ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

স্মার্ট হাইটেক স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু


স্মার্ট হাইটেক স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু

স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) লাইন চালু করেছে, যা স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে অনার ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন করে।

এসএমটি লাইনে বিশেষায়িত যন্ত্রের মাধ্যমে সরাসরি স্মার্টফোনের মাদারবোর্ডে ইলেকট্রনিক উপাদান বসানো সম্ভব হচ্ছে। এর ফলে, স্মার্টফোন উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ এখন বাংলাদেশে সম্পন্ন করা যাবে। এতে আমদানি করা যন্ত্রাংশ ও উপাদানের ওপর নির্ভরতা কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদনের এই পরিবর্তন এবং এর রপ্তানির সম্ভাবনা যাচাই করতে সিঙ্গাপুরের নানিয়াং বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের চার সদস্যের একটি প্রতিনিধি দল স্মার্ট হাইটেকের কারখানা পরিদর্শন করেছে। প্রতিনিধি দলটি বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন কীভাবে রপ্তানির সুযোগ তৈরি করতে পারে, সে বিষয়েও কাজ করছে।

আরও পড়ুন: পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর

নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্প্যান ক্যাপস্টোন কর্মসূচির আওতায় পরিচালিত নয় মাসের প্রকল্প ‘প্রজেক্ট স্মার্টঅ্যাসেন্ড’-এর অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়। প্রকল্পটি ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিনিধি দলটি বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন বাড়ানো এবং রপ্তানির বাজার গড়ে তোলার ক্ষেত্রে সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে।

প্রতিনিধি দলটি গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন উৎপাদন লাইনসহ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করে। এছাড়া, স্মার্টফোনের স্থানীয় বাজার, প্রতিষ্ঠানটির বিক্রয় কার্যালয় ও অংশীদার দোকানগুলোও তারা পরিদর্শন করে। সফরের সময় প্রতিনিধি দলের সদস্যরা স্মার্ট হাইটেকের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন।

মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "এ সফরের মাধ্যমে প্রতিনিধি দলের সদস্যরা আমাদের উৎপাদনপ্রক্রিয়া ও বাজার পরিস্থিতি সরাসরি দেখার সুযোগ পেয়েছেন।"

তিনি আরও বলেন, "এই কারখানা চালুর সময় আমরা বলেছিলাম, বাংলাদেশেই বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য তৈরি করা সম্ভব। নতুন এসএমটি লাইন সেই লক্ষ্যকে আরও এগিয়ে নিচ্ছে। আমরা শুধু ফোন সংযোজন করছি না, ফোন তৈরি করছি। আমাদের পরবর্তী লক্ষ্য রপ্তানি। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে “মেড ইন বাংলাদেশ” স্মার্টফোন পৌঁছে দিতে চাই।"

আরও পড়ুন: গোদাগাড়ীর ১৬৫ প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ, শিক্ষকরা ব্যক্তিগত ডাটা ব্যবহার করতে বাধ্য

নানিয়াংয়ের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা গ্লেন লিম বলেন, কারখানা পরিদর্শন ও স্থানীয় বাজার পর্যবেক্ষণের মাধ্যমে দলের সদস্যরা স্মার্টফোন শিল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি বলেন, "আমাদের কারখানা পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় স্মার্ট হাইটেকের সবাইকে ধন্যবাদ।"

স্মার্ট হাইটেক ২০২৫ সালের ডিসেম্বরে ১৫০ কোটি টাকা বিনিয়োগে কারখানাটি চালু করে। সেখানে উৎপাদিত প্রথম অনার স্মার্টফোন ছিল অনার এক্স৬সি, যা ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে বাজারে আসে।

আরও পড়ুন: এআই-এর স্বস্তিতে সংকটের আশঙ্কা বাড়ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিজিটাল পেমেন্টের সুযোগ বাড়াতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও মাস্টারকার্ড যুক্ত করছে গুগল পে সেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


ডিজিটাল পেমেন্টের সুযোগ বাড়াতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও মাস্টারকার্ড যুক্ত করছে গুগল পে সেবা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) মাস্টারকার্ডের সাথে যৌথ উদ্যোগে গুগল পে সেবা চালুর ঘোষণা দিয়েছে, যা ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য প্রযোজ্য। এই সেবার ফলে গ্রাহকেরা উপযোগী অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং সহজে কন্ট্যাক্টলেস পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে আরও বেশি বিকল্প সৃষ্টি হবে। এমটিবি মাস্টারকার্ড কার্ডহোল্ডাররা গুগল পে অ্যাপে তাঁদের কার্ড যুক্ত করে বিশ্বজুড়ে লাখো মার্চেন্ট প্রতিষ্ঠানে কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে সক্ষম হবেন। পাশাপাশি, তাঁরা ঘরে বসেই অনলাইনে ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিরাপদে কেনাকাটার পেমেন্ট করতে পারবেন।

গুগল পে উন্নত নিরাপত্তাব্যবস্থা যেমন টোকেনাইজেশন, ডিভাইস-লেভেল এনক্রিপশন এবং বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করে প্রতিটি লেনদেনকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। এটি পেমেন্টের প্রক্রিয়াকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে।

রাজধানীর পুলিশ প্লাজায় সেবাটির ব্যবহারিক কার্যক্রম সরাসরি তুলে ধরে এমটিবি ও মাস্টারকার্ড। সেখানে অতিথিরা বাংলাদেশের প্রথম ও একমাত্র সফটপজ (ঝড়ভঃচঙঝ) সমাধান মুঠোপে ব্যবহার করে অংশগ্রহণকারী মার্চেন্ট প্রতিষ্ঠানে গুগল পে-এর মাধ্যমে পেমেন্টের অভিজ্ঞতা গ্রহণ করেন। মুঠোপে চলতি বছরের শুরুতে চালু করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান; মাস্টারকার্ডের ইন্ডিয়া ও সাউথ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল; শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সান্দুন হাপুগোদা; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “গুগল পে চালু করার লক্ষ্যই হলো নিরাপদ ও গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করা, যা এমটিবির দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এর মাধ্যমে আমাদের মাস্টারকার্ড কার্ডহোল্ডাররা দৈনন্দিন লেনদেনে আরও বেশি স্বাধীনতা ও সুবিধা পাবেন। একইসাথে, তাঁদের পেমেন্টের অভিজ্ঞতা হবে আরও উন্নত। এই উদ্যোগ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার যাত্রায় আরও বেশি গতি সঞ্চার করবে।”

মাস্টারকার্ডের ইন্ডিয়া ও সাউথ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, “দক্ষিণ এশিয়াজুড়ে আমরা লক্ষ্য করছি, সহজে ব্যবহার করা যায়, নিরাপদ ও প্রয়োজনের সময় হাতের নাগালে থাকে এমন ডিজিটাল পেমেন্টের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। স্থানীয় গ্রাহকদের কাছে বৈশ্বিক পেমেন্ট উদ্ভাবন পৌঁছে দিতে অংশীদারত্বেবর ভূমিকা কী, সেক্ষেত্রে আরেকটি দৃষ্টান্ত স্থাপন হলো এমটিবি মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য গুগল পে চালু করার মাধ্যমে। উন্নত নিরাপত্তাব্যবস্থা ও নির্বিঘ্ন ডিজিটাল অভিজ্ঞতা; এই দুইয়ের সমন্বয়ে আমরা বাংলাদেশের বাণিজ্যের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করছি।”

এই উদ্যোগের মাধ্যমে এমটিবি ও মাস্টারকার্ড বাংলাদেশে পেমেন্ট ব্যবস্থায় উদ্ভাবন এবং নিরাপদ ডিজিটাল লেনদেনের সুযোগ আরও বিস্তৃত করার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহে ইউসিবি ইনভেস্টমেন্টের সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহে ইউসিবি ইনভেস্টমেন্টের সহায়তা

ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবঅর্ডিনেটেড বন্ড-৮-এর মাধ্যমে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) সফলভাবে ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এই লেনদেনে প্রতিষ্ঠানটি লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে।

বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের সংশোধিত মূলধনসংক্রান্ত নীতিমালা (Revised Regulatory Capital Framework) ও ব্যাসেল-৩-এর আওতায় ট্রাস্ট ব্যাংকের টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করবে। এর ফলে ব্যাংকটির নিয়ন্ত্রক মূলধনের চাহিদা পূরণে সহায়তা পাওয়া যাবে।

লেনদেনটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর ঢাকায় ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরী এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিম আলমগীর।

এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই লেনদেন ঋণভিত্তিক মূলধন বাজারে অর্থায়নের কাঠামো তৈরি ও লেনদেন বাস্তবায়নে ইউসিবি ইনভেস্টমেন্টের সক্ষমতার প্রতিফলন। গত ছয় বছরে প্রতিষ্ঠানটি ৬৬টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে।

এসব লেনদেনের মাধ্যমে গ্রাহকদের জন্য ২১ হাজার ৬০০ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। বিনিয়োগ ব্যাংকিংয়ে অভিজ্ঞতা ও গ্রাহকদের চাহিদাভিত্তিক সেবার মাধ্যমে দেশের আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন সহজ করতে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট।

ঋণ ও ইক্যুইটি মূলধন বাজার, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ), ব্যবসায়িক মূল্যায়ন এবং পোর্টফোলিও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিনিয়োগ ব্যাংকিং ও পরামর্শ সেবা প্রদান করে ইউসিবি ইনভেস্টমেন্ট। এসব সেবার মাধ্যমে গ্রাহকদের অর্থায়নের চাহিদা পূরণ ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সহযোগিতা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ‘আমেরিকা ইন কালার’ প্রদর্শনী, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


ঢাকায় ‘আমেরিকা ইন কালার’ প্রদর্শনী, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় ‘আমেরিকা ইন কালার’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু হয়েছে। রাজধানীর ইএমকে সেন্টারে ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনীতে বাংলাদেশের ২৯ জন তরুণ শিল্পীর ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এসব শিল্পকর্মের মাধ্যমে স্বাধীনতা, সংস্কৃতি, উদ্ভাবন ও ভবিষ্যৎ নিয়ে শিল্পীদের ভাবনা প্রকাশিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) প্রদর্শনীটি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়েন ডাও। তারা শিল্পকর্মগুলো ঘুরে দেখেন এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনে অংশ নেওয়ার জন্য শিল্পীদের ধন্যবাদ জানান।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি এনগেজমেন্ট ডিরেক্টর (কালচারাল) চার্ড এ ব্রুনার প্রদর্শনী সম্পর্কে বলেন, এখানে নতুন ও তরুণ শিল্পীদের পাশাপাশি অভিজ্ঞ শিল্পীদের কাজও স্থান পেয়েছে। বিভিন্ন পর্যায়ের শিল্পীদের কাজ তুলে ধরতে পেরে তারা আনন্দিত। নতুন শিল্পীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের কাজ দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশের মানুষ দেশটিকে কীভাবে দেখেন, সে বিষয়ে তাদের ভাবনা জানতে চেয়েছে দূতাবাস। শিল্পকর্মের মাধ্যমে সেই দৃষ্টিভঙ্গির কিছু অংশ তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

‘আপনার চোখে ২৫০ বছরের আমেরিকা কেমন?’—এই প্রতিপাদ্যে ১৫ থেকে ৩৫ বছর বয়সী শিল্পীদের কাছ থেকে মৌলিক শিল্পকর্ম আহ্বান করে যুক্তরাষ্ট্র দূতাবাস। ২৮ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলা এ আহ্বানে ৯০ জন শিল্পী ১৩০টি শিল্পকর্ম জমা দেন। সেখান থেকে ৩০টি কাজ প্রদর্শনীর জন্য বাছাই করা হয়। নির্বাচিত কাজের মধ্যে রয়েছে চিত্রকর্ম, বস্ত্রশিল্প এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস, সাংস্কৃতিক পরিচয় ও স্বাধীনতাকে ঘিরে নানা সৃজনশীল উপস্থাপনা।

প্রদর্শনীতে নিজের কাজ স্থান পাওয়ায় আনন্দ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী সজল জামাদ্দার। তিনি জানান, উদ্ভাবন ও মানুষের স্বাধীনতার বিষয় নিয়ে তৈরি তার শিল্পকর্মটি নির্বাচিত হওয়ায় তিনি খুবই খুশি। যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে নিজের ছবি প্রদর্শনের সুযোগ পাওয়াকে আনন্দের বলে উল্লেখ করেন তিনি।

ফ্রিল্যান্স শিল্পী তানজিলা সুমাইয়া সিদ্দিকী বলেন, ‘বিয়ন্ড বাউন্ডারি’ শিরোনামের কাজের মাধ্যমে নিজের আবেগ প্রকাশের চেষ্টা করেছেন তিনি। বিভিন্ন সংস্কৃতির মধ্যে শিল্পের আদান-প্রদান বা ক্রস-কালচারাল কাজের সুযোগ পেলে তিনি আনন্দিত হন। স্বাধীনতা বাংলাদেশের মানুষের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষকে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে। সেই আবেগই নিজের শিল্পকর্মে তুলে ধরার চেষ্টা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়াকে পরাজিত করে হংকং সিক্সেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


অস্ট্রেলিয়াকে পরাজিত করে হংকং সিক্সেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আফগানিস্তান

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে শিরোপা উঁচিয়ে ধরে আফগানরা।

মং ককের মিশন রোড গ্রাউন্ডে শনিবার অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করে। তারা ১১৬ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখেই পূরণ করে।

ফাইনালের নায়ক ইমরান মির ১৪ বলে অপরাজিত ৫৩ রান করেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে ৪৪ রান করেন। অপরদিকে, অ্যালেক্স রস ১০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। নিক হবসন ৮ বলে ২৩ রান করেন।

লক্ষ্য তাড়ায় ইমরান মিরের ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে আফগানিস্তান। ফারমানুল্লাহ ৭ বলে অপরাজিত ২৬ রান করেন।

আফগানিস্তান পুরো টুর্নামেন্টজুড়ে আক্রমণাত্মক ক্রিকেট প্রদর্শন করেছে। ব্যাট ও বল হাতে দারুণ ছন্দে থাকা দলটি গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যন্ত প্রতিপক্ষদের ওপর আধিপত্য বজায় রাখে। ফাইনালেও সেই ধারাবাহিকতার প্রতিফলন দেখা যায়।

গত শুক্রবার শুরু হওয়া এই টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে। এটি স্বীকৃত কোনো ক্রিকেট নয় এবং প্রতি দলে ৬ জন খেলোয়াড় থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%