১১:৩৪ পি.এম
কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে অতিথি পাখি শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত পাঁচ হাজার কৃত্রিম বক এবং তিন হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। অভিযানের সময় আটটি জীবিত বকও উদ্ধার করা হয়েছে, যা ফাঁদে আটকে ছিল।
আজ সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাছকারিয়া বিলে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
তিনি উল্লেখ করেন, শীতকালীন অতিথি পাখির আগমনে মাছকারিয়া এলাকার শাপলা বিল এখন পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে। বিভিন্ন প্রজাতির পাখির জলাভূমিতে বিচরণের ফলে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। তবে এই প্রকৃতির সৌন্দর্যের আড়ালে মৌসুমি পাখিশিকারিরা সক্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুন: মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল
রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গত কয়েক দিন ধরে অতিথি পাখির আগমনের কারণে শিকারিরা বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক ও ফাঁদ পেতে শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন। এই তথ্য পেয়ে সোমবার সকালে পাখি শিকার বন্ধে বন বিভাগ বিশেষ অভিযান চালায়।
তিনি আরও জানান, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পাখিশিকারিরা পালিয়ে যান। পরে বিলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিকারের কাজে ব্যবহৃত পাঁচ হাজার কৃত্রিম বক এবং তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। এই সময় পাখি ধরার শতাধিক ফাঁদঘর ধ্বংস করা হয়। আটটি জীবিত বক উদ্ধার করে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জব্দ করা কৃত্রিম বক, জাল ও ফাঁদঘরও ধ্বংস করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন