১২:০৫ পি.এম
জয়পুরহাটের পাঁচবিবিতে সব ধরনের মাটিতে উৎপাদন হওয়া এবং অল্প শ্রম ও খরচের কারণে তিল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। বাজারমূল্য সন্তোষজনক হওয়ায় তাঁরা পতিত জমি ও রাস্তার ধারে তিল চাষ করে লাভবান হওয়ার প্রত্যাশা করছেন।
তিল শুধুমাত্র একটি ফসল নয়, এর বহুমুখী ব্যবহার রয়েছে। ভোজ্য তেল এবং তরকারি হিসেবে তিলের চাহিদা বাড়ছে। তিল থেকে তৈরি নাড়ু, খাজা, মোয়া প্রভৃতি মুখরোচক খাবারও জনপ্রিয় হয়ে উঠেছে। তাছাড়া প্রসাধনী শিল্পেও তিলের তেল ব্যবহৃত হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা ভালো ফলনের আশা করছেন।
পাঁচবিবি উপজেলা কৃষি অফিসে তিল চাষের সঠিক পরিসংখ্যান নেই, তবে চলতি মৌসুমে উপজেলার বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর ও বালিঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৫ হেক্টর পতিত জমি, রাস্তার পাশের জায়গা ও জমির আইলে প্রচুর তিল চাষ করা হয়েছে।
আরও পড়ুন: নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ, কৃষকরা দিশেহারা
তিল চাষে খরচ খুব কম। প্রতি বিঘা তিল চাষে হালচাষ ও সারসহ প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হয়। কৃষকরা জানান, প্রতি বিঘা জমি থেকে ৩ থেকে ৪ মণ তিল পাওয়া যায়। বাজারে মান অনুযায়ী প্রতি মণ তিল ১০ হাজার থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার দমদমা গ্রামের তিল চাষি আনিছুর রহমান জানান, তিনি প্রতিবছর অনাবাদি জমিতে তিল চাষ করেন। অন্যান্য ফসলের তুলনায় সেখানে তিল চাষ করে তিনি মোটামুটি লাভবান হন। তাই এবছরও ৩ বিঘা জমিতে তিল চাষ করেছেন। তিনি বলেন, "তিল চাষে সার ও কীটনাশক তেমন লাগে না বললেই চলে। গরু-ছাগলে তিল তেমন একটা খায় না, তাই রক্ষণাবেক্ষণে খরচ হয় যৎসামান্য।"
ধরঞ্জী গ্রামের তিল চাষি আমিনুল ইসলাম বলেন, "আমি প্রায় এক বিঘা জমির চারদিকে আইলে তিল বুনেছি। মাঝে অন্যান্য সবজি রয়েছে। তিলের গাছ জমির বেড়া হিসেবে কাজ করে। এ কারণে ক্ষেতে গরু-ছাগল প্রবেশ করতে পারে না।" তিনি আরও বলেন, "লাঠি বা বাঁশ দিয়ে ঘের দিলে অনেক টাকা খরচ হতো। তিল লাগালে সেটার আর প্রয়োজন হয় না।"
কাঁচনা গ্রামের কৃষক ইমরান আলী জানান, অন্যান্য ফসল তেমন না হওয়ায় ১৬ শতক জমিতে তিল চাষ করেছেন। তিনি জানান, বাড়িতে সারা বছর ভর্তা হিসেবে খাওয়ার জন্য রেখে বাকিটা বিক্রি করবেন।
আরও পড়ুন: রায়পুরে ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের সম্ভাবনা
উপজেলার চকশিমুলিয়া গ্রামের শ্রী নরেশ দাস বলেন, তাঁর কোনো জমি না থাকলেও আধা কিলোমিটার রাস্তার দুপাশে তিল বুনেছেন। তিনি জানান, "বেশ ভালো তিল হয়েছে।"
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ বলেন, "উপজেলায় ২০২৫-২৬ খরিপ-২ মৌসুমে ১৫ হেক্টর জমিতে তিলের চাষাবাদ হয়েছে। তিল ফসল মূলত বসতবাড়ির আশপাশে, রাস্তার ধারে, পুকুরপাড়ে, ফসলের জমির আইলে এবং কিছুসংখ্যক জমিতে মাঠফসল হিসেবে চাষাবাদ হয়। প্রতি বিঘায় ৩ থেকে সাড়ে ৩ মণ হারে ফলন পাওয়া যায়। এ ফসলে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ এবং পরিচর্যা খরচ কম। তাই উৎপাদন খরচ অন্যান্য ফসলের তুলনায় অনেক কম। বর্তমান সময়ে বাজারমূল্য ভালো পাওয়া এবং স্থানীয় পর্যায়ে ও বাইরের জেলাগুলোতে ব্যাপক চাহিদা থাকায় কৃষক পর্যায়ে তিলের আবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন