০৪:০২ পি.এম
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন জানানোর কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও, ইসরায়েলের প্রতি তার সমর্থনের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেকে বারবার প্রশংসা করেছেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির চেয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের বন্দনাতেই বেশি মুখর ছিলেন নেতানিয়াহু। মিলেকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন যে, মিলের শাসনামলে ইসরায়েল ও আর্জেন্টিনার মধ্যকার সম্পর্ক আরও গভীর হচ্ছে। ঠিক সেই সময়েই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্য সামনে এল। দেশ দুটি সম্প্রতি ‘আইজ্যাক অ্যাকর্ডস’ ঘোষণা করেছে, যার লক্ষ্য হলো কৌশলগত, অর্থনৈতিক এবং কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করা।
‘মোজো পডকাস্ট’–এ কথা বলার সময় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে বিশ্বকাপ এবং এই প্রতিযোগিতায় তিনি কোন দলকে সমর্থন করছেন, তা নিয়ে তিনি আলোচনা করেন। বিশ্বকাপে কাকে সমর্থন করছেন—এমন প্রশ্নের জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, তিনি আর্জেন্টিনার দিকে কড়া নজর রাখছেন। সঞ্চালক তাৎক্ষণিকভাবে লিওনেল মেসির নাম উল্লেখ করলেও নেতানিয়াহু প্রথমেই অন্য একটি কারণ সামনে আনেন, সেটি হলো আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। নেতানিয়াহু বলেন, ‘মিলে ইসরায়েলের একজন বড় বন্ধু।’
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
নেতানিয়াহু সাফ কথা বলেন যে তারা দুজন অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বেশ পছন্দ করেন। তবে আলাপের পরের অংশে তিনি আর্জেন্টিনার ক্রীড়া শক্তি সম্পর্কেও কথা বলেন। তার মতে, দেশটির একটি ‘খুব ভালো দল’ রয়েছে এবং একজন ‘বিশেষভাবে অভিজ্ঞ’ খেলোয়াড় আছে, যা দিয়ে স্পষ্টতই লিওনেল মেসিকে বুঝিয়েছেন।
যখন সঞ্চালক উল্লেখ করেন যে মেসি প্রায় দুই দশক ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন এবং নেতানিয়াহু নিজের সঙ্গে তার তুলনা করতে পারেন কি না, তখন প্রধানমন্ত্রী একটি ম্যাচের জন্য মেসির ইসরায়েল সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন