বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৭:১৫ পি.এম
রাজশাহীর মোহনপুর উপজেলায় ৫৯ গ্রাম হেরোইনসহ মো: গোলাম হোসেন (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি মুঠোফোন, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং ৪ হাজার ৯০০ টাকা।
বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মোহনপুর উপজেলার পিয়ারপুর গ্রামের ধুরইল বাজার থেকে কালীগঞ্জ বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে গোলাম হোসেনকে আটক করা হয়।
এসআরবি-৫-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গোলাম হোসেন সোহাগপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তাঁর হেফাজতে থাকা ৫৯ গ্রাম হেরোইন, মুঠোফোন, সিএনজিচালিত অটোরিকশা এবং নগদ টাকা উদ্ধার করা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর গোলাম হোসেনকে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাগমারায় প্রতিবন্ধী ভাতার টাকা তুলতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন এক ইউপি সদস্য। তার কাছে ১২টি সিম কার্ড পাওয়া গেছে, যেগুলো ব্যবহার করে প্রতিবন্ধী ভাতার টাকা তোলার চেষ্টা করা হচ্ছিল। এর মধ্যে ১০টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
অভিযুক্ত শহিদুল ইসলাম গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) দুপুরে ইউনিয়নের মাড়িয়া মোড়ে বিকাশ এজেন্ট এনামুল হকের দোকানে ভাতার টাকা তুলতে যান শহিদুল ইসলাম। এ সময় তিনি বিভিন্ন অপারেটরের ১০টি সিম কার্ড বিকাশ এজেন্টের কাছে দেন। বাকি দুটি সিম কার্ড তার মোবাইল ফোনে লাগানো ছিল।
একসঙ্গে এতগুলো সিম কার্ড দিয়ে টাকা তোলার চেষ্টা দেখে উপস্থিত লোকজনের সন্দেহ হয়। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তাদের সঙ্গে শহিদুলের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় দিয়ে দোকানের বাইরে আনা হয়। এ সময় তার পক্ষের লোকজনও সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে স্থানীয় হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে যান।
তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাকসুদ রুপক বলেন, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর উপস্থিত লোকজনের কাছ থেকে ইউপি সদস্যকে উদ্ধার করা হয়। পরে তার কাছে থাকা ১২টি সিম কার্ডের মধ্যে ১০টি জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়।
অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, তার বাবা, ভাই ও ভাতিজির নামও প্রতিবন্ধী তালিকায় রয়েছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান আগে থেকেই জানতেন বলে দাবি করেন তিনি।
শহিদুলের অভিযোগ, চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাওয়ায় চেয়ারম্যানের লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছেন।
বিকাশ এজেন্ট এনামুল হক জানান, প্রতিবন্ধী ভাতার টাকা তোলার জন্য ইউপি সদস্য আমার কাছে ১০টি সিম কার্ড জমা দিয়েছিলেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে হাতেনাতে আটক করেন।
গোবিন্দপাড়া ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বিগত সরকারের সময় থেকে ওই ইউপি সদস্য প্রায় অর্ধশতাধিক সুস্থ-সবল মানুষকে প্রতিবন্ধী তালিকায় অন্তর্ভুক্ত করে ভাতার টাকা আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগ রয়েছে। সিম কার্ডগুলো তার নিজের ও স্বজনদের নামে নিবন্ধিত। উদ্ধার হওয়া ১০টি সিম কার্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে তিনি নিজের হেফাজতে নিয়েছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমান বলেন, কিছুদিন আগে এ কার্যালয়ে যোগদানের পর জানতে পারি, ওই ইউপি সদস্য নিজের ও স্বজনদের নামে প্রতিবন্ধী ভাতা নিচ্ছেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে সিম কার্ডগুলোতে ভাতার টাকা জমা হওয়ায় তাৎক্ষণিকভাবে কিছু করা সম্ভব হয়নি। ভবিষ্যতে ওই ইউপি সদস্য আর ভাতা পাবেন না। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদক কারবারিদের কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এই উপজেলায় মাঝে মাঝে মাদকাসক্ত ব্যক্তিদের আটক করে জেল জরিমানা করা হচ্ছে। তবে, এখানে কিছু চিহ্নিত বড় মাদক কারবারি ধোঁয়াছোয়ার বাহিরে থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা প্রতিদিন লাখ লাখ টাকার মাদক কেনাবেচা করছে। এর ফলে পুঠিয়া এবং বেলপুকুর থানা এলাকা দুইটিতে মাদককারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে।
পুঠিয়া পৌর সদরের ৪নং ওয়ার্ডের আদিবাসি পাড়ায় সাবেক সহকারি কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে মাঝে মাঝে অভিযান চালানো হতো চোলাই মদ তৈরি করার কারখানায়। বর্তমানে চোলাই মদ তৈরির সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা পূর্বের মতো প্রতিদিন হাজার হাজার লিটার চোলাই মদ উৎপাদন ও বিক্রি করছে। গত কয়েক বছর ধরে নতুন কৌশলে আদিবাসীরা চোলাই মদ বিক্রি করছে। বিভিন্ন স্থানে পরে থাকা পরিত্যক্ত কমল পানির বোতল সংগ্রহ করে তার ভেতরে চোলাই মদ ঢুকিয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে।
এলাকার বাসিন্দারা একাধিকবার মৌখিক অভিযোগ থানায় দিয়েছেন, কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না। চোলাই মদ খেয়ে অনেকে বেহুশ হয়ে যেখানে সেখানে পড়ে থাকছে। আবার কেউ মদ খেতে এসে চুরি করে নিয়ে যাচ্ছে। আদিবাসি পাড়ার থানার দুরত্ব মাত্র প্রায় ৪শত মিটার হবে। রাজশাহী হতে এসআরবি-৫ এসে আদিবাসি পাড়ায় অভিযান চালাচ্ছে। কিন্তু থানা পুলিশ এবং মাদকদ্রব্য কর্মকর্তা সেখানে নির্বিকার রয়েছেন।
যেসব এলাকায় মাদক কারবারিদের রমরমা কেনাবেচা হচ্ছে, সেগুলোর মধ্যে পুঠিয়া বাজার, মোল্লাপাড়া, কান্দ্রা গুচ্ছুগ্রাম, ধোপাপাড়া, ফুলবাড়ি, নামাজগ্রাম, শিবপুর বাজার, বানেশ্বর হাট, পীরগাছা তালুকদার গুচ্ছগ্রাম, ঝলমলিয়া বাজার, রাজশাহী মেট্রোপলিটন বেলপুকুর থানার জামিরা, ডিসির মোড়, বগারটেকসহ একাধিক স্থানে মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে।
আদিবাসি পাড়ার স্থানীয়রা জানাচ্ছেন, প্রতিটি মাদককারবারির সঙ্গে মাদকদ্রব্য কর্মকর্তা এবং পুলিশের কিছু সদস্যের সমঝোতা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাদক কারবারি জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার একাধিক সদস্য এই উপজেলায় কর্মরত রয়েছেন। তাদের সঙ্গে মাদক কারবারিদের সখ্যতা থাকায় তারা নির্দ্বিধায় মাদক কারবারি করতে পারছেন। আদিবাসী পাড়ায় ক্ষমতাসীন দলের কয়েকজন কর্মী নিয়মিত চাঁদা আদায় করছেন।
আদিবাসী পাড়ায় চোলাই মদ তৈরির উপাদান সরবরাহ করছে ক্ষমতাসীন দলের দুইজন কর্মী। তাই, উপজেলা জুড়ে হাত বাড়ালেই ট্যাপেন্টাডল, ফেনসিডিল, ইয়াবা, ইরোইন, গাঁজা ও চোলাই মদ পাওয়া যায়। সংশ্লিষ্ট মাদক বিক্রেতারা বলছেন, পুলিশ এবং মাদকদ্রব্য কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করে তারা মাদক কারবার করে আসছেন। চুক্তি না করলে একদিনও মাদককারবার করা সম্ভব নয়। উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মাদকদ্রব্য সদস্যরা মাঝে মাঝে মাদকাসক্ত ব্যক্তিদের আটক করে জেল জরিমানা আদায় করতে দেখা যাচ্ছে।
এদিকে, উপজেলায় হাতেগোনা বড় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি ধোঁয়াছোয়ার বাহিরে থেকে মাদক কারবারি চালিয়ে আসছে। তারা প্রতিদিন লাখ লাখ টাকার মাদক প্রকাশ্যে কেনাবেচা করছে। অথচ জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি), ডিএসবি এনএসআই প্রশাসনিক ভূমিকা পালন করছেন না। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল তার দলীয় এবং সরকারি প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাদক কারবার বন্ধ করার জন্য কড়া নির্দেশ দিয়ে আসছেন। মাদকের খারাপ দিকগুলো তুলে ধরছেন। কিন্তু মাদক কেনাবেচা কোনোভাবেই বন্ধ হচ্ছে না।
এ ব্যাপারে পুঠিয়া মাদকদ্রব্য কর্মকর্তা (রাজশাহী-খ অঞ্চলের সার্কেল পরিদর্শক) হেলাল উদ্দিন বলেছেন, "মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অবস্থা নিয়েছি। মাদক বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটির সাজেকে সশস্ত্র সদস্যদের অপসারণের দাবিতে শান্তিপূর্ণ সড়ক অবরোধের আয়োজন করা হয়েছে। এই অবরোধের উদ্দেশ্য হলো হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকান ভাংচুরের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। পাশাপাশি সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থন জানানোও এর লক্ষ্য। আগামী ২৪ অক্টোবর (শনিবার) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে সংগঠনটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে এই অবরোধের ঘোষণা দেওয়া হয়। পরিষদের সভাপতি উষাতন চাকমা অবরোধটি সফল করার জন্য পার্বত্য চট্টগ্রামের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং দুই জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ চলবে বলে তিনি উল্লেখ করেন। অবরোধের সময় অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার গাবতলীর পেরীরহাট এলাকায় সাইফুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে কথিত তিন সাংবাদিককে স্থানীয় জনতা গণপিটুনি দিয়েছে। এই ঘটনা ঘটে বুধবার (২১ অক্টোবর) সকালে মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া ব্রিজ এলাকায়।
একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, বগুড়া থেকে আগত বিপ্লব, রাজিব ও মিথুন নামের তিন সাংবাদিক সকাল ৬ টায় মোটর সাইকেলযোগে গাবতলীর পেরিরহাট এলাকায় পৌঁছান। অভিযোগ রয়েছে যে, ওই তিন সাংবাদিক সার বোঝাই একটি ভ্যান আটকিয়ে দুই লাখ টাকার চাঁদা দাবি করেন। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আশপাশের স্থানীয় জনগণ সেখানে জড়ো হয়।
সার ব্যবসায়ী সাইফুল ইসলাম (৬৫) জানান, চাঁদা চাওয়ার কারণে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে ওঠে এবং তারা বগুড়া থেকে আগত তিন সাংবাদিককে গণপিটুনি দেয়, যার ফলে কথিত সাংবাদিকরা গুরুতর আহত হন। গণপিটুনির ফলে সাংবাদিক বিপ্লবের বাম হাত ভেঙে যায়। হাত ভেঙে যাওয়া সাংবাদিক বিপ্লব জানান, খুচরা সার ব্যবসায়ী সাইফুল ৫টি ভ্যানে ১'শ বস্তা সার অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে চাওয়ার পর মব সৃষ্টি করে তাদেরকে নির্মমভাবে মারধর করা হয়।
সার ব্যবসায়ী সাইফুল ইসলাম আরও জানান, বিপ্লব, রাজিব ও মিথুন নামের তিন সাংবাদিক সারের ভ্যান আটকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করলে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে তাদেরকে মারধর করে। তিনি দাবি করেন যে, এর আগে ওই তিন সাংবাদিক নিউজ করার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল।
গাবতলীর সার, চালসহ বিভিন্ন ডিলাররা জানিয়েছেন, এই কথিত সাংবাদিকদের পাশাপাশি বগুড়ার আরও কিছু সাংবাদিক মাঝে মাঝে গাবতলীতে এসে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। গাবতলীর ইউএনও হাফিজুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেছেন, তারা বিষয়টি শুনেছেন এবং এটি খতিয়ে দেখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ