১২:৫১ এম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অতিরিক্ত যানবাহনের চাপ কমানোর উদ্দেশ্যে, যানজট নিরসন এবং আঞ্চলিক যোগাযোগকে আরও সহজতর করার জন্য ঢাকা-কুমিল্লা নতুন একটি বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এই মেগা প্রকল্পের প্রস্তাবিত পথনকশা চূড়ান্ত করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রায় ১৩৮ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নেটওয়ার্ক বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকার মধ্যে যোগাযোগ ও ব্যবসার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কুমিল্লার হোমনা থেকে লঞ্চ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় ফেরির দীর্ঘ ভোগান্তি থাকবে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ‘কুমিল্লা বাঁচাও মঞ্চের’ আয়োজনে কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের এমপি মনিরুল হক চৌধুরী প্রকল্পের ধারণাপত্র এবং এলজিইডির কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে উল্লেখ করা হয়েছে, এই সড়ক বাস্তবায়িত হলে রাজধানীতে যেতে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার একটি বৃহৎ জনগণের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে। এছাড়া আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। পুরো প্রকল্প বাস্তবায়নে অংশীদারি সংস্থা হিসেবে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদল নেতার ফোন যোগাযোগের অভিযোগ
স্থানীয় বাসিন্দাদের অভিমত, সড়কটি নির্মিত হলে দীর্ঘ দিনের ফেরি ও লঞ্চের যাতায়াতের ভোগান্তি আর থাকবে না। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা সমকালকে বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে ফেরি ও লঞ্চ যাত্রার দীর্ঘ ভোগান্তি থেকে ঢাকাগামী এলাকার লোকজন মুক্তি পাবে। এই সড়কে কম সময়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর এবং কুমিল্লা জেলার উত্তরাঞ্চলের অধিকাংশ লোকজন উপকৃত হবে।
মনিরুল হক চৌধুরী এমপি সমকালকে বলেন, প্রস্তাবিত এই সড়ক বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্ভরতা কিছুটা কমবে। এছাড়া মহাসড়কে যানজট নিরসন, দ্রুত যোগাযোগ, আঞ্চলিক উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ হবে। পাশাপাশি কুমিল্লার স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসার প্রসার ঘটবে।
যেসব এলাকা নিয়ে সম্ভাব্য রুট
সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত রুট কুমিল্লার সুয়াগাজী (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) থেকে শুরু হয়ে বিবিরবাজার স্থলবন্দর, শাহপুর ব্রিজ, পালপাড়া ব্রিজ, গোবিন্দপুর বাজার, পীরযাত্রাপুর, কংশনগর বাজার, দেবিদ্বার বাজার, মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজার, মেটাংঘরের শ্রীকাইল বাজার, সল্লা (কুমিল্লা শেষ), ব্রাহ্মণবাড়িয়ার সলিমাবাদ, বাঞ্ছারামপুর বাজার, বিশ্বনন্দী ফেরিঘাট, ভূলতা (ঢাকা-সিলেট মহাসড়ক), ডেমরা-তারাবো মহাসড়ক হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এতে একাধিক আঞ্চলিক সড়ক ও বাজার একই নেটওয়ার্কে যুক্ত হবে।
আরও পড়ুন: লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ
সওজের অংশে ৯৬ কিলোমিটার
সওজের প্রস্তাবিত সড়কের গোমতীর প্রতিরক্ষা বাঁধের মোট দৈর্ঘ্য ৯৬ দশমিক ৫ কিলোমিটার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ১০ দশমিক ৭৭ কিলোমিটার, বুড়িচংয়ে ১১ কিলোমিটার এবং ব্রাহ্মণপাড়ায় ৩ কিলোমিটার। এছাড়া মুরাদনগরে গ্রামীণ সড়কে ২৪ কিলোমিটার, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর অংশে ১০ কিলোমিটার এবং আড়াইহাজার-ভূলতা-গোপীবাগ অংশে ৩৭ দশমিক ২৮ কিলোমিটার সড়ক থাকবে। পুরো প্রকল্পে বেশ কয়েকটি স্থানে ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফেরি ও লঞ্চ যাত্রার ভোগান্তি থাকবে না। এসব সড়কের অধিকাংশের প্রস্তাবিত প্রস্থ ১৮ ফুট।
এলজিইডির ৪১ কিলোমিটার
প্রস্তাবের দ্বিতীয় অংশ এলজিইডি আওতাভুক্ত। এই অংশের দৈর্ঘ্য ৪১ দশমিক ৩২ কিলোমিটার। এর মধ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ১ দশমিক ২৩ কিলোমিটার, বুড়িচংয়ে ৬ দশমিক ৩০ কিলোমিটার, ব্রাহ্মণপাড়ায় ২ দশমিক ২৯ কিলোমিটার, দেবিদ্বারে ১২ কিলোমিটার, মুরাদনগরে ৫ দশমিক ৫০ কিলোমিটার এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর অংশের ১৪ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। নকশা অনুযায়ী সড়কগুলোর প্রস্থ স্থানভেদে ১০ থেকে ১৮ ফুট।
আরও পড়ুন: সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দা
এলজিইডি এবং সওজের কর্মকর্তারা জানাচ্ছেন, পুরো রুটকে কার্যকর ও বিকল্প মহাসড়ক হিসেবে গড়ে তুলতে সড়কের ধারণক্ষমতা, ভারী যানবাহন চলাচলের উপযোগিতা, সংযোগ সড়ক এবং প্রয়োজনীয় সম্প্রসারণের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রস্তাবিত সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য দাঁড়ায় ১৩৭ দশমিক ৩৭ কিলোমিটার।
জমি অধিগ্রহণ ও সেতু নির্মাণ
প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু কারিগরি ও প্রাতিষ্ঠানিক বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে জমি অধিগ্রহণ ও পরিবেশগত ছাড়পত্র। প্রকল্পের জন্য টিএ (টেকনিক্যাল অ্যাসেসমেন্ট) প্রজেক্ট গ্রহণ, নদী বা জলাশয়সংলগ্ন এলাকায় সড়কের অ্যালাইনমেন্ট নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনাপত্তিপত্র (এনওসি) গ্রহণ, বিশ্বনন্দী ফেরিঘাট এবং হোমনা উপজেলার ঘাগুটিয়া লঞ্চঘাট এলাকায় নতুন ব্রিজ নির্মাণ।
ডিপিপি তৈরির কাজ চলমান
আরও পড়ুন: কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ ২৮৮ জন আটক
নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়নে বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) কাজ চলছে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের অর্থ বরাদ্দের অনুমোদন পেলে সওজ, এলজিইডি, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত ব্যবস্থাপনায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।
সুশাসনের জন্য নাগরিক সুজন কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে প্রায়ই ভোগান্তির শিকার হতে হয়। তাই বিকল্প এই সড়ক নির্মাণ হলে যানবাহন চলাচল ও পণ্য পরিবহনে আর কোনো ভোগান্তি থাকবে না।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান রোববার রাতে সমকালকে বলেন, আমাকে নিজেও ফেরি দিয়ে পার হয়ে রাজধানীতে যেতে হয়। এমন ভোগান্তি নিরসনে নতুন প্রস্তাবিত এই সড়ক দ্রুত বাস্তবায়নের দাবি সবার। তিনি আরও বলেন, কসবা উপজেলায় নতুন একটি ইপিজেড করার পরিকল্পনা সরকারের রয়েছে। এই নতুন সড়ক নির্মাণ হলে ইপিজেডের পণ্য পরিবহন সহজ হবে।
আরও পড়ুন: শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন