ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন লাগানো হয়


শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন লাগানো হয়

ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আওয়ামীলীগ সমর্থকদের দ্বারা। সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যার পর হঠাৎ করে একদল পিকেটার গাড়িদহ এলাকায় জড়ো হতে শুরু করে। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পিকেটিং শুরু করে এবং আকস্মিকভাবে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি ভ্যানের ওপর বস্তা ও চট দিয়ে আগুন লাগানো হয়েছিল। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে কাউকে দেখতে পাওয়া যায়নি।

আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনতাই

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, শেরপুর থানা-পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। এখন পর্যন্ত গাড়িদহ এলাকায় অগ্নিসংযোগ বা পিকেটিংয়ের সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে আসেনি।

তিনি আরও জানান, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়মিত টহল অব্যাহত আছে।

এমই

আরও পড়ুন: কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ, পালিয়ে যায় দুর্বৃত্তরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক অগ্রগতি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে’ এই শিরোনামে রূপালী ব্যাংক কর্তৃক আয়োজিত একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এটি সোমবার রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপকবৃন্দসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করা হয়।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী কারাগারে থাকাকালীন হাফিজুর রহমানের নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


রাজশাহী কারাগারে থাকাকালীন হাফিজুর রহমানের নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

ঘটনার সময় আসামি ছিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে; কিন্তু রাজশাহীর তানোর থানা পুলিশ তাকে ঘটনাস্থলে উপস্থিত দেখিয়েছে। হাফিজুর রহমান (৪০) নামের ওই ব্যক্তিকে সন্ত্রাস দমন আইনে আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি করা হয়।

অথচ কারাগারের প্রতিবেদন বলছে, ঘটনার বেশ কিছুক্ষণ পর তিনি জামিনে মুক্তি পান।

সূত্রমতে, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৩৭ মিনিটে তিনি কারাগার থেকে বের হন; কিন্তু তানোর থানার ওই মামলার ঘটনা ঘটে ওই দিন রাত ৮টা ১৩ মিনিটে।

দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত (স্যুয়োমোটো) মামলা করেছেন আদালত।

রাজশাহীর তানোর পুলিশ বাদী হয়ে হাফিজুর রহমানকে ঘটনার সময় উপস্থিত দেখিয়ে মামলার এজাহারে ৯ নম্বর আসামি করে। এ ঘটনা নিয়ে গত ১৮ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

ওই সংবাদের সূত্র ধরে গত ১ নভেম্বর রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬ এর বিচারক সোহানুর রহমান সোহাগ স্বপ্রণোদিত হয়ে তানোর থানা পুলিশের সংশ্লিষ্ট মামলার বাদী ও ওসির বিরুদ্ধে একটি মিস কেস করেছেন। মিস কেস নম্বর- ১/২০২৬। মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন বিচারক।

সিআইডির রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রায়হানুল ইসলাম নিশ্চিত করেছেন, তিনি সোমবার মামলাটির নথিপত্র হাতে পেয়েছেন। নির্ধারিত সময়ে আদালতে প্রতিবেদন জমা দেবেন। আদেশের কপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি ও রাজশাহীর পুলিশ সুপারকেও পাঠানো হয়েছে।

অভিযোগে জানা গেছে, হাফিজুর রহমানের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা গ্রামে। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম। চন্দনকোঠা বটতলা বাজারে তার চুল কেনাবেচার একটি দোকান রয়েছে। তিনি গ্রামে গ্রামে মানুষের চুল কিনে অন্যত্র বিক্রি করেন।

গত ৪ সেপ্টেম্বর স্থানীয় যুবদলকর্মী ইমরান আলী হাফিজুরের দোকানে গিয়ে চাঁদা দাবি করেছিলেন। রাজি না হওয়ায় ইমরান দলবল নিয়ে হাফিজুরের দোকানটি ভাঙচুর করেন। তাকে বেদম মারধর করা হয়। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সুস্থ হয়ে আহত হাফিজুরকে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে পুলিশ চলে যায়। কিছুটা সুস্থ হয়ে হাফিজুর যুবদলকর্মী ইমরানসহ ১০ জনের বিরুদ্ধে তানোর থানায় অভিযোগ দেন; কিন্তু পুলিশ হাফিজুরের অভিযোগটি মামলা আকারে গ্রহণ করেনি।

গত ২৩ সেপ্টেম্বর তানোর থানা পুলিশের একটি দল গভীর রাতে হাফিজুরকে বাড়ির দরজা ভেঙে আটক করে থানায় নেয়। ওই দিনই তাকে গত ২৬ জুন পুলিশের দায়ের করা একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান করা হয়। হাফিজুর এই মামলার এজাহারভুক্ত আসামি না হওয়ায় গত ১৫ অক্টোবর আদালত থেকে জামিন পান।

মামলার নথি বিশ্লেষণে দেখা গেছে, ১৫ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে তানোরের পাগলা দেওয়ান সড়কের ওপর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল হয়। পুলিশের দাবি, সেই মিছিলের সময় বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটে। পরদিন ১৬ অক্টোবর বিকালে তানোর থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে ২২ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। ওই মামলায় হাফিজুরকে ৯ নম্বর আসামি করা হয়। মামলায় ঘটনার সময় উল্লেখ করা হয়েছে রাত ৮টা ১০ মিনিট। হাফিজুরও মিছিলে অংশ নিয়েছিল বলে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়।

এদিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার ববি জানান, গত ১৫ অক্টোবর রাতে শতাধিক আসামি কারাগার থেকে মুক্তি পান। রাত ৯টার দিকে শেষ ব্যাচে হাফিজুরসহ রাজনৈতিক মামলার ৬ আসামি মুক্তির অপেক্ষায় তার কক্ষেই ছিলেন।

তিনি বলেন, হাফিজুরসহ ছয় আসামির কাগজপত্র যাচাই-বাছাই করতে বেশ কিছুটা বেশি সময় লাগে। এটা নিশ্চিত, হাফিজুর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন রাত সোয়া ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে। সিসিটিভিতে সময়টা আছে।

অন্যদিকে স্যুয়োমোটো মামলার আদেশে বিচারক বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও হাফিজুর রহমানকে ক্ষতিগ্রস্ত করার মানসে তার নাম সন্ত্রাস দমন আইনের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, সেই বিষয়ে স্বতন্ত্রভাবে তদন্ত করা আবশ্যক। কারণ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আইনানুগ কারণ ছাড়া কারো বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা রুজু করলে তা দণ্ডবিধির ২১১ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া কারও ক্ষতিসাধন করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কোনো অশুদ্ধ দলিল প্রস্তুত করলে তা দণ্ডবিধির ১৬৭ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ এবং কারো ক্ষতিসাধন করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী আইন অমান্য করলে তা দণ্ডবিধির ১৬৬ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়।

আদেশে আরও বলা হয়েছে- এই আদালত ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৯০(১)(সি) ধারার বিধানমতে ওই সব অপরাধ আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত। ফলে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাসহ সুনির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক বিচারের আওতায় আনার লক্ষ্যে এই স্যুয়োমোটো মামলা করা হলো। মামলাটি তদন্ত করে আগামী ২৯ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে রাজশাহী সিআইডির এসপিকে নির্দেশ দেওয়া হলো।

আদালত সূত্রে আরও জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত না থেকেও সন্ত্রাস দমন আইনের যে মামলায় হাফিজুরকে আসামি করা হয়েছিল, সেই মামলাতেও গত ১ নভেম্বর জামিন পেয়েছেন তিনি।

মামলার বাদী তানোর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় হাফিজুরসহ ২২ জনকে আসামি করেছিলেন। ঘটনার সময় হাফিজুর কারাগারে থাকলেও তাকে আসামি করার ব্যাপারে জানতে চাইলে সোমবার তিনি বলেন, ‘আমি ডিউটিতে ছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করতে হয়েছে।’ তবে স্বপ্রণোদিত হয়ে আদালত যে মামলা করেছেন, সেই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি মন্ত্রণালয়: সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


কৃষি মন্ত্রণালয়: সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’

কৃষি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য এবং বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে।

মন্ত্রণালয় সাধারণ জনগণকে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করতে আহ্বান জানিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই আহ্বানটি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা নেই বলে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈর বাজারে বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগের শিকার সাধারণ মানুষ ও ক্রেতারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


কালিয়াকৈর বাজারে বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগের শিকার সাধারণ মানুষ ও ক্রেতারা

এক ফোঁটা স্বস্তির বৃষ্টি। গরমের পর একটু ঠান্ডা বাতাস। মানুষ ভেবেছিল, কিছুটা স্বস্তি মিলবে। কিন্তু সেই স্বস্তির বৃষ্টি কালিয়াকৈর বাজারের মানুষের জন্য চরম দুর্ভোগে পরিণত হয়েছে। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজারে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় বাজারের রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতেই বাজারের প্রধান সড়ক, অলিগলি, দোকানের সামনে পানি জমে গেছে। রাতের কালিয়াকৈর বাজারের রাস্তা যেন নদী হয়ে গেছে। হাঁটু সমান পানি। সেই পানির মধ্য দিয়েই চলছে প্রাইভেট কার, মোটরসাইকেল, রিকশা, ভ্যান। গাড়ির চাকা ডুবে যাচ্ছে পানিতে। হেডলাইটের আলোয় পানির ঢেউ চিকচিক করছে। দোকানের শাটারের সামনে থই থই করছে ময়লা পানি।

বৃষ্টির সময় একজন স্থানীয় বলছিলেন, "একটু বৃষ্টিতে কালিয়াকৈরের অবস্থা।" তার কণ্ঠে ছিল ক্ষোভ, হতাশা। আসলে একটু বৃষ্টিতেই কালিয়াকৈর বাজারের এই অবস্থা নতুন নয়। এটি কালিয়াকৈর বাজারের চিরপরিচিত চিত্র। বৃষ্টি হলেই পানি, পানি হলেই দুর্ভোগ।

বাজারে আসা ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। প্যান্ট গুটিয়ে, জুতা হাতে নিয়ে, পানি ভেঙে বাজার করতে হচ্ছে তাদের। নারী, শিশু, বৃদ্ধ - কেউই এই পানি থেকে রেহাই পাচ্ছেন না। একজন ক্রেতা বলেন, "বাজার করতে আসছিলাম। আইসা দেখি রাস্তায় হাঁটু পানি। জুতা ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে। বাজারের ব্যাগ নিয়ে পানি ভেঙে যাওয়া যায়?"

আরেকজন বলেন, "সামান্য বৃষ্টি হইলেই যদি এই অবস্থা হয়, তাহলে ভারী বৃষ্টি হইলে কি হবে? বাজার তো পুরা ডুইবা যাইবো।"

দোকানদাররাও ক্ষতিগ্রস্ত। দোকানের সামনে পানি জমে থাকায় ক্রেতারা দোকানে ঢুকতে পারছেন না। অনেক দোকানে পানি ঢুকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মালামাল নষ্ট হওয়ার ভয়। একজন দোকানদার বলেন, "বৃষ্টি হইলেই আমাদের ব্যবসা শেষ। কাস্টমার আসতে পারে না। পানি দোকানে ঢুইকা যায়। আমরা কয়বার বললাম ড্রেন পরিষ্কার করেন।"

স্থানীয়দের অভিযোগ, কালিয়াকৈর বাজারের ড্রেনেজ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। স্থানীয়দের অভিযোগ-

১. বাজারের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরা, পানি যাওয়ার জায়গা নেই।

২. পলিথিন, প্লাস্টিক, বাজারের ময়লা ফেলে ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

৩. রাস্তা নিচু, ড্রেন উঁচু - পানি নামার কোনো সুযোগ নেই।

৪. নতুন ভবন হচ্ছে, কিন্তু পানি নিষ্কাশনের কোনো পরিকল্পনা নেই।

৫. বছরের পর বছর সংস্কার হয় না, শুধু আশ্বাস দেওয়া হয়।

কালিয়াকৈর বাজারের সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন - এই সমস্যার স্থায়ী সমাধান কবে মিলবে? কালিয়াকৈর বাজারের সব ড্রেন দ্রুত পরিষ্কার করতে হবে। পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। বাজারের রাস্তা উঁচু করে সংস্কার করতে হবে। ড্রেনে ময়লা ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পৌরসভা ও উপজেলা প্রশাসনকে নিয়মিত তদারকি করতে হবে।

একজন বয়স্ক ব্যবসায়ী বলেন, "আমরা আর আশ্বাস চাই না, কাজ চাই। বৃষ্টি হইলে বাজার ডুববে, এইটা কালিয়াকৈরের নিয়তি হইতে পারে না। কালিয়াকৈর বাজার শুধু একটা বাজার নয়, এটা লাখ লাখ মানুষের জীবিকা, হাজার হাজার পরিবারের ভরসা। এই বাজার যদি একটু বৃষ্টিতেই ডুবে যায়, তাহলে কালিয়াকৈরের উন্নয়ন হবে কিভাবে?"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%