ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলটির কর্মী মো. সুরুজ জামান নিহত


ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলটির কর্মী মো. সুরুজ জামান নিহত

ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সুরুজ জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনা ঘটে রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা এলাকায়, যেখানে মজিদ মার্কেটসংলগ্ন সড়কে হামলাটি সংঘটিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুরুজ জামান তার নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। মজিদ মার্কেটসংলগ্ন সড়কের মোড়ে এসে তিনি গতি কমান। এ সময় মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে, দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সুরুজ জামানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাঙামাটির নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে পশুপালন বিষয়ক প্রশিক্ষণ

নিহত সুরুজ জামান মধ্য বারেরা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি, জীবনের বিনিময়ে হলেও আদায় করবো: সিলেটে পীরসাহেব মধুপুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি, জীবনের বিনিময়ে হলেও আদায় করবো: সিলেটে পীরসাহেব মধুপুর

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত এ মহাসম্মেলনে বক্তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে সরকারি দল ও বিরোধী দলের প্রতি জাতীয় সংসদে এ বিষয়ে বিল উত্থাপন করে পাস করার আহ্বান জানিয়েছেন।

বক্তারা উল্লেখ করেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস। এ আকিদা রক্ষায় রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে। তাঁরা আহমদীয়া সম্প্রদায়ের ধর্মীয় পরিচয় ও কার্যক্রম নিয়ে নিজেদের আপত্তি তুলে ধরে তাদের জন্য পৃথক উপাসনালয়ের ব্যবস্থা রাখার দাবি জানান। একইসাথে আহমদীয়া মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠার বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা জারির দাবিও জানান।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ থেকে ২৯৮ ধারার আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১৯৭৪ ও ১৯৮৮ সালের ওআইসির প্রতিশ্রুতি এবং ১৯৯৩ সালের হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান তাঁরা।

শনিবার (১৪ নভেম্বর) বাদ আসর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহাসম্মেলনের কার্যক্রম শুরু হয়। আজ রোববার (১৫ নভেম্বর) বিভিন্ন অধিবেশন, আলোচনা ও গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

সমাপনী দিনের প্রধান অতিথির বক্তব্যে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমির ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর বলেন, খতমে নবুওয়তের পবিত্র আকিদা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এ বিষয়ে সঠিক ইসলামী শিক্ষা পৌঁছে দিতে ওলামায়ে কেরাম, মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, কাদিয়ানীদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও ফকিহে মিল্লাত মুফতি আব্দুল মালেক বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের অন্যতম মৌলিক ও অপরিহার্য বিশ্বাস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসুল। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। এ আকিদা মুসলিম উম্মাহর ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এ বিষয়ে জাতীয় সংসদে বিল উত্থাপন করে তা পাস করার দাবিও জানান তিনি।

মহাসম্মেলনের প্রথম দিনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস।” তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রহমাতুল্লিল আলামিন হিসেবে পৃথিবীতে আবির্ভূত হন। অল্প সময়ের মধ্যে তিনি সমাজ থেকে মারামারি-হানাহানি বন্ধ করে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিময় সমাজ বিনির্মাণ করেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “আমরা উলামায়ে কেরামের দাবির প্রতি আন্তরিক।” বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, কওমি মাদরাসা ও আলেম-ওলামাদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছিল। শাপলা চত্বরে আলেমদের যারা রক্ত ঝরিয়েছিল, তারা আজ এ দেশে নেই; কিন্তু মসজিদ-মাদরাসা টিকে আছে।

দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী এবং জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আযাদ দ্বীনি এদারায়ে তালিমের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, শায়খুল হাদীস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, সিলেটের কানাইঘাট-জকিগঞ্জের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি আবুল হাসান এমপি, অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান, নাযিমে এদারা শায়খ মাওলানা আব্দুল বাছীর, মুফতি আব্দুল মুনতাকিম (যুক্তরাজ্য), ড. মাওলানা শুয়াইব আহমদ (যুক্তরাজ্য) এবং বিশিষ্ট গবেষক ও লেখক মাওলানা মুসা আল হাফিজ, মুফতি আব্দুল মজিদ, মাওলানা হোসাইন আহমদ মারকাজুদদাওয়া, মুফতি শফি কাসেমী বগুড়া।

বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক সুরইঘাটী, মহানগর সভাপতি শায়খুল হাদীস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুসাব্বির কলাবাড়ী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামিয়া মাদানিয়া কাজিরবাজারের মুহতামিম মাওলানা আব্দুস সোবহান, ভার্থখলা মাদরাসার মুহতামিম মাওলানা মজদুদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছিদ্দিকুর রহমান চিশতি, মাওলানা বাহা উদ্দিন কাসেমী (পশ্চিমবঙ্গ, ভারত), মুফতি আব্দুল মাজিদ, মুফতি মুজিবুর রহমান আঙ্গুরা, সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা হাবিবুল্লাহ আরমানী, শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতা মাওলানা মুহিবুর রহমান মুক্তিরচক, রামধা মাদরাসার মুহতামিম ও নাজিমে ইমতেহান এদারা মাওলানা ইউসুফ খাদিমানী, জামেয়া দরগাহর শায়খে সানী ও প্রধান মুফতি মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা এমরান আলম, মাওলানা তাজুল ইসলাম হাসান, জামেয়া মাদানিয়া বিশ্বনাথের মুহতামিম মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, মুরাদগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আতীকুর রহমান, শেরপুর মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আবু আহমদ, নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, মাওলানা ইউসুফ আমিনী, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা জুনেদ আহমদ, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি জালালাবাদ থানার সহসভাপতি মুফতি শামসুল ইসলাম ও মাওলানা তোফায়েল আহমদ কামরান, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা ইছমত উল্লাহ সিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা রুহুল আমীন নগরী এবং মাওলানা কামাল উদ্দিন বাদাঘাটী প্রমুখ।

সম্মেলনে ৫ দফা দাবী ঘোষণা করেন মাওলানা নিজামুদ্দিন রানাপিংগী। মহাসম্মেলনের যৌথ পরিচালনায় ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা বাহাউদ্দীন বাহার, এম বেলাল আহমদ চৌধুরী ও নোমান বিন আফসার। নাশিদ পরিবেশ করেন আব্দুল করিম দিলদার। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক মহাসম্মেলনে অংশগ্রহণ নেন দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনে নানক পরিবারের বিরুদ্ধে মামলা করবে দুদক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনে নানক পরিবারের বিরুদ্ধে মামলা করবে দুদক

ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে ২৮ কোটি ১৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৩৮৫ কোটি ২৩ লাখ টাকার বেশি সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগও রয়েছে।

রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া, তার নিজের নামে পরিচালিত ৩১টি ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ হাজার ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে পরিচালিত ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য দুদক পেয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক জানায়, নানকের মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে পরিচালিত ১০টি ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধেও দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের হিসাব অনুযায়ী, নানক ও তার পরিবারের তিন সদস্যের নামে মোট ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৫০৬ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিমাণ ২৮ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ২৭৮ টাকা।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর নানক দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয় রয়েছেন এবং সেখান থেকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগর উত্তর বিএনপির জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


ঢাকা মহানগর উত্তর বিএনপির জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি।

রোববার (১৫ নভেম্বর) সকালে জিয়া উদ্যানে অবস্থিত দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় মহানগর উত্তর বিএনপি এবং এর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে নেতারা প্রয়াত দুই নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্ব নির্ধারণের পর সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত কমিটির নেতারা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নেতাকর্মীরা মনে করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য ও সমন্বয় জোরদার হবে।

এ সময় নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের স্মৃতিকে ধারণ করে আগামী দিনে গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

এই ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায়, যা নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

আহত এসআই মোসলেম আলী বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানিয়েছেন, আজ বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠি-সোঠা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মিছিল বের করে। এক পর্যায়ে তারা পুলিশের একটি সরকারি গাড়ি ঘিরে ফেলে ভাঙচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেদিন ১০টি রাবার বুলেট, পাঁচটি কাঁদুনে গ্যাসের শেল ও তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ফায়ার সার্ভিস এসে গাড়ির আগুন নেভায়।

ওই ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই হাজার ২২৪ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%