০৬:০১ পি.এম
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধের ভাঙন ও ঝুঁকি ক্রমশ বাড়ছে। কোথাও নদীর প্রবল স্রোতের কারণে বাঁধ ধসে পড়ছে, আবার কোথাও বড় বড় ফাটল দেখা দিয়েছে। তিনটি জেলায় ৪০টিরও বেশি পয়েন্টে শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে।
বিশেষ করে খুলনার দাকোপ, পাইকগাছা ও কয়রা, বাগেরহাটের শরণখোলা এবং সাতক্ষীরার আশাশুনির বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে প্লাবিত হওয়ার আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, প্রতিবছর বাঁধ মেরামত করা হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি সংস্কারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বাঁধ নির্মাণের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
খুলনার দাকোপ উপজেলার পানখালি গ্রামে গত সপ্তাহে হঠাৎ করেই নদীর প্রবল স্রোতে প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এর ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙনস্থলের আশপাশে ফাটল দেখা দিয়েছে। নদীর পানি বাড়লে অথবা জোয়ারের চাপ বাড়লে নতুন করে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা করছেন স্থানীয়রা।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
পানখালি ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম মন্তব্য করেন, "বাঁধ ভেঙে গেলে শুধু বসতবাড়ি নয়, তলিয়ে যাবে ফসলি জমি, মাছের ঘেরসহ জীবিকার নানা উৎস। প্রতিবছরই বাঁধ নিয়ে এমন অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। দ্রুত স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।"
শুধু পানখালি নয়, দাকোপের জাবেরের খেয়াঘাট, লক্ষ্মীখোলা, বটবুনিয়া ও নলডাঙ্গাসহ অন্তত ১০টি পয়েন্টে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। কোথাও নদীর পাড় ধসে বাঁধ সরু হয়ে গেছে, আবার কোথাও বাঁধের মাটিতে গভীর ফাটল তৈরি হয়েছে। এসব স্থানে দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।
দাকোপের বাইরেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে পাইকগাছার দেলুটি, কয়রার মহেশ্বরীপুর, বাগেরহাটের শরণখোলা এবং সাতক্ষীরার আশাশুনীর বিভিন্ন এলাকায়। সব মিলিয়ে তিন জেলায় অর্ধশতাধিক পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলা হচ্ছে, কোথাও চলছে অস্থায়ী মেরামত। তবে এসব উদ্যোগে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা লক্ষী রানী বলেন, "নদীর পানি বাড়লেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়। বাঁধের কোথাও ফাটল দেখা দিলে কখন সেটি ভেঙে যাবে, সেই আতঙ্কে থাকতে হয়। একবার বাঁধ ভেঙে গেলে ঘরবাড়ি, জমি ও মাছের ঘের সবকিছুই পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই বারবার জোড়াতালি না দিয়ে স্থায়ী ও মজবুত বাঁধ নির্মাণ চান তারা।"
আরও পড়ুন: নেত্রকোণায় রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নজরদারিতে রাখা হচ্ছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে উপকূলীয় এলাকার দীর্ঘমেয়াদি সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ চালানো হচ্ছে। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধ ও উপকূলীয় জনপদ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা বাড়বে বলে তারা আশা করছেন।
পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল বাশার বলেন, "ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে জরুরি মেরামতের পাশাপাশি স্থায়ী সমাধানের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব এলাকায় নদীভাঙনের আশঙ্কা বেশি, সেসব স্থানে প্রয়োজন অনুযায়ী সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।"
পানি উন্নয়ন বোর্ডের আওতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় প্রায় দুই হাজার কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এসব বাঁধের ওপর নির্ভরশীল লাখ লাখ উপকূলবাসীর জীবন-জীবিকা। তাই অস্থায়ী মেরামতের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর স্থায়ী ও টেকসই সংস্কার নিশ্চিত করা এখন উপকূলীয় জনপদের অন্যতম বড় দাবি।
আরও পড়ুন: জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চাটমোহরে সাইকেল র্যালি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন