১১:০৯ পি.এম
মঙ্গলবার রংপুরে পাবলিক লাইব্রেরি মাঠে ভূমিহীনদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আগে পুনর্বাসন পরে উন্নয়ন, খাসজমির অধিকার ভূমিহীন জনতার’ এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা সমাবেশে ভূমিহীনদের অধিকার আদায়, রাষ্ট্র সংস্কার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবি জানান।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্যে উল্লেখ করেন, "লুটপাট ও পাচারের ব্যবস্থার নামে কোনোভাবেই উন্নয়ন হতে পারে না। জনগণের কর্মসংস্থান এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিই হলো প্রকৃত উন্নয়ন।" তিনি আরও বলেন, "যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করতে হবে এবং পাচারকৃত সম্পদ ফেরত আনতে হবে।" তিনি উল্লেখ করেন, "স্বাধীন বাংলাদেশে কেউ শাসক বা শোষক নয়, এ দেশের প্রকৃত মালিক জনগণ।"
আমলাতন্ত্র ও ঔপনিবেশিক যেসব আইন জনস্বার্থবিরোধী, তা বাতিল করে গণবিরোধী রাষ্ট্রের সংস্কারের মাধ্যমে একে জনমানুষের রাষ্ট্রে পরিণত করতে হবে। প্রধান আলোচক হিসেবে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন ঢাকা শহরসহ সারা দেশের ভূমিহীনদের দীর্ঘদিনের বঞ্চনা ও চলমান সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, "ভূমিহীনদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।"
আরও পড়ুন: যশোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল আপন
তিনি আরও দাবি করেন, "প্রত্যেককে ‘ভূমিহীন কার্ড’ প্রদান করতে হবে। আমরা অবিলম্বে জাতীয় সংসদে ভূমিহীনদের জন্য সংরক্ষিত আসন এবং একটি স্বাধীন ‘ভূমি-কৃষি সংস্কার কমিশন’ গঠনের জোর দাবি জানাচ্ছি।" সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের রংপুর বিভাগীয় সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক কনক রহমান। তিনি রংপুরের স্থানীয় সংকট তুলে ধরে বলেন, "রংপুর বিভাগ ও জেলার সব ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি সুযোগ-সুবিধাসহ পুনর্বাসন করতে হবে।"
তিনি আরও বলেন, "রংপুর জেলায় শিল্প-কলকারখানা গড়ে তুলে এবং কৃষি উন্নয়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।" সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসি, সংগঠনের লালমনিরহাট জেলার আহ্বায়ক মো. আব্দুল হামিদ, কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুজ্জামান টিপু, গাইবান্ধা জেলার আহ্বায়ক মোছা. শাহীনুর বেগম এবং কুড়িগ্রাম জেলার কৃষক আন্দোলনের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম জুয়েল।
নেতারা জানান, খাসজমি বণ্টন কমিটিতে উপজেলা ও জেলা পর্যায়ে ভূমিহীনদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। ভূমিদস্যুদের কবল থেকে খাসজমি উদ্ধার করে তা প্রকৃত ভূমিহীন ও কৃষকদের মাঝে বন্দোবস্ত দিতে হবে। তারা বৈষম্যমুক্ত উন্নয়নের স্বার্থে উপজেলাভিত্তিক সংসদীয় আসন নির্ধারণ, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং জনগণের ভোটাধিকার হরণ বন্ধ করে প্রকৃত গণতান্ত্রিক সরকার ও সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রংপুর বিভাগের উপদেষ্টা অ্যাডভোকেট রায়হান কবীরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেএসডি রংপুর মহানগর সভাপতি এবিএম মশিউর রহমান, রংপুর জেলা কমিটির আহ্বায়ক আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক হাসেম মুন্সি, সদস্য সচিব মোছা. ফাতেমা আখতার, যুগ্ম সদস্য সচিব মুশলেমুদ্দিন, মহানগর কমিটির আহ্বায়ক মোছা. সামছুন্নাহার, যুগ্ম আহ্বায়ক লিলি বেগম, সদস্য সচিব সেলিম মিয়া এবং যুগ্ম সদস্য সচিব আয়শা বেগম।
আরও পড়ুন: রাউজানে ৮ বিদেশি পিস্তল প্রদর্শন করে যুবকের হুমকি, ভিডিও ভাইরাল
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা রংপুর শহর প্রদক্ষিণ করে এবং রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও রংপুর জেলা প্রশাসকের কাছে তাদের দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন