ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনে নানক পরিবারের বিরুদ্ধে মামলা করবে দুদক


৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনে নানক পরিবারের বিরুদ্ধে মামলা করবে দুদক

ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে ২৮ কোটি ১৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৩৮৫ কোটি ২৩ লাখ টাকার বেশি সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগও রয়েছে।

রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া, তার নিজের নামে পরিচালিত ৩১টি ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ হাজার ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সোমবার বিকেল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি

নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে পরিচালিত ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য দুদক পেয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক জানায়, নানকের মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে পরিচালিত ১০টি ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধেও দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের হিসাব অনুযায়ী, নানক ও তার পরিবারের তিন সদস্যের নামে মোট ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৫০৬ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিমাণ ২৮ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ২৭৮ টাকা।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর নানক দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয় রয়েছেন এবং সেখান থেকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।

আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপির জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগর উত্তর বিএনপির জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


ঢাকা মহানগর উত্তর বিএনপির জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি।

রোববার (১৫ নভেম্বর) সকালে জিয়া উদ্যানে অবস্থিত দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় মহানগর উত্তর বিএনপি এবং এর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে নেতারা প্রয়াত দুই নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্ব নির্ধারণের পর সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত কমিটির নেতারা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নেতাকর্মীরা মনে করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য ও সমন্বয় জোরদার হবে।

এ সময় নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের স্মৃতিকে ধারণ করে আগামী দিনে গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

এই ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায়, যা নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

আহত এসআই মোসলেম আলী বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানিয়েছেন, আজ বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠি-সোঠা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মিছিল বের করে। এক পর্যায়ে তারা পুলিশের একটি সরকারি গাড়ি ঘিরে ফেলে ভাঙচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেদিন ১০টি রাবার বুলেট, পাঁচটি কাঁদুনে গ্যাসের শেল ও তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ফায়ার সার্ভিস এসে গাড়ির আগুন নেভায়।

ওই ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই হাজার ২২৪ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধের সারসংক্ষেপ আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধের সারসংক্ষেপ আহ্বান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৩য় আন্তর্জাতিক সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন সম্মেলন ২০২৭’ (ICSWSSD 2027) দুই দিনব্যাপী।

সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. তুলসী কুমার দাস এবং সদস্য সচিব অধ্যাপক ফখরুল আলম রোববার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ফখরুল আলম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনে সমাজকর্ম বিভাগে সম্মেলনটি সরাসরি ও সম্পূর্ণ কাগজবিহীন (ইন-পারসন অ্যান্ড পেপারলেস) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, এনজিও পেশাজীবী এবং নীতিনির্ধারকদের কাছ থেকে মৌলিক ও গবেষণাধর্মী প্রবন্ধের সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট) আহ্বান করা হয়েছে।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সমাজকর্ম শিক্ষা ও অনুশীলনের সমসাময়িক ইস্যু এবং চ্যালেঞ্জসমূহ’। এই মূল প্রতিপাদ্যের আওতায় সমাজকর্ম ও সামাজিক উন্নয়নের ১৮টি উপ-প্রতিপাদ্যের (সাব-থিম) ওপর প্রবন্ধ উপস্থাপনের সুযোগ রয়েছে। এর মধ্যে সমাজকর্ম শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, অভিবাসন ও শরণার্থী সংকট, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, দারিদ্র্য ও বৈষম্য, লিঙ্গ ভিত্তিক সহিংসতা, মানবাধিকার, মানসিক স্বাস্থ্য, শিশু সুরক্ষা, শ্রম অধিকার, প্রবীণ কল্যাণ এবং সাইবার ক্রাইমের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সম্মেলনে মূল প্রবন্ধ, মৌখিক ও পোস্টার প্রেজেন্টেশনের পাশাপাশি সমসাময়িক বৈশ্বিক ও স্থানীয় সংকট নিয়ে বিশেষ সেশন আয়োজন করা হবে। বিশেষ করে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থী সংকট এবং বৈশ্বিক অভিবাসন পরিস্থিতি নিয়ে ‘শরণার্থী ও জোরপূর্বক অভিবাসন বিষয়ক বিশেষ সেশন’ অনুষ্ঠিত হবে। এছাড়া উন্নয়ন প্রকল্প ও চ্যালেঞ্জ নিয়ে ‘এনজিও ও উন্নয়ন বিষয়ক বিশেষ সেশন’ও থাকবে। বাংলাদেশে সমাজকর্ম পেশার স্বীকৃতি ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হবে। সম্মেলনে উপস্থাপিত নির্বাচিত মানসম্মত পূর্ণাঙ্গ প্রবন্ধগুলো পরবর্তীতে স্কোপাস-ইনডেক্সড আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য বিশেষ মেন্টরশিপ ও সুপারিশের সুযোগ পাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

আয়োজক কমিটি আরও জানায়, আগ্রহী গবেষকদের ইংরেজি ভাষায় ৩০০ থেকে ৩৫০ শব্দের মধ্যে অ্যাবস্ট্রাক্ট লিখে আগামী ২৫ নভেম্বরের মধ্যে [email protected] ঠিকানায় ইমেইল করতে হবে। একজন লেখক একক বা যৌথভাবে সর্বোচ্চ দুটি অ্যাবস্ট্রাক্ট জমা দিতে পারবেন। নির্বাচিত অ্যাবস্ট্রাক্টের তালিকা ৩০ নভেম্বর প্রকাশিত হবে এবং মনোনীত গবেষকদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রবন্ধ (ফুল ম্যানুস্ক্রিপ্ট) জমা দিতে হবে।

পরবর্তীতে ২০২৭ সালের ১০ জানুয়ারির মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সংশোধিত পূর্ণাঙ্গ প্রবন্ধ ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশীয় সাধারণ গবেষক ও অংশগ্রহণকারীদের নিবন্ধন ফি ৩ হাজার টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শাবিপ্রবির শিক্ষক-গবেষকদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা বিশেষ ছাড় রাখা হয়েছে। এছাড়া সার্কভুক্ত ও স্বল্পোন্নত দেশগুলোর গবেষকদের জন্য নিবন্ধন ফি ১০০ মার্কিন ডলার (শিক্ষার্থী ৫০ ডলার) এবং অন্যান্য আন্তর্জাতিক গবেষকদের জন্য ২০০ মার্কিন ডলার (শিক্ষার্থী ১০০ ডলার) নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সোমবার বিকেল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সোমবার বিকেল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি

সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : আগামীকাল সোমবার বিকেল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%