বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫৮ পি.এম
"জনপ্রতিনিধি হয়ে জনগণের অধিকার হরণের দিন শেষ। জনপ্রতিনিধির চেয়ারে বসে সেবা দেওয়ার নামে খামখাম করার যুগও শেষ হয়ে গেছে। এখন সময় এসেছে আগে কাজ, পরে ভোট চাওয়ার। শুধু ভোটের সময় নয়, ভোটের আগেই জনগণের কল্যাণে কাজ করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। কারণ, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা কখনোই জনগণের প্রকৃত সেবক হতে পারেন না।"
এমন বক্তব্যের মাধ্যমে জনপ্রতিনিধিত্বের প্রচলিত ধারায় পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. গোলাম সারোয়ার। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ৭ নম্বর মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি মোকাম ইউনিয়নকে একটি আধুনিক, মানবিক, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, অঙ্গীকার ও প্রতিশ্রুতির বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন।
কুমিল্লা শহরের একটি কনভেনশন হলে তাঁর মমতাময়ী মা আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) রাতে আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি তাঁর মরহুম পিতা বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব জুনাব আলী এবং মায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দানবীর পিতার আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে ধারণ করে মোকাম ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে মোকাম ইউনিয়নের মুরুব্বী, যুবক, তরুণসহ কুমিল্লা শহরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
নিজের নির্বাচনি ভাবনা তুলে ধরে গোলাম সারোয়ার বলেন, "শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়া কিংবা ভোট চাওয়াই জনপ্রতিনিধির দায়িত্ব নয়। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, এলাকার সমস্যা চিহ্নিত করা এবং সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই প্রকৃত নেতৃত্বের পরিচয়।" তিনি আরও বলেন, "আমি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করি। জনপ্রতিনিধি হওয়ার অর্থ মানুষের ওপর কর্তৃত্ব করা নয়, বরং মানুষের কাছে দায়বদ্ধ থাকা। জনগণের অর্থ ও অধিকার রক্ষা করা এবং প্রতিটি কাজের জবাবদিহি নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।"
চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, অঙ্গীকার ও প্রতিশ্রুতি তুলে ধরে গোলাম সারোয়ার ইতোমধ্যে একটি বিস্তারিত নির্বাচনি কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। এতে তিনি মোকাম ইউনিয়নকে একটি মানবিক, উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কর্মপরিকল্পনায় প্রশাসন বিকেন্দ্রীকরণ ও উপদেষ্টা পরিষদ গঠন প্রসঙ্গে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের সার্বিক ক্ষমতা এককভাবে চেয়ারম্যানের হাতে কেন্দ্রীভূত না রেখে মোকাম ইউনিয়নের ২৭টি গ্রামে সার্চ কমিটির মাধ্যমে ১১ জন বিশিষ্ট সমাজসেবক ও নাগরিকবৃন্দের সমন্বয়ে কমিটি গঠিত হবে। তাদের মধ্যে একজন গ্রহণযোগ্য ব্যক্তি চেয়ারম্যানের উপদেষ্টা হবেন। এভাবে ২৭টি গ্রাম থেকে ২৭জন উপদেষ্টা, সংখ্যালগু সম্প্রদায় হতে ৩জন উপদেষ্টা, নির্বাচিত ৯জন ওয়ার্ড মেম্বার, সংরক্ষিত আসনের ৩জন মহিলা মেম্বার এবং চেয়ারম্যানসহ সর্বমোট ৪৩জন প্রতিনিধির সমন্বয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। পদাধিকার বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। সকল সদস্যের সম্মিলিত পরামর্শে ইউনিয়ন পরিষদ পরিচালিত হবে।
তাঁর প্রকাশিত কর্মপরিকল্পনায় ইউনিয়ন পরিষদের সেবাকে আরও জনমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, কৃষি ও কৃষকের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, যুবসমাজের কর্মসংস্থান, নারী উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করা এবং ইউনিয়ন পরিষদকে মানুষের আস্থা ও ভরসার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশাও তুলে ধরেছেন কর্মপরিকল্পনায়।
উল্লেখ্য, গোলাম সারোয়ারের মরহুম পিতা আলহাজ্ব জুনাব আলী কুমিল্লা জেলায় একজন দানবীর ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি মোকাম ইউনিয়নে প্রায় তিন দশক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা বিস্তারে অবদান ও জনকল্যাণমূলক উদ্যোগের স্মৃতি স্থানীয় মানুষের কাছে এখনও স্মরণীয়। গোলাম সারোয়ার তাঁর বাবার সেই মানবিক আদর্শ ধারণ করে মোকাম ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই নির্বাচনি মাঠে নামার ঘোষণা দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিঠুন চক্রবর্তীর ব্যক্তিজীবনের নানা অধ্যায় সিনেমার গল্পকেও হার মানায়। বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর সঙ্গে তার কথিত প্রেমের সম্পর্ক অন্যতম আলোচিত বিষয়। সম্প্রতি চিত্রগ্রাহক ও পরিচালক লরেন্স ডি'সুজা এই সম্পর্ক নিয়ে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন।
আশির দশকে মিঠুন ও শ্রীদেবীর প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনা-কল্পনার শেষ ছিল না। এমনকি গোপনে তাদের বিয়ে হওয়ার খবরও ছড়িয়ে পড়েছিল। পরিচালক এবার সেই পুরনো অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।
লরেন্স ডি'সুজা সম্প্রতি এক সাক্ষাৎকারে আশির দশকের স্মৃতিচারণ করেছেন। মিঠুন-শ্রীদেবীর প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘গৈর কানুনি’ সিনেমার উল্লেখ করেন।
সিনেমাটির চিত্রগ্রাহক হিসেবে কাজ করার সময় মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতা তিনি নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন। পরিচালক জানান, শ্রীদেবী যখন শুটিংয়ে ব্যস্ত থাকতেন, তখন প্রায়ই সেটে এসে মিঠুন অপেক্ষা করতেন। অভিনেত্রীর মেকআপ রুমে বসে তার জন্য অপেক্ষা করতেন তিনি।
শুটিং চলাকালে মিঠুন বারবার শ্রীদেবীকে ফোন করতেন। কাজের ফাঁকে ফোন এলে আলাদা জায়গায় গিয়ে কথা বলতেন অভিনেত্রী। লরেন্সের দাবি, সে সময় বলিউডের অনেকেই তাদের সম্পর্কের কথা জানতেন। তবে মিঠুন তখন যোগিতা বালীর সঙ্গে বিবাহিত ছিলেন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, "শুটিং সেটে আমি যা দেখেছি, শুধু সেটুকুই বলতে পারি।"
সাক্ষাৎকারে শ্রীদেবীর ব্যক্তিত্ব নিয়েও কথা বলেছেন লরেন্স। তার ভাষ্য, শ্রীদেবী ছিলেন অত্যন্ত শান্ত ও অন্তর্মুখী স্বভাবের। শুটিংয়ের ফাঁকে অন্যদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না। বরং একা থাকতে পছন্দ করতেন। কাজের প্রতি তার নিষ্ঠা ছিল চোখে পড়ার মতো। লরেন্সের কথায়, "মানুষ হিসেবে খুব ভালো ছিলেন শ্রীদেবী, তবে স্বভাবে ছিলেন বেশ চুপচাপ।"
আশির দশকে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন মিঠুন ও শ্রীদেবী। ‘জাগ উঠা ইনসান’, ‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘গুরু’সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। পর্দার এই জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সে সময় কম আলোচনা হয়নি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী বছরগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বহুগুণে এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ক উন্নত হবে। দুই দেশের জনগণের মধ্যে একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ঐতিহাসিক বন্ধন বিদ্যমান রয়েছে।
বৃহস্পতিবার ইসলামাবাদের একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাম্প্রতিক সফর নিয়ে তিনি জানান, বাংলাদেশের স্পিকার, সংসদ সদস্য এবং সাংবাদিকদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছে। ইতোমধ্যে বাংলাদেশের স্পিকার পাকিস্তানের সামরিক একাডেমি পরিদর্শন করেছেন, যেখানে বাংলাদেশের ক্যাডেটরা প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি বিশ্বাস করেন যে, আগামী দিনগুলোতে অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
সাংস্কৃতিক মেলবন্ধন এবং দুই দেশের মানুষের আবেগের উদাহরণ টেনে তথ্যমন্ত্রী আগের দিনের একটি অনুষ্ঠানের কথা স্মরণ করেন, যেখানে কিংবদন্তি অভিনেত্রী শবনম দুই দেশের সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন।
বাংলাদেশিদের পাকিস্তান ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে আতাউল্লাহ তারার বলেন, "আমি আমার বাংলাদেশি ভাই ও বোনদের পাকিস্তানে পর্যটনের জন্য আসার আহ্বান জানাই। আপনারা পরিবার নিয়ে পাকিস্তানের উত্তরাঞ্চল ঘুরে যান, যা দেখতে সুইজারল্যান্ডের মতো। ইসলামাবাদে আসুন। আমি যদি কোনো দোকানে গিয়ে বলি যে আমার এই বন্ধু বাংলাদেশ থেকে এসেছেন, বিশ্বাস করুন, আপনি যা-ই কিনবেন তারা কোনো টাকা নেবেন না। বাংলাদেশি ভাইবোনদের প্রতি পাকিস্তানের সাধারণ মানুষের অনুভূতি ঠিক এমনই।"
সাক্ষাৎকারে পাকিস্তানের সাম্প্রতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সাফল্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সংস্কারমুখী নেতৃত্ব এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে বেসামরিক ও সামরিক প্রশাসনের চমৎকার সমন্বয় কাজ করছে। রাজনৈতিক স্বজনপ্রীতির বদলে মেধাভিত্তিক নিয়োগ এবং জনমুখী নীতির কারণে নাদরা-সহ (জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষ) রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে এবং সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে।
আঞ্চলিক রাজনীতি এবং ভারত প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তান সামরিক ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং যুদ্ধে ভারতকে পরাজিত করেছে, যার ফলে ভারত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। ভারতের সমালোচনা করে তিনি বলেন, নয়াদিল্লি কাশ্মীরের মতো আন্তর্জাতিক ও বাহ্যিক সমস্যাকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখানোর চেষ্টা করে, আর নিজেদের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে বাইরের সমস্যা হিসেবে চাপিয়ে দেয়। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। এ ছাড়া কানাডায় হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি ভারতকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ও দমন-পীড়নে জড়িত বলে অভিযুক্ত করেন।
আফগানিস্তান প্রসঙ্গে তথ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান ৪০ বছর ধরে ৪০ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে, কিন্তু আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল ধ্বংস করতে পাকিস্তান ইতোমধ্যে সীমান্তে অভিযান চালিয়েছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা ‘প্রোপাগান্ডা’ মোকাবিলায় পাকিস্তান সরকার বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তায় ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা চালু করেছে এবং টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সমন্বয় করে কাজ করছে বলে জানান তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অসুস্থ অবস্থায় দুই কারাবন্দীর মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছেন শাহজামাল (৫০) ও মো. আবদুল্লাহ আল মামুন (২৪)।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে শাহজামাল (৫০) রাত ১১টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন। শাহজামাল যশোরের বেনাপোল উপজেলার সাদিপুর গ্রামের মৃত মো. মোকলেস শেখের ছেলে। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন।
অন্যদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কিডনি ও ক্যানসারজনিত অসুস্থ অবস্থায় আবদুল্লাহ আল মামুনকে (২৪) কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী আমিনুলসহ কয়েকজন কারারক্ষী বৃহস্পতিবার সকাল ৭টা ১৯ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল্লাহ আল মামুন রামপুরা থানার একটি মামলার আসামি ছিলেন। তাঁর বাসা পূর্ব রামপুরায়। তিনি মৃত মো. মোকলেস শেখের ছেলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনে গত আগস্ট মাসে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৬১ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১০ হাজার ৯৮২ জন। এই তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবরটি আলজাজিরা থেকে পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৭ নভেম্বর থেকে সোমবার পর্যন্ত এক সপ্তাহের মধ্যে ১০১ জন নিহত এবং ৪৬৩ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই দেশের মধ্যাঞ্চলীয় শহর মারিবের বাসিন্দা।
ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারের জরুরি স্বাস্থ্য কার্যক্রম কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৩৯টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ববর্তী ডব্লিউএইচওর প্রতিবেদনে এই সংখ্যা ছিল ২৮। এছাড়া, আটটি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, সংঘাতের কারণে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে লাহিজ প্রদেশে লড়াইয়ের ফলে বহু মানুষ তাদের ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হচ্ছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এ পর্যন্ত ইয়েমেনে ৩ লাখ ৬৪ হাজার ২৬৪ জন বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত এক সপ্তাহে ১৫ হাজার ৭৩২ জন বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুতদের প্রায় দুই-তৃতীয়াংশ লাহিজ প্রদেশের বাসিন্দা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ