ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আনচেলত্তিপুত্রের কাছে ২২ ম্যাচ পর হার, থামল বায়ার্নের অজেয় যাত্রা


আনচেলত্তিপুত্রের কাছে ২২ ম্যাচ পর হার, থামল বায়ার্নের অজেয় যাত্রা

কার্লো আনচেলত্তি, যিনি ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত, এবার তার ছেলে ডেভিড আনচেলত্তির মাধ্যমে নতুন এক পরিচয় পেলেন। ডেভিড আনচেলত্তি তার কোচিংয়ের মাধ্যমে ফরাসি ক্লাব লিলকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে পরাজিত করার মাধ্যমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এই পরাজয়ের ফলে বায়ার্ন সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচ অপরাজিত থাকার পর হারতে হলো। এটি ডেভিড আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য অর্জন।

গত রাতে লিলের স্তাদ পিয়ের-মরোয়ায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বায়ার্ন ভালো অবস্থানে ছিল। ১৫ মিনিটে কর্নার থেকে দায়োত উপামেকানোর হেডে অতিথিরা এগিয়ে যায়। প্রথমার্ধে সেই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভিনসেন্ট কোম্পানির দল।

বিরতির পর ম্যাচের চিত্র পরিবর্তিত হয়। ৬২ মিনিটে আয়াসে উয়েদার গোলে লিল সমতায় ফেরে। এর তিন মিনিট পর বায়ার্নের আলেক্সান্দার পাভলোভিচের আত্মঘাতী গোলে স্বাগতিকেরা এগিয়ে যায়। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে ডেভিড আনচেলত্তির দল।

আরও পড়ুন: কেইনহীন বায়ার্নের অপরাজিত যাত্রা থামাল লিল ২-১ গোলে

বায়ার্নের হারের পেছনে চোট সমস্যাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দলের ছয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আলফোনসো ডেভিস, হ্যারি কেইন, ইসমাইল সাইবারি, মানুয়েল নয়্যার, মাইকেল ওলিসে ও সার্জ গ্যানাব্রি, চোটের কারণে ম্যাচে অংশ নিতে পারেননি।

এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে লিল। অন্যদিকে, ডেভিড আনচেলত্তির জন্য এটি একটি বিশেষ রাত। বাবার মতো বড় কোচ হওয়ার পথে এমন জয় নিঃসন্দেহে তাকে আত্মবিশ্বাস জোগাবে।

ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী ডেভিড আনচেলত্তি মন্তব্য করেন, ‘বিরতির সময় আমি উদ্বিগ্ন ছিলাম না। তবে খেলোয়াড়দের মতো আমারও মনে হচ্ছিল, আমরা আরো সাহসী হয়ে বেশি কিছু করতে পারি। দ্বিতীয়ার্ধে আমরা আরো বেশি উদ্যোগ নিয়ে খেলেছি। সমর্থকরাও আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন। আমার মনে হয়, এই জয় আমাদের প্রাপ্য।’

তিনি আরো যোগ করেন, ‘এটি আবেগের জন্ম দেওয়ার মতো একটি ম্যাচ। এমন ম্যাচে অনেক হৃদয় দিয়ে খেলতে হয়। আমাদের অনেক গর্ব আছে।’

আরও পড়ুন: লাস ভেগাসে ভার্সটাপেনের পারফরম্যান্সে মুগ্ধ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জ্যাক ভিলনুভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরের শিল্পাঞ্চলে নতুন মজুরিতে স্বস্তি, কর্মচাঞ্চল্য ফিরে এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ এম


কালিয়াকৈরের শিল্পাঞ্চলে নতুন মজুরিতে স্বস্তি, কর্মচাঞ্চল্য ফিরে এসেছে

নতুন মজুরি ঘোষণার ফলে গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে স্বস্তি ও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। প্রায় এক মাস ধরে চলা উত্তেজনা, অবরোধ এবং কর্মবিরতির পর কালিয়াকৈরের মিল-কারখানাগুলোতে আবারও কাজ শুরু হয়েছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈর, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ি, চন্দ্রা, নাওজোড়, জরুনসহ বিভিন্ন শিল্প এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। সকাল থেকে কালিয়াকৈরের বিভিন্ন শিল্পকারখানার গেটে শ্রমিকদের ভিড় দেখা গেছে। তারা নিজেদের কর্মস্থলে ফিরে উৎপাদনকাজে যোগ দিয়েছেন। শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে রয়েছে। গত দুই দিন মহাসড়কে যে অবরোধ ও যানজট ছিল, আজ তা নেই। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, বিজিবি, আনসার ও এপিবিএন সদস্যরা মোতায়েন রয়েছেন। মিল-কারখানার গেটেও আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারিতে রয়েছে।

গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মজুরি বোর্ডের সভার মাধ্যমে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে। চতুর্থ গ্রেডে (সর্বনিম্ন) ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা। তৃতীয় গ্রেডে ৪১ দশমিক ৬৯ শতাংশ বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। দ্বিতীয় গ্রেডে ৪০ দশমিক ১২ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। প্রথম গ্রেডে (সর্বোচ্চ) ৪২ দশমিক ৯৯ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৫ হাজার ৩৫ টাকা।

চলতি বছরের ডিসেম্বর থেকেই এ নতুন মজুরি কার্যকর হবে বলে জানানো হয়েছে। শ্রমিকেরা তা ২০২৭ সালের জানুয়ারি থেকে হাতে পাবেন। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি নির্ধারণের পর আজকের সভায় গ্রেডভেদে মূল বেতন, বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা নিয়ে আলোচনা হবে। এটি চূড়ান্তের পর শিগগিরই গেজেট প্রকাশিত হবে।

কালিয়াকৈরের একাধিক শ্রমিক বলেন, "বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করেছি ঠিকই, কিন্তু কোনো ভাঙচুর করিনি। ভাঙচুর, সড়ক অবরোধ ও জ্বালাও-পোড়াও যারা করছে, তারা কেউ শ্রমিক নয়।" আরেক শ্রমিক বলেন, "নতুন মজুরি ঘোষণাকে আমরা স্বাগত জানাই। এখন আমরা কাজে ফিরতে চাই। কারখানা চললে আমাদের সংসার চলবে।"

বিজিএমইএর সহ-সভাপতি সেলিম রহমান বলেন, "সরকারের সিদ্ধান্ত পোশাকমালিকেরা অবশ্যই মানবেন। তবে পোশাকশিল্পকে টিকিয়ে রাখতে গ্যাস, বিদ্যুৎ সংকটসহ উৎপাদনশীলতার পথে যেসব বাধা আছে, তা দূর করার উদ্যোগ সরকারকে নিতে হবে।" বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উপদেষ্টা মারুফ হাসান রুমি বলেন, "মালিকপক্ষকে বুঝতে হবে, শ্রমিকদের বঞ্চিত রেখে উৎপাদনশীলতা ধরে রাখা যাবে না। শ্রমিকদের বেতন বাড়লে দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে, তাতে অর্থনীতি সুদৃঢ় হবে।"

সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উপদেষ্টা হুমায়ুন কবির খান দেশের শিল্প ও অর্থনীতির স্বার্থে সবাইকে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। এ সময় কিছু সময়ের জন্য শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলেও পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। আজ বৃহস্পতিবার কালিয়াকৈরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

প্রায় এক মাস ধরে চলা শ্রমিক আন্দোলনের অবসান ঘটেছে। নতুন মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে কালিয়াকৈরের শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে ফিরে এসেছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য- এখন সবার চোখ গেজেট প্রকাশের দিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে চান কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৯ এম


কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে চান কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। আধুনিক যুদ্ধের ধরন এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এসব অস্ত্রের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে তিনি কাজ করতে চান। একইসাথে, পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বৃদ্ধি করা হচ্ছে বলেও জানিয়েছেন কিম।

বৃহস্পতিবার, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এর প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

পারমাণবিক উপাদান উৎপাদন এবং অস্ত্র গবেষণার বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় কিম এসব মন্তব্য করেন। তবে, কোন কোন স্থাপনা তিনি পরিদর্শন করেছেন কিংবা সেগুলোর অবস্থান সম্পর্কে কেসিএনএ কোনো তথ্য জানায়নি।

কিম বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান ‘সম্পূর্ণ অলঙ্ঘনীয়’। বাস্তবতাকে উপেক্ষা করে এবং পরিবর্তিত পরিস্থিতি স্বীকার না করে যেসব পক্ষ পারমাণবিক নিরস্ত্রীকরণের কথা বলছে, তাদের বক্তব্যে উত্তর কোরিয়ার এই অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

তিনি উল্লেখ করেন, ‘আমাদের পারমাণবিক সক্ষমতা এখন বাস্তবতা।’ পারমাণবিক অস্ত্র উৎপাদনে সাম্প্রতিক অর্জনকে দেশের পারমাণবিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় সাফল্য বলেও তিনি উল্লেখ করেন।

২০২৩ সালে সংবিধানে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিম বলেন, দেশটির এই মর্যাদা অস্বীকার করার যেকোনো প্রচেষ্টাকে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ হিসেবে গণ্য করা হবে।

কৌশলগত পারমাণবিক অস্ত্রের বহুমুখী ব্যবহার বাড়ানোকে গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজ হিসেবে উল্লেখ করেছেন কিম। তার ভাষায়, আধুনিক যুদ্ধে এসব অস্ত্রের সামরিক গুরুত্ব এবং সবচেয়ে বিপজ্জনক শত্রুর সঙ্গে সীমান্ত পরিস্থিতির অনিবার্য বাস্তবতা থেকেই এ প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।

এদিকে, গত অক্টোবরে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় পিয়ংইয়ংয়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিউল। দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে বলা হয়, এক বছরেরও বেশি সময় আগে উত্তর কোরিয়া এসব স্থলমাইন পুঁতে রেখেছিল।

এর জবাবে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি পাঠায় পিয়ংইয়ং। এতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিস্ফোরণের ঘটনা নিয়ে মিথ্যা তথ্য তৈরির অভিযোগ আনা হয়। এর এক সপ্তাহেরও কম সময় পর, উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার হাতে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে আমন ধান সংগ্রহের জন্য কৃষকদের অনলাইন আবেদন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ এম


সৈয়দপুরে আমন ধান সংগ্রহের জন্য কৃষকদের অনলাইন আবেদন শুরু

নীলফামারীর সৈয়দপুরে চলমান ২০২৬-২০২৭ মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কর্মসূচির আওতায় কৃষকদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের আমন মৌসুমে সরকারি খাদ্যগুদামে ৪৪৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছরও সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ করা হবে এবং প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। কৃষকদের আবেদন সংক্রান্ত সহায়তার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা কৃষি অফিস অথবা স্থানীয় খাদ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আহমেদ জানিয়েছেন, কৃষকের অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে কৃষকেরা সহজেই আবেদন করতে পারবেন। নির্ধারিত সময় শেষে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের তালিকা প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে অবৈধ পলিথিন মজুতের অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ এম


বাকেরগঞ্জে অবৈধ পলিথিন মজুতের অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে পলিথিন মজুত ও বিপণনের অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার সময় উপজেলার বাসস্ট্যান্ড-সংলগ্ন পৌর কাঁচাবাজারের একটি গুদামে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন মজুত ও বিক্রির অপরাধে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল। অভিযানে বাকেরগঞ্জ থানা-পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল মন্তব্য করেন, ‘আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, জীববৈচিত্র্য ও কৃষি উৎপাদনের জন্য পলিথিন একটি মারাত্মক হুমকি। প্রত্যেকের উচিত পলিথিনের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%