ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি


সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানিমূলক মামলা, তথ্য প্রাপ্তিতে বাধা এবং আর্থিক অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’। গণমাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষা ও অধিকার নিশ্চিতে অবিলম্বে বিশেষ আইন প্রণয়নসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকরা সমাজের দর্পণ। জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা ও রাষ্ট্রের জবাবদিহিতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। কিন্তু সাম্প্রতিক সময়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরের অনিয়ম ও দুর্নীতির চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গিয়ে গণমাধ্যমকর্মীরা প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের মুখে পড়ছেন।

সংগঠনটির পর্যবেক্ষণে উঠে আসা প্রধান তিনটি সংকট হলো:

আরও পড়ুন: ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন লাগানো হয়েছে

* তথ্য প্রাপ্তিতে বাধা ও সেলফ-সেন্সরশিপ: সরকারি-বেসরকারি দপ্তর থেকে জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য সংগ্রহে সাংবাদিকদের অসহযোগিতা ও হয়রানির শিকার হতে হচ্ছে। প্রভাবশালী মহলের চাপে অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে, যা অবাধ তথ্যপ্রবাহের অন্তরায়।

* শারীরিক ও আইনি নিরাপত্তাহীনতা: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও ডিজিটাল মাধ্যমে হেনস্তার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে অনলাইন গণমাধ্যমের কর্মীরা সাইবার হয়রানি ও আইনি জটিলতার শিকার হচ্ছেন।

* আর্থিক অনিশ্চয়তা ও অপসাংবাদিকতা: অনেক প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা না পাওয়া, ওয়েজবোর্ড বাস্তবায়ন না হওয়া এবং বিনা নোটিশে চাকরিচ্যুতির কারণে সাংবাদিকদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি কিছু অসাধু ব্যক্তির অপতৎপরতায় মূলধারার ও অনলাইন সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

এ পরিস্থিতি উত্তরণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চার দফা দাবি জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব:

আরও পড়ুন: মারা গেলেন জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ বিপ্লব হোসেন

১. পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন করা।

২. সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং সব হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা।

৩. তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে সাংবাদিকদের পেশাগত কাজে সব ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।

৪. অনলাইন ও প্রিন্টসহ সব গণমাধ্যমকর্মীর ন্যায্য বেতন-ভাতা, নিয়োগপত্র, ঝুঁকি ভাতা এবং চিকিৎসা ও পেনশন সুবিধা নিশ্চিত করা।

আরও পড়ুন: ৩ ডিসেম্বর জকিগঞ্জে আসছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

বিবৃতিতে সভাপতি মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া বলেন, “সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হলে সমাজ অন্ধকারে নিমজ্জিত হয় এবং রাষ্ট্রে অবিচার ও দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের কলম কখনো থামবে না।” সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯, মামলা ৩২টি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯, মামলা ৩২টি

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ের মধ্যে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার, রাজধানীর বিভিন্ন থানার এলাকা জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ২৬ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগে ৭৩ জন, গুলশান বিভাগে ১৮ জন, উত্তরা বিভাগে ৪৭ জন, গোয়েন্দা বিভাগে চারজন এবং এসআরইউ বিভাগে চারজন রয়েছেন।

অভিযান চলাকালীন চারটি অবিস্ফোরিত ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, চার বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাজমহল দেখতে চেয়েছিলেন পাক মন্ত্রী, মেলেনি অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


তাজমহল দেখতে চেয়েছিলেন পাক মন্ত্রী, মেলেনি অনুমতি

পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক দিল্লি সফর করছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও বৈঠকে যোগ দিতে। ২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এটি কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর। ২০২৫ সালের মে মাসে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক পাল্টা জবাব ‘অপারেশন সিঁদুর’-এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপড়েন সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে পাকিস্তানি কোনো মন্ত্রী ভারতে আসলে বিতর্ক এড়ানো সম্ভব নয়।

ভারতের বিরোধী দলগুলো এসসিও বৈঠকে পাকিস্তানি মন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে। তারা প্রশ্ন তুলেছে, পেহেলগাম ঘটনার পর কী পরিবর্তন হয়েছে যে প্রতিবেশী দেশটির প্রতি নীতিতে পরিবর্তন আনতে হয়েছে। এছাড়া, পাকিস্তানের সঙ্গে ভারতের ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করা নিয়ে মুসাদিক মালিকের আক্রমণাত্মক মন্তব্যের বিষয়টিও বিরোধী দলের আলোচনায় এসেছে।

সূত্র জানাচ্ছে, ভারত সফরে এসে পাকিস্তানি মন্ত্রী আগ্রার তাজমহল এবং রাজধানীর নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন। কিন্তু ভারত সরকার এসসিও বৈঠকের বাইরে অন্য কোনো কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি নাকচ করে দিয়েছে। পাকিস্তানি মন্ত্রীকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই সফরে তিনি শুধুমাত্র এসসিও অনুষ্ঠানে অংশ নিতে পারবেন এবং অন্য কোনো স্থানে যাওয়ার অনুমতি নেই।

২০ থেকে ২২ নভেম্বর ভারতের রাজধানীতে ঐতিহাসিক পুরানা কেল্লায় প্রথমবারের মতো সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ‘সভ্যতাগত সংলাপ ফোরাম’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ভারত গত ২৮ অক্টোবর ঘোষণা করেছিল যে প্রচলিত রীতি অনুসরণ করে পাকিস্তানসহ এসসিওর সব সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরবর্তীতে পাকিস্তান সরকার মুসাদিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পারস্পরিক শ্রদ্ধাবোধের চেতনায় এসসিও কাঠামোর মধ্যে সভ্যতাগুলোর মধ্যে সংলাপ প্রসার এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’

২০০১ সালে সাংহাইয়ে এক শীর্ষ সম্মেলনে রাশিয়া, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টদের হাতে এসসিও প্রতিষ্ঠিত হয়। ভারত ও পাকিস্তান ২০১৭ সালে এর স্থায়ী সদস্যপদ লাভ করে। ২০২৩ সালে ইরান এর সদস্য হয়।

২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিও ‘কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট’-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নিয়েছিলেন।

এছাড়া, পরবর্তী এসসিও ‘কাউন্সিল অব হেডস অব স্টেট’-এর প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিতে ভারত গত মাসে তাদের এসসিও জাতীয় সমন্বয়ক অলোক ডিমরিকে ইসলামাবাদে পাঠিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখা ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শতাধিক চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও শেবাচিম ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ও বরিশাল জেলা শাখার সভাপতি ডা. কবিরুজ্জামান এবং শেবাচিম ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইমতিয়াজ উদ্দিন সাজিদ।
শেষে কুরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে তারেক রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীকে আধুনিক হিসেবে গড়ে তোলার অন্যতম রূপকার শহীদ জিয়া: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


সেনাবাহিনীকে আধুনিক হিসেবে গড়ে তোলার অন্যতম রূপকার শহীদ জিয়া: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের স্বাধীনতার ঘোষণা দেয়ার পর থেকে সেনাবাহিনীকে আধুনিক হিসেবে গড়ে তোলার অন্যতম রূপকার হিসেবে চিহ্নিত করেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘৭ নভেম্বর দেশের বহুদলীয় গণতন্ত্র, অসংখ্য সংবাদমাধ্যম এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছে। দেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণের অপরিসীম অবদান রয়েছে।’

তিনি আরো উল্লেখ করেন, ‘স্বাধীনতার ঘোষণা দেয়ার পর থেকে সেনাবাহিনীকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পুত্র তারেক রহমান অবদান রেখে চলেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। বহুদলীয় গণতন্ত্রের প্রতীক জিয়াউর রহমানই এই আধুনিক বাহিনীর মূল ভিত্তি স্থাপন করেছিলেন।’

তিনি মন্তব্য করেন, পরাজিত শক্তি, যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কিংবা দাসত্ব মেনে নেয়, তাদের মনে রাখা উচিত—এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি গভীর আকাঙ্ক্ষা রয়েছে।

রিজভী বলেন, ‘যারা দেশের সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান একাকার হয়ে রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%