ ভার্ডে ম্যাচের আগে সতর্কতা জারি


আর্জেন্টিনা-কেপ ভার্ডে ম্যাচের আগে সতর্কতা জারি

বিশ্বকাপের মহারণ শুরু হতে চলেছে। আর্জেন্টিনা ও কেপ ভার্ডে মুখোমুখি হতে যাচ্ছে। মাঠে উত্তাপ যখন ফুটবলপ্রেমীদের ছুঁয়ে যাচ্ছে, তখন প্রকৃতি বাগড়া দিয়েছে। রাউন্ড অব থার্টি-টুর এই ম্যাচটি মাঠে গড়ানোর মাত্র কয়েক ঘণ্টা আগে মায়ামি শহরে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

সব ঠিক থাকলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় আজ রাত ৪টা) রেফারি শুরুর বাঁশি বাজাবেন। কিন্তু ফুটবলারদের পায়ের জাদুর আগেই মায়ামির আকাশে শুরু হয়েছে মেঘ-রোদের কানামাছি খেলা। আজ সকাল থেকেই শহরটির আকাশ ছিল মেঘলা, মাঝেমধ্যে ধূসর মেঘের চোখ রাঙানিও দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিকালে আর্দ্রতা বাড়ার পাশাপাশি সাময়িক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আসল ভয়ের কারণ বৃষ্টি বা ঝড় নয়, আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মূলত ‘বজ্রপাত’।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান গুমোট পরিস্থিতির কারণে ম্যাচের আগের সময়টায় আবহাওয়ার ওপর কড়া নজর রাখছে কর্তৃপক্ষ। মার্কিন প্রশাসনের প্রোটোকল বেশ কঠোর। স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি একবারও বিজলি চমকায় বা বজ্রপাত শনাক্ত হয়, তবে সঙ্গে সঙ্গে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত করতে হবে। মাঠ থেকে ফুটবলারদের সরিয়ে নেওয়ার পাশাপাশি গ্যালারির দর্শকদেরও পাঠানো হবে নিরাপদ আশ্রয়ে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

ভয়াবহতার এখানেই শেষ নয়। ওই ৩০ মিনিটের মধ্যে যদি দ্বিতীয়বার বজ্রপাত ঘটে, তাহলে সময় গণনা (ক্লক) আবার শূন্য থেকে শুরু হবে। অর্থাৎ, ম্যাচ ঠিক কতক্ষণ বন্ধ থাকবে, তা বলা পুরোপুরি অসম্ভব। সবকিছু তখন প্রকৃতির ইশারায় ঝুলতে পারে। স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসলে খেলা যদি আবার শুরু হয়, তবে মাঠে নামার আগে ফুটবলারদের গা গরম করার জন্য মাত্র ৫ মিনিট সময় দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিহত খামেনির প্রতি শেষ শ্রদ্ধা, ইরানে শুরু হলো এক সপ্তাহব্যাপী কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৬ এম


নিহত খামেনির প্রতি শেষ শ্রদ্ধা, ইরানে শুরু হলো এক সপ্তাহব্যাপী কর্মসূচি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। এর মধ্যে দিয়ে রাজধানী তেহরানে একটি সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে খামেনির মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো কফিনে রাখা হয়। কালো পোশাক পরিধান করা শোকাহত মানুষ কাঁধে করে তার কফিন বহন করেন। তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের নেতৃত্ব দেওয়া এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানকার স্থানীয় জনগণের বিপুল সমাগম ঘটে।

ইরানি কর্তৃপক্ষের আশাবাদ, আগামী সপ্তাহে দাফনের আগে অনুষ্ঠিত জনশোক ও শোকযাত্রায় লাখো মানুষ অংশ নেবেন। খামেনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের যৌথ হামলায় নিহত হন, তার বয়স ছিল ৮৬ বছর।

খামেনির কফিনের পাশে রাখা হয়েছে তার তিন বছর বয়সি নাতনি, জ্যেষ্ঠ কন্যা, জামাতা এবং পুত্রবধূর কফিনও। ইরানের দাবি অনুযায়ী, তারাও ২৮ ফেব্রুয়ারির একই হামলায় নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। এ ছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ভাহিদিও যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে এসে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৯ এম


ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

ফ্রান্সে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশিসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন উদ্বেগের খবর এসেছে। দেশটির সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসন-সহায়তা নীতিতে পরিবর্তন এনে অ-ইইউ শিক্ষার্থীদের একটি বড় অংশকে সরকারি আবাসন ভাতা (এপিএল) কর্মসূচির বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ফ্রান্সের উচ্চশিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (ইইএ) এবং সুইজারল্যান্ডের বাইরের যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী ক্রুসের সামাজিক বৃত্তি পান না, তারা আর কাফের মাধ্যমে দেওয়া এপিএল আবাসন ভাতার জন্য যোগ্য থাকবেন না।

এতদিন ফ্রান্সে পড়তে যাওয়া অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী মাসিক বাসাভাড়ার একটি অংশ সরকারি সহায়তা হিসেবে পেতেন। শহর ও বাসস্থানের ধরন অনুযায়ী এই সহায়তা অনেকের জন্য উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি এনে দিত। নতুন নীতির ফলে সেই সুবিধা হারিয়ে অনেক শিক্ষার্থীর মাসিক ব্যয় বেড়ে যাবে।

ফরাসি সরকারের ভাষ্য, সরকারি ব্যয় আরও কার্যকরভাবে পরিচালনা এবং সামাজিক সহায়তা প্রকৃত প্রয়োজনীয়দের মধ্যে কেন্দ্রীভূত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা আগের মতোই আবাসন ভাতা পাবেন। একই সঙ্গে ক্রুসের সামাজিক বৃত্তিপ্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এই সুবিধার আওতায় থাকবেন।

শিক্ষা বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ওপর। কারণ, এসব দেশের অনেক শিক্ষার্থী নিজস্ব অর্থায়নে ফ্রান্সে পড়তে যান এবং আবাসন ভাতার ওপর আংশিকভাবে নির্ভরশীল থাকেন। ফলে নতুন নীতি কার্যকর হওয়ার পর তাদের মাসিক জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, এ সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে ফ্রান্সে পড়াশোনার পরিকল্পনা করা শিক্ষার্থীদের অতিরিক্ত আর্থিক প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশে উচ্চশিক্ষার সুযোগ খোঁজার প্রবণতাও বাড়তে পারে।

তবে ফরাসি সরকার জানিয়েছে, আবাসন ভাতার নিয়ম পরিবর্তন হলেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ক্রুস পরিচালিত আবাসন, স্বল্পমূল্যের খাবার এবং অন্যান্য সামাজিক সহায়তা কর্মসূচি আগের মতোই চালু থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের সৌদি আরবে হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৪ এম


হুথিদের সৌদি আরবে হামলার হুমকি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে। তারা জানিয়েছে, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা কোনো ধরনের উস্কানিমূলক আগ্রাসন চালানো হলে সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনায় ভয়াবহ হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। হুথিদের পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ জুন) ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে একটি ইরানি বেসামরিক যাত্রীবাহী বিমানকে বাধা দেওয়ার জন্য সৌদি আরবের কয়েকটি যুদ্ধবিমান জোরপূর্বক পদক্ষেপ নিচ্ছিল। হুথি বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদির যুদ্ধবিজ্ঞানগুলোর মুখোমুখি হয়ে তাদের প্রতিহত করতে উদ্যোগ নেয়।

হুথি নেতৃত্ব জোর দিয়ে বলেছে, এই ঘটনার ফলে তাদের দেশের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এসেছে। তারা জানিয়েছে, সৌদির যেকোনো উস্কানি বা আগ্রাসনের প্রতি তারা প্রস্তুত। তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ইউনিট পুরোপুরি প্রস্তুত রয়েছে, বিশেষ করে সৌদির অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পদ এবং বেসামরিক বিমানবন্দরগুলো এখন তাদের প্রধান লক্ষ্য।

বিগত কয়েক বছরে রিয়াদ ও সানার মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলছিল। কিন্তু সাম্প্রতিক এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনাকে আবারও চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। এই নতুন সংঘাত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির পরিস্থিতিকে আরও জটিল করবে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে সৌদি আরবের সামরিক বা কূটনৈতিক পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশিদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:২২ এম


কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশিদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে চায়

বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতার বাণিজ্যিক অঞ্চলগুলোতে ব্যবসায় ধ্বস দেখা দিয়েছে।

দীর্ঘ দুই বছরের বিরতির পর অবশেষে ভারতীয় পর্যটন ভিসা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। কলকাতার তথাকথিত ‘মিনি বাংলাদেশ’ এলাকার ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশের পর্যটকদের জন্য পণ্যের দাম ও সেবামূল্য যৌক্তিক ও ন্যায্য রাখার একটি অভূতপূর্ব ঘোষণা করেছেন। ব্যবসায়ীদের মতে, গত দুই বছরের ব্যবসায়িক ক্ষতি এক ঢিলে পুষিয়ে নেওয়ার আগে ক্রেতাদের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা এখন অন্যতম গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা চালুর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কলকাতার মারকুইস স্ট্রিট, সাডার স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং কলিন স্ট্রিট এলাকার হোটেল, রেস্তোরাঁ, খুচরা দোকান ও বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোর মালিকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এই বাণিজ্যিক অঞ্চলটি মূলত বাংলাদেশ থেকে আসা দর্শনার্থীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

সম্প্রতি কলকাতার আতিথেয়তা, পরিবহন, বৈদেশিক মুদ্রা এবং বাণিজ্য খাতের অংশীদারদের নিয়ে আয়োজিত এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত দুই বছর ধরে চলা চরম অর্থনৈতিক মন্দার পর ব্যবসায়ীদের এই মানসিকতার পরিবর্তনকে ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভিসা চালুর খবরের মাধ্যমে বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি হলেও ব্যবসায়ীরা সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমানে অতিরিক্ত দাম বা ভাড়া আদায় করে তারা পর্যটকদের তাড়িয়ে দিতে চান না। কারণ বর্তমানে বাংলাদেশি পর্যটকদের সামনে অন্য দেশে ভ্রমণের একাধিক বিকল্প পথ খোলা রয়েছে।

এ প্রসঙ্গে ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান জানিয়েছেন, গত দুই বছর তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তবে রাতারাতি সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার ভাবনা বর্তমানে তাদের নেই। তিনি বলেছেন, "যদি পর্যটকরা এসে দেখেন যে তারা ন্যায্য মূল্যে সঠিক সেবা ও পণ্য পাচ্ছেন, তবে তারা বারবার কলকাতায় ফিরে আসবেন এবং অন্যদেরও আসতে উৎসাহিত করবেন। এই দীর্ঘমেয়াদি সুনাম ও সদ্বিচ্ছা সাময়িক আর্থিক লাভের চেয়েও মূল্যবান।"

একই সুর শোনা গেছে ক্যালকাটা হোটেলস, গেস্ট হাউসেস অ্যান্ড রেস্টুরেন্টস ওনার্স অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক আফাক শামিমের কণ্ঠেও। তিনি বলেন, "আমরা বাংলাদেশি পর্যটকদের কলকাতায় আন্তরিক স্বাগত জানাচ্ছি এবং অতীতের মতোই ন্যায্য মূল্যে সেরা সেবা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। উভয় পক্ষের জন্য কল্যাণকর এই দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য।"

উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ও অস্থিরতার কারণে ভারতীয় পর্যটন ভিসা স্থগিত করা হয়েছিল। যার ফলে কলকাতার এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছিল। যে হোটেল কক্ষগুলোর ভাড়া আগে প্রতি রাতে প্রায় ২,০০০ রুপি ছিল, পর্যটক সংকটে তা কমিয়ে ৯০০ থেকে ১,০০০ রুপি করতে বাধ্য হন মালিকরা। তারপরও হোটেলগুলোর প্রায় ৭৫ শতাংশ কক্ষ খালি পড়ে থাকত।

একইভাবে, কলকাতার বিখ্যাত নিউ মার্কেট এলাকায় ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেখানে বিক্রির একটি বড় অংশ বাংলাদেশিদের হাত ধরে আসছিল। স্থানীয় ব্যবসায়ী সমিতির হিসাব অনুযায়ী, শুধুমাত্র এই ‘মিনি বাংলাদেশ’ এলাকাতেই গত দুই বছরে ১,০০০ কোটি রুপি লোকসান হয়েছে।

এই বিশাল ক্ষয়ক্ষতির ধাক্কা সামলে উঠে ‘মিনি বাংলাদেশ’ অঞ্চলের ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য এখন শুধুমাত্র ব্যবসার পরিধি বাড়ানো নয়, বরং কলকাতাকে আবারও একটি সাশ্রয়ী, নিরাপদ ও বন্ধুবৎসল পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%