ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

কৃষি মন্ত্রণালয়: সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’


কৃষি মন্ত্রণালয়: সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’

কৃষি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য এবং বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে।

মন্ত্রণালয় সাধারণ জনগণকে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করতে আহ্বান জানিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই আহ্বানটি প্রকাশিত হয়।

আরও পড়ুন: কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ, পালিয়ে যায় দুর্বৃত্তরা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা নেই বলে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈর বাজারে বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগের শিকার সাধারণ মানুষ ও ক্রেতারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


কালিয়াকৈর বাজারে বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগের শিকার সাধারণ মানুষ ও ক্রেতারা

এক ফোঁটা স্বস্তির বৃষ্টি। গরমের পর একটু ঠান্ডা বাতাস। মানুষ ভেবেছিল, কিছুটা স্বস্তি মিলবে। কিন্তু সেই স্বস্তির বৃষ্টি কালিয়াকৈর বাজারের মানুষের জন্য চরম দুর্ভোগে পরিণত হয়েছে। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজারে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় বাজারের রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতেই বাজারের প্রধান সড়ক, অলিগলি, দোকানের সামনে পানি জমে গেছে। রাতের কালিয়াকৈর বাজারের রাস্তা যেন নদী হয়ে গেছে। হাঁটু সমান পানি। সেই পানির মধ্য দিয়েই চলছে প্রাইভেট কার, মোটরসাইকেল, রিকশা, ভ্যান। গাড়ির চাকা ডুবে যাচ্ছে পানিতে। হেডলাইটের আলোয় পানির ঢেউ চিকচিক করছে। দোকানের শাটারের সামনে থই থই করছে ময়লা পানি।

বৃষ্টির সময় একজন স্থানীয় বলছিলেন, "একটু বৃষ্টিতে কালিয়াকৈরের অবস্থা।" তার কণ্ঠে ছিল ক্ষোভ, হতাশা। আসলে একটু বৃষ্টিতেই কালিয়াকৈর বাজারের এই অবস্থা নতুন নয়। এটি কালিয়াকৈর বাজারের চিরপরিচিত চিত্র। বৃষ্টি হলেই পানি, পানি হলেই দুর্ভোগ।

বাজারে আসা ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। প্যান্ট গুটিয়ে, জুতা হাতে নিয়ে, পানি ভেঙে বাজার করতে হচ্ছে তাদের। নারী, শিশু, বৃদ্ধ - কেউই এই পানি থেকে রেহাই পাচ্ছেন না। একজন ক্রেতা বলেন, "বাজার করতে আসছিলাম। আইসা দেখি রাস্তায় হাঁটু পানি। জুতা ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে। বাজারের ব্যাগ নিয়ে পানি ভেঙে যাওয়া যায়?"

আরেকজন বলেন, "সামান্য বৃষ্টি হইলেই যদি এই অবস্থা হয়, তাহলে ভারী বৃষ্টি হইলে কি হবে? বাজার তো পুরা ডুইবা যাইবো।"

দোকানদাররাও ক্ষতিগ্রস্ত। দোকানের সামনে পানি জমে থাকায় ক্রেতারা দোকানে ঢুকতে পারছেন না। অনেক দোকানে পানি ঢুকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মালামাল নষ্ট হওয়ার ভয়। একজন দোকানদার বলেন, "বৃষ্টি হইলেই আমাদের ব্যবসা শেষ। কাস্টমার আসতে পারে না। পানি দোকানে ঢুইকা যায়। আমরা কয়বার বললাম ড্রেন পরিষ্কার করেন।"

স্থানীয়দের অভিযোগ, কালিয়াকৈর বাজারের ড্রেনেজ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। স্থানীয়দের অভিযোগ-

১. বাজারের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরা, পানি যাওয়ার জায়গা নেই।

২. পলিথিন, প্লাস্টিক, বাজারের ময়লা ফেলে ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

৩. রাস্তা নিচু, ড্রেন উঁচু - পানি নামার কোনো সুযোগ নেই।

৪. নতুন ভবন হচ্ছে, কিন্তু পানি নিষ্কাশনের কোনো পরিকল্পনা নেই।

৫. বছরের পর বছর সংস্কার হয় না, শুধু আশ্বাস দেওয়া হয়।

কালিয়াকৈর বাজারের সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন - এই সমস্যার স্থায়ী সমাধান কবে মিলবে? কালিয়াকৈর বাজারের সব ড্রেন দ্রুত পরিষ্কার করতে হবে। পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। বাজারের রাস্তা উঁচু করে সংস্কার করতে হবে। ড্রেনে ময়লা ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পৌরসভা ও উপজেলা প্রশাসনকে নিয়মিত তদারকি করতে হবে।

একজন বয়স্ক ব্যবসায়ী বলেন, "আমরা আর আশ্বাস চাই না, কাজ চাই। বৃষ্টি হইলে বাজার ডুববে, এইটা কালিয়াকৈরের নিয়তি হইতে পারে না। কালিয়াকৈর বাজার শুধু একটা বাজার নয়, এটা লাখ লাখ মানুষের জীবিকা, হাজার হাজার পরিবারের ভরসা। এই বাজার যদি একটু বৃষ্টিতেই ডুবে যায়, তাহলে কালিয়াকৈরের উন্নয়ন হবে কিভাবে?"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনা ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তাজনূভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


হাসিনা ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তাজনূভা

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে যেকোনো গুরুতর পরিস্থিতির ক্ষেত্রে সরকার এবং সব রাজনৈতিক পক্ষ একত্রে বসবে বলে বিশ্বাস করেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তিনি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সরকারের বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন এবং নাশকতার হুমকি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। জনগণকে নিরাপত্তার আস্থা দেওয়া সরকারের দায়িত্ব।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তাজনূভা জাবীন। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি লেখেন, ‘হাসিনা যখন ইন্ডিয়া পালিয়ে যায়, তখন যেমন ওখানে বিজেপি-কংগ্রেস এক টেবিলে বসেছিল, ঠিক তেমনি এখানেও হাসিনার ফেরার বিষয়ে যেকোনো সিরিয়াস ইস্যুতে সরকারসহ সব রাজনৈতিক পক্ষ একসঙ্গে বসবে বলেই আমার বিশ্বাস।’

গণঅভ্যুত্থানের দুই বছরের মাথায় এসে কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষ গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনা ভুলে যাবে না বলে তিনি মনে করেন। তাজনূভা লেখেন, ‘গণঅভ্যুত্থানের মাত্র দুই বছরের মাথায় এমন কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আসেনি যে কোনো দল এবং সাধারণ মানুষ গত ১৭ বছরের স্বৈরশাসনের সকল অপকর্ম, লুটপাট, খুন, গুম, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাইয়ের এত বড় অধ্যায় ভুলে যাবে। হাসিনা প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেই আমি মনে করি। হাসিনা যদি ফিরে, তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এটা সবার অফিসিয়াল বক্তব্য।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্যকে ফাঁকা বুলি উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই বুঝে তার সেই সৎ সাহস নেই দেশে ফেরার, এগুলো সবই ফাঁকা বুলি এখন পর্যন্ত।’ তবে তিনি এই ইস্যুকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাজনূভা লেখেন, ‘কিন্তু চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে সরকারের বিশেষ মনোযোগ প্রয়োজন। হাসিনা বিষয় হেসে উড়িয়ে দেওয়া বা স্ট্যান্ডবাজি বলা/বোঝা এক জিনিস আর সাধারণ জনগণকে নিরাপত্তার আস্থায় রাখা আরেক জিনিস। ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন, নাশকতার হুমকি—এসব সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।’

সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, ‘সবাই সমানভাবে রাজনৈতিকভাবে সচেতন বা শিক্ষিত না। মনে রাখতে হবে, জুলাইয়ে আপামর জনসাধারণ, অরাজনৈতিক মানুষের বিস্তর অংশগ্রহণ ছিল। জনগণকে সেফ ফিল করানো সরকারের দায়িত্ব, বিশেষ করে যেখানে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টকে প্রতিহতে দোয়া মোনাজাত সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


ফ্যাসিস্টকে প্রতিহতে দোয়া মোনাজাত সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর যদি আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে তা প্রতিহত করার জন্য আল্লাহর কাছে তাওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

এছাড়া, রাষ্ট্রের মানুষের সংসদের প্রতি যে প্রত্যাশা রয়েছে, তা পূরণের সক্ষমতা দানের জন্যও আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছেন।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে প্রয়াত সাবেক সদস্যদের জন্য দোয়া করা হয়।

মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের এই সংসদে আসার তৌফিক দিয়েছেন। ফ্যাসিবাদ বিতাড়িত করার তৌফিক দিয়েছেন। ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে প্রতিহত করতে আমাদের শক্তি ও সামর্থ্য দিন। রাষ্ট্র ও এই সংসদ ঘিরে জনগণের যে প্রত্যাশা, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তা প্রতিহত করার তাওফিক দিন।’

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শোকপ্রস্তাব উত্থাপন করেন। বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি।

শোকপ্রস্তাবের মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাব্বুল আলামিন, আপনার দেওয়া এই মহান সংসদে আমরা কয়েকজন গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি। আজ যেসব সাবেক সংসদ সদস্য, গণপরিষদ সদস্য এবং অন্যান্য প্রয়াত ব্যক্তির নাম শোক প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, আপনি তাদের ক্ষমা করে দিন। তাদের ঈমানের মর্যাদা অনুযায়ী পুরস্কৃত করুন। তাদের জীবদ্দশায় সংঘটিত জানা-অজানা ভুলত্রুটির দিকে না তাকিয়ে আপনার অসীম রহমতের মাধ্যমে তাদের ক্ষমা করে দিন।

মোনাজাতে শামীম কায়সার বলেন, ১৯৭৫ সালের নভেম্বর মাসে সিপাহি-জনতার বিপ্লব-পরবর্তী জাতীয় সংহতি দিবসে দিশাহারা মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আস্থা প্রকাশ করেছিল। পরবর্তী সময়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে সংকটময় পরিস্থিতি থেকে জাতিকে উত্তরণের জন্য আজীবন চেষ্টা করে গেছেন। আপনি তাকে ক্ষমা করে দিন। বহুদলীয় গণতন্ত্রকে জীবন দিয়ে লালন করে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সম্মানের সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পরকালেও তাকে সম্মানিত করুন।

‘রাব্বুল আলামিন, আমরা আপনার কাছে যা চেয়েছিলাম, তার অনেক কিছুরই প্রতিফলন আজকের এই সংসদে দেখতে পাচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদের অনেক কিছুই দিয়েছেন। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রী ও সরকারপ্রধান তারেক রহমান ন্যায়বিচারভিত্তিক এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও নীতির আলোকে রাষ্ট্র গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণের আস্থার ভিত্তিতে তিনি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন। আপনি তাকে আরও দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে আগাম সতর্কবার্তার অভাবে বর্ষায় চরম আতঙ্কে সীমান্তাঞ্চলের মানুষ, হঠাৎ পাহাড়ি ঢলে বাড়ছে জনদুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


শেরপুরে আগাম সতর্কবার্তার অভাবে বর্ষায় চরম আতঙ্কে সীমান্তাঞ্চলের মানুষ, হঠাৎ পাহাড়ি ঢলে বাড়ছে জনদুর্ভোগ

শেরপুরে ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের কারণে বর্ষা মৌসুমে সীমান্তবর্তী নদ-নদীর পানির স্তর হঠাৎ বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে নদীতীরবর্তী এলাকার হাজার হাজার মানুষ প্রতিবছর বন্যা ও আকস্মিক প্লাবনের আতঙ্কে দিন কাটান। তবে, জেলার গুরুত্বপূর্ণ দুটি নদী, মহারশি ও সোমেশ্বরীতে, নেই পানি পরিমাপের যন্ত্র বা আগাম সতর্কবার্তা প্রদানের ব্যবস্থা। ফলে স্থানীয়রা নদীর পানির স্তর বাড়ার পূর্বাভাস জানার সুযোগ না পেয়ে তাদের ঘরবাড়ি, ফসল এবং মূল্যবান সম্পদ হারাচ্ছেন।

শেরপুর জেলায় পাঁচটি প্রধান নদী রয়েছে। সেগুলো হলো—শেরপুর সদরে পুরাতন ব্রহ্মপুত্র, নালিতাবাড়ীতে চেল্লাখালী ও ভোগাই, ঝিনাইগাতীতে মহারশি এবং শ্রীবরদীতে সোমেশ্বরী। এর মধ্যে তিনটি নদীতে পানি পরিমাপের ব্যবস্থা থাকলেও মহারশি ও সোমেশ্বরীতে তা নেই। এই কারণে, নদী দুটির পানির উচ্চতা ও গতিবিধি সম্পর্কে স্থানীয়দের অনুমান ও অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হয়।

ভারতের মেঘালয় রাজ্যের তুরা এলাকা থেকে ঝিনাইগাতীর হলদি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মহারশি নদী। সোমেশ্বরী নদী শ্রীবরদীর বালিজুড়ির খাড়ামোরা এলাকা দিয়ে প্রবেশ করেছে। বর্ষাকালে পাহাড়ি ঢলে নদী দুটি দ্রুত ভয়ংকর রূপ ধারণ করে, ফলে নদীতীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে যায়।

শ্রীবরদীর খাড়ামোরা এলাকার বাসিন্দা হুসাইন হাবিব বলেছেন, "আগের দিন সন্ধ্যায় নদীতে পানি থাকে না, অথচ পরদিন সকালে বাড়ির উঠানে পানি চলে আসে। আগে থেকে পানির খবর পাওয়া গেলে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকত।"

একই এলাকার করিম মিয়ার অভিযোগ, নালিতাবাড়ীর নদীতে পানি বাড়ার খবর জানা গেলেও তাঁদের নদীর পানির কোনো আগাম তথ্য পাওয়া যায় না। অন্যদিকে, ঝিনাইগাতীর ব্রিজপাড় এলাকার বাসিন্দা আলমাছ জানান, "প্রতিবছর নদীর পানি বেড়ে এলাকা প্লাবিত হয় এবং বাঁধ ভেঙে যায়। পানির উচ্চতা বোঝার জন্য তাঁরা নিজেরাই বাঁশ পুঁতে রাখেন।"

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, "মহারশি নদীতে পানি পরিমাপের যন্ত্র স্থাপন অত্যন্ত জরুরি। সামান্য বৃষ্টিতেই নদীর পানি উপচে ঝিনাইগাতী সদর বাজারসহ আশপাশের এলাকা প্লাবিত হয়।"

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, মহারশি ও সোমেশ্বরী নদীতে পানি পরিমাপক যন্ত্র স্থাপন জরুরি। এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে বিকল্প পদ্ধতিতে পানি পরিমাপ করতে হয়, যা সময়সাপেক্ষ।

স্থানীয়দের দাবি, দ্রুত নদী দুটিতে পানি পরিমাপক যন্ত্র ও স্বয়ংক্রিয় আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হোক। এতে পাহাড়ি ঢলের পূর্বাভাস পেয়ে মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও ফসল রক্ষার প্রস্তুতি নিতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগই পারে সীমান্ত এলাকার মানুষের বর্ষাকালীন আতঙ্ক ও ক্ষয়ক্ষতি কমাতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%