১০:৪১ এম
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার হুমকির মধ্যে নিরাপত্তা সতর্কতা জারি করলেও সৌদি কর্তৃপক্ষ রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনাল পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
এএনআই-এর তথ্য অনুযায়ী, রবিবার (২৫ অক্টোবর) থেকে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য এবং ২ নম্বর টার্মিনালটি আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য নির্ধারিত থাকবে। কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে যে, বিমানবন্দরে আসার আগে তাদের নিজ নিজ এয়ারলাইনসের কাছ থেকে টিকিটের বুকিং ও ফ্লাইটের আপডেট যাচাই করে নিতে হবে।
এর আগে ইয়েমেনের হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন যে, তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, দাম্মামের কিং ফাহদ বিমানবন্দর, নাজরান বিমানবন্দর, খামিস মুশাইত এয়ারবেস এবং আরামকোর বিভিন্ন তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। তারা কিং খালিদ বিমানবন্দরকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করে বিমান সংস্থাসমূহ ও যাত্রীদের এটি ব্যবহার না করার জন্য সতর্ক করেছেন।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে মিয়ানমারে পৌঁছায় ইরানের জ্বালানি
এদিকে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সৌদি আরবগামী তাদের বেশ কিছু ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানায়, আগামী ৭ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম এবং ৩১ অক্টোবর পর্যন্ত জেদ্দাগামী ফ্লাইটগুলো বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিট পরিবর্তনের সুবিধা বা পুরো টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন