০১:০৮ পি.এম
মাগুরায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য সরিষা ও মসুরের উৎপাদন বৃদ্ধি করা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর-এর আয়োজনে ১৫ নভেম্বর (রোববার) বিকেলে সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনহাটী ঢালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটি উপপরিচালক মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে স্বাগত বক্তব্য প্রদান করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরু এ নবী।
আরও পড়ুন: লালমনিরহাটে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড
মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর তাৎক্ষণিক সমাধানের বিষয়ে আলোচনা করেন। তিনি সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দেন যে, আগামী ১ ডিসেম্বরের মধ্যে ভাবনহাটী ও খানাবাড়ীতে কৃষকদের সঙ্গে সার বিতরণ করতে হবে।
জেলা প্রশাসক বলেন, "কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই সবসময় কৃষকদের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করা হবে।"
বিশেষ অতিথি হিসেবে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার বলেন, "কৃষকরা কার্ড হাতে পেলে খুব সহজেই সরকারি কৃষি সুবিধা পাবেন। আমরা প্রত্যাশা করি, কৃষকরা যেন তাঁদের উৎপাদিত পণ্য সহজে ও ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন।"
অনুষ্ঠানে কৃষকদের পক্ষে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রভাষক মিজানুর রহমান এবং কৃষক দল নেতা সুজন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাহেব আলী, তারিকুল ইসলাম, নওয়াব আলী জমাদ্দার ও সুবির কুমার ঘোষ প্রমুখ।
আরও পড়ুন: চিতলমারীতে চিংড়ি ঘেরের পাড়ে আগাম টমেটো চাষ, ফলন ভালো দাম বেশি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন