ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য


শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শাড়ি ফেরত না দেওয়া, প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত শেষে সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। 

তবে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন মামলার বাদী ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া। তার দাবি, মামলার তদন্তের সময় হুমকির অডিও রেকর্ডিংসহ বিভিন্ন প্রমাণ তদন্ত কর্মকর্তাকে দেওয়া হলেও সেগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এ কারণে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মামলার নথি ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মামলাটি করেন আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া। আদালতের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

আরও পড়ুন: কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত, বরখাস্ত লে. কর্নেল ফারুখ হোসেন

বাদীর দাবি, তদন্তের সময় তিনি সাক্ষী, হুমকির অডিও রেকর্ডিংসহ বিভিন্ন প্রমাণ তদন্ত কর্মকর্তার কাছে দিয়েছেন। কিন্তু অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে প্রতিবেদন দেওয়ায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন।

আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া বলেন, ‘মামলার পর আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে। আমি সাক্ষী, হুমকির অডিও রেকর্ডিংসহ সব প্রমাণ দিয়েছি। কিন্তু কোনো কারণ উল্লেখ না করে অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দেওয়া হয়েছে। এতে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। তাই আইনজীবীর সঙ্গে আলোচনা করে প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করব।’

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় গণমাধ্যমকে জানান, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ওই দিনই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা হবে বলে জানান তিনি।

তার ভাষ্য, ‘তানজিন তিশার হুমকির অডিও রেকর্ডিং তদন্ত কর্মকর্তাকে শোনানো হলেও তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি। আমরা আদালতে ন্যায়বিচার চাইব। আশা করছি, সার্বিক বিষয় বিবেচনা করে আদালত মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেবেন।’

আরও পড়ুন: ঢাকায় ৩ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬

মামলার নথি অনুযায়ী, বাদী একজন ফ্যাশন ডিজাইনার এবং ঢাকার গুলশানের ১২৭ নম্বর রোডে তার একটি ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। অন্যদিকে তানজিন তিশা একজন মডেল ও অভিনেত্রী। বিভিন্ন ফ্যাশন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার সূত্রে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা তার সাবেক ড্রাইভারের মাধ্যমে বাদীর কাছ থেকে একটি শাড়ি নেন। বাদীপক্ষের দাবি, শাড়িটির মূল্য ছিল ৭৫ হাজার টাকা এবং অনুষ্ঠান শেষে পরদিনই সেটি ফেরত দেওয়ার কথা ছিল। তবে শাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়।

শাড়িটি ফেরত চেয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তিশাকে ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠান বাদী। তবে উভয়ের মেসেঞ্জারের স্ক্রিনশট পর্যালোচনা করে তদন্ত কর্মকর্তা দেখতে পান, তিশা ওই বার্তাগুলো ‘সিন’ করেননি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ব্যস্ততার কারণে তিশা নিয়মিত ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতেন না।

এরপর ২০২৫ সালের ১৪ এপ্রিল বাদী তিশাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান। একই বছরের ১৮ মে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের দেখা ও কুশল বিনিময়ও হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: আমার দেশ জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছে: রাশেদ খান

পরবর্তীতে ফ্যাশন হাউজের ট্রায়াল রুম ও ব্যক্তিগত বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা এবং মনোমালিন্য তৈরি হয়। এরপর ২০২৫ সালের ৫ নভেম্বর বাদী আবার তিশাকে মেসেঞ্জারে শাড়িটি ফেরত দেওয়ার জন্য বার্তা পাঠান।

জবাবে তিশা শাড়িটির বিষয়ে জানতে চান এবং বাদী শাড়িটির ছবি পাঠান। পরে তিশা মেসেঞ্জারে কল করলেও বাদী তা রিসিভ করতে পারেননি। পরবর্তী কথোপকথনে তিশা শাড়িটির বিষয়টি মনে করতে পারছেন না এবং খুঁজে দেখে জানাবেন বলে জানান।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিশার দাবি অনুযায়ী তার সাবেক ড্রাইভারের শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা ফেরত দেননি। পরে ওই ড্রাইভার চাকরি ছেড়ে অন্যত্র চলে যান।

এরপর ৭ নভেম্বর বাদী তিশাকে মেসেঞ্জারে ইংরেজিতে একটি বার্তা পাঠান। সেখানে আগের বার্তাগুলো দেখতে এবং শাড়িটি ফেরত দিতে বলেন তিনি। একই সঙ্গে তাকে হুমকি দেওয়ার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: মিরপুরে পোশাকশ্রমিকদের পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৩০ হাজার টাকার বেতন দাবিতে বিক্ষোভ

জবাবে ১০ নভেম্বর তিশা মেসেঞ্জারে বাদীকে ব্যক্তিগত সমস্যা ও পেশাগত বিষয় আলাদা রাখার অনুরোধ করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই বার্তায় তিশা উল্লেখ করেন যে শাড়ির বিষয়ে তার লোকজন ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে এবং বাদীর লোকজন যেন তাদের সঙ্গে যোগাযোগ করে।

পরে ১২ নভেম্বর বাদী গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্ত প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানতে পেরে তিশা গুলশান থানা পুলিশের মাধ্যমে শাড়িটি ফেরত দিতে চাইলেও বাদী তা গ্রহণ না করে মামলা করেন।

পিবিআইয়ের তদন্তে তানজিন তিশাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বাদীর সঙ্গে একসময় তার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এর আগে বাদীর কাছ থেকে আরও শাড়ি নিয়ে পরার পর সেগুলো ফেরত দিয়েছেন বলেও তিনি তদন্ত কর্মকর্তাকে জানান।

তিশার দাবি, দীর্ঘদিন বিষয়টি নিয়ে কোনো কথা না হওয়ায় তিনি শাড়িটির কথা ভুলে গিয়েছিলেন। তার আগের ড্রাইভার শাড়িটি ফেরত না দিয়ে চাকরি ছেড়ে চলে যাওয়ায় বিষয়টি জটিল হয়।

আরও পড়ুন: অ্যামনেস্টির তীব্র সমালোচনা, পাকিস্তানে মানবাধিকার আইনজীবীদের ১০ বছরের কারাদণ্ড

মামলার বিষয়টি জানার পর তানজিন তিশা ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান। মামলার নথি অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ তিনি শাড়িটি ডাকযোগে ফেরত দেন।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, বাদীকে নোটিশ দিয়ে এবং তদন্তের সময় সরাসরি ও মোবাইল ফোনে মামলার অভিযোগের পক্ষে দালিলিক সাক্ষ্য-প্রমাণ দিতে বলা হলেও তিনি কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করেননি। অন্যদিকে তিশা শাড়িটি ফেরত পাঠিয়েছেন।

এ কারণে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়নি বলে মত দেন তদন্ত কর্মকর্তা।

হুমকির অভিযোগের বিষয়েও তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১০ নভেম্বর তিশার পাঠানো মেসেজের শেষাংশে শাড়িটি ফেরত দেওয়ার ঠিকানা জানতে চাওয়া এবং বাদীর সুন্দর জীবন কামনা করা হয়েছিল। ফলে ওই বার্তার মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু, দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

সবশেষে তদন্ত কর্মকর্তা জানান, মামলার বাদী ও বিবাদীকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে বাদীর আনা অভিযোগের বিষয়ে কোনো অপরাধ প্রমাণিত হয়নি।

তবে পিবিআইয়ের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বাদীপক্ষ। তাদের দাবি, মামলায় দেওয়া হুমকির অডিও রেকর্ডিংসহ অন্যান্য প্রমাণ যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। আগামী ৯ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ওই শুনানির পর মামলাটির পরবর্তী গতিপথ নির্ধারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের শর্ত ভঙ্গ করে সভা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


আদালতের শর্ত ভঙ্গ করে সভা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা

কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দেওয়া শর্ত লঙ্ঘনের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুলিশ।

শনিবার কলকাতা পুলিশের হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিতভাবে এফআইআরটি করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি টিএমসিপির ওই সভার আয়োজকদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, আদালতের আদেশের শর্ত লঙ্ঘনের অভিযোগে এফআইআর করা হয়েছে। তদন্তের সময় এই লঙ্ঘনের সঙ্গে জড়িত সবার ভূমিকা খতিয়ে দেখা হবে।

শুক্রবার মধ্য কলকাতার ক্যাথেড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা অনুষ্ঠিত হয়। ওই সভা আয়োজনের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যেসব শর্ত দিয়েছিল, সেগুলো পর্যালোচনার পরই মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে কাল ভিক্টোরিয়ার মুখোমুখি বাংলাদেশ এইচপি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে কাল ভিক্টোরিয়ার মুখোমুখি বাংলাদেশ এইচপি

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম সেমিফাইনালে কাল ভিক্টোরিয়া সিএ একাদশের মুখোমুখি হবে বাংলাদেশ হাই পারফরমেন্স(এইচপি) একাদশ। ডারউইনের গার্ডেন্স ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে।

একই দিন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের অপর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।

দ্বিতীয় সেমিফাইনালে লড়বে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ও নিউজিল্যান্ড ‘এ’। ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়।

দুই সেমিফাইনাল শেষে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে ফাইনাল ম্যাচ শুরু হবে। 

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল- অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, বাংলাদেশ এইচপি, ভিক্টোরিয়া সিএ একাদশ এবং নিউজিল্যান্ড ‘এ’ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। 

লিগ পর্বে ৬ ম্যাচ করে খেলে সমান ১০ করে পয়েন্ট অর্জন করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স, বাংলাদেশ এইচপি এবং ভিক্টোরিয়া। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় শীর্ষ আছে অ্যাডিলেড। 

এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে- বাংলাদেশ এইচপি এবং ভিক্টোরিয়া। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড ‘এ’ দল। 

টুর্নামেন্টের নিয়মনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল প্রথম সেমিফাইনালে এবং শীর্ষ ও চতুর্থ স্থানে থাকা দল দ্বিতীয় সেমিফাইনালে খেলবে। 

এবারের আসরে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ এইচপির খেলোয়াড়রা। বিশেষভাবে অফ-স্পিনার মোহাম্মদ রুবেল। ৬ ম্যাচে ২৪ ওভার বল করে ১৪৮ রানে এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন। ইনিংসে একবার পাঁচ ও দুই বার চার উইকেট নেন তিনি। 

ব্যাটারদের মধ্যে বাংলাদেশের হয়ে ৬ ম্যাচে ২ হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ২০০ রান করেছেন আরিফুল ইসলাম। টুর্নামেন্টে সর্বোচ্চ রানের তালিকায় এ পর্যন্ত চতুর্থ স্থানে আছেন তিনি। এছাড়া বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৯ রান করেছেন সাব্বির রহমান। ২টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনিও। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিজিটাল সার্ভে শেষ হলে চিরতরে জালিয়াতি বন্ধ হবে : ভূমি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


ডিজিটাল সার্ভে শেষ হলে চিরতরে জালিয়াতি বন্ধ হবে : ভূমি প্রতিমন্ত্রী

হাটহাজারী (চট্টগ্রাম), ২৯ আগস্ট ২০২৬ : ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। 

তিনি বলেন, ডিজিটাল সার্ভে সঠিকভাবে সম্পন্ন হলে দেশে একটি নির্ভুল ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠবে এবং প্রায় ৮০ শতাংশ সিভিল ও ফৌজদারি মামলা নিরসন হবে। নতুন এই ডিজিটাল সার্ভে ব্যবস্থা চালু হলে ভূমিসংক্রান্ত জালিয়াতি চিরতরে বন্ধ হবে এবং সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন।

আজ শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবা প্রার্থীদের জন্য নির্মিত আধুনিক বিশ্রামাগার ‘সেবা কুঞ্জ’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমি সেবাকে শতভাগ জনবান্ধব ও নির্বিঘ্ন করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, ভূমি কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামক বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। 

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী অফিস প্রাঙ্গণে থাকলে ‘ভূমি দৃষ্টি’ নামক এই অ্যাপে ‘সবুজ সংকেত’ এবং বাইরে গেলে ‘লাল সংকেত’ প্রদর্শিত হবে। এর মাধ্যমে সেবা প্রদানকারীর সেবা প্রদানের স্বচ্ছতা নির্ধারণ করা সহজ হবে এবং সেবার মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ভূমি সেবার মান অধিকতর নিশ্চিতকরণ প্রসঙ্গে ভূমি প্রতিমন্ত্রী বলেন, সেবা প্রার্থীরা যেন কোনো অস্বস্তি ছাড়াই সরকারি সেবা পেতে পারেন, সে লক্ষ্যে ‘সেবা কুঞ্জ’ তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা চাই ভূমি মন্ত্রণালয়ের অতীতের দুর্নাম ঘুচিয়ে দেশের ভূমি মালিকদের ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দ্রুত সেবা নিশ্চিত করতে। ডিজিটাল সার্ভে সম্পন্ন হলে ভবিষ্যতে আর কোনো রেকর্ড ভুল হওয়ার সুযোগ থাকবে না।’

চট্টগ্রাম ও রাজশাহীতে ডিজিটাল সার্ভে শুরু করা প্রসঙ্গে ব্যারিস্টার মীর হেলাল জানান, চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলীতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস)-এর পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম ও রাজশাহীতে একযোগে এই আধুনিক জরিপ কাজ শুরু হয়েছে। 

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী হাটহাজারীতে জনকল্যাণমূলক  ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

এরপর তিনি মির্জাপুরে ‘ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ’ উদ্বোধন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমানের চারা বিতরণ করেন।

প্রতিমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানগুলোতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি ও সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদন : (হিলি) হাকিমপুর দিনাজপুর

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

ভারতের ব্যবসায়ীরা দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন। তারা পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়া এবং বিভিন্ন ব্যবসায়িক জটিলতার অভিযোগ তুলেছেন।

ভারতীয় ব্যবসায়ীদের এই ঘোষণার ফলে আগামীকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে বন্দরকেন্দ্রিক ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তারা দাবি করেছেন, হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও বাণিজ্যিক জটিলতা বিদ্যমান। এই কারণে ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন এবং হিলি স্থলবন্দর ব্যবহার করে বাণিজ্য পরিচালনায় আগ্রহ হারাচ্ছেন।

অন্যদিকে, অন্যান্য স্থলবন্দরে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম তুলনামূলক সহজ হওয়ায় ব্যবসায়ীরা সেসব বন্দরের দিকে ঝুঁকছেন। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির পরিমাণ কমে যাচ্ছে এবং সংশ্লিষ্টরা ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়ছেন।

এই পরিস্থিতিতে ভারতীয় ব্যবসায়ীরা সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা।

হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। এই বন্দরকে কেন্দ্র করে দুই দেশের বিপুলসংখ্যক ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, পণ্যবাহী ট্রাকের চালক ও শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ জীবিকা নির্বাহ করেন।

দীর্ঘ সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলে এর নেতিবাচক প্রভাব দুই দেশের ব্যবসা-বাণিজ্যে পড়তে পারে। পাশাপাশি বাংলাদেশে ভারতীয় পণ্যের সরবরাহেও বিঘ্ন ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

এদিকে, ভারতীয় ব্যবসায়ীদের ঘোষণার পর হিলি স্থলবন্দরের বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।

ব্যবসায়ীদের মতে, দুই দেশের পারস্পরিক বাণিজ্যের জন্য এই স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে উভয় দেশের ব্যবসায়ীরাই ক্ষতির মুখে পড়বেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টির সমাধান জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%