ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ


সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর মামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী এবং বর্তমানে কারাগারে আটক মাওলানা শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে এবার নিজ এলাকায় কোটি কোটি টাকার ওয়াকফ এস্টেট ও সাধারণ মানুষের জমি জবরদখলের অভিযোগ উঠেছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে নোয়াখালী সদর উপজেলার সালেহপুর মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সর্বস্তরের জনগণ ও মুসল্লিরা এই ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ঢাকা ও সারাদেশে নানা অপকর্মে বিতর্কিত মাওলানা শাহরিয়ার মাহমুদ নোয়াখালী সদরের দক্ষিণ সালেহপুর গ্রামে অবস্থিত তিনটি প্রধান ধর্মীয় প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখল করে রেখেছেন।

প্রতিষ্ঠানগুলো হলো, দক্ষিণ সালেহপুর জামে মসজিদ ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৫০৩), দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৭৫১) এবং দক্ষিণ সালেহপুর হামিদুলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৪২৯)।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আদালতের স্থগিতাদেশ এবং ওয়াকফ প্রশাসনের কোনো তোয়াক্কা না করে শাহরিয়ার মাহমুদ ওয়াকফ এস্টেট ও সাধারণ মানুষের সম্পত্তি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি, টয়লেট ও স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন। একইভাবে সরকারি নির্দেশ অমান্য করে এবং অকার্যকর কমিটির দোহাই দিয়ে ভুয়া রশিদ বইয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে অর্থ উত্তোলন ও সাধারণ মানুষের সাথে প্রতারণা চালিয়ে আসছেন তিনি। সরকারি তদন্ত দল সরেজমিনে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেলেও অদৃশ্য ক্ষমতার বলে এতদিন তার বিরুদ্ধে কোনো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, রাজধানী ঢাকায় আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর ও হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সম্প্রতি শাহরিয়ার মাহমুদ গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার পর এলাকার ভুক্তভোগী নিরীহ মানুষ ও মুসল্লিরা প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। তাই তাদের দাবি, শাহরিয়ার মাহমুদ বর্তমানে কারান্তরীণ থাকা অবস্থায়ই যেন তার এই দীর্ঘদিনের দখলদারিত্ব ও ভীতি প্রদর্শনের অবসান ঘটিয়ে ওয়াকফ এস্টেটের বেহাত হওয়া জমি উদ্ধার এবং তাকে ভূমিদস্যুতার অপরাধেও যথাযথ আইনি আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হয়।

উক্ত প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে দক্ষিণ সালেহপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, শাহাদাত হোসেন শিপন, মো.মানিক, মো.রুহুল আমিন, রায়হান খান নান্টুসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহকারী পাইলট হামাম আল-হামামির মোবাইলে যা পাওয়া গেল, প্রকাশ হলো পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ এম


সহকারী পাইলট হামাম আল-হামামির মোবাইলে যা পাওয়া গেল, প্রকাশ হলো পরিচয়

ফ্লাইদুবাইয়ের ইসরায়েলগামী বিমানে মাঝআকাশে রক্তক্ষয়ী হামলা চালিয়ে বিমান বিধ্বস্তের চেষ্টা করা সেই ওমানি সহকারী পাইলটের পরিচয় এবং অতীত ইতিহাস প্রকাশ্যে এসেছে। গত বছর চরমপন্থী ও উগ্র মতাদর্শে জড়িয়ে পড়ার সন্দেহে তাকে ওমানের জাতীয় এয়ারলাইন্স ‘ওমান এয়ার’-এর পাইলট প্রশিক্ষণ থেকে বাদ দেওয়া হয়েছিল।

বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, উগ্র মতাদর্শের ওই সহকারী পাইলটের নাম হামাম আল-হামামি। তিনি ওমানি বাবা ও সিরীয় মায়ের সন্তান। এই ভয়াবহ ঘটনার পর বিমান সংস্থায় নিয়োগের আগে অপরাধমূলক বা সন্ত্রাসী ব্যাকগ্রাউন্ড যাচাই নিয়ে চরম তোলপাড় ও প্রশ্ন উঠেছে।

হামামের লিংকডইন প্রোফাইল ও আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, তিনি ওমান এয়ারে সাত বছর কাজ করেছেন এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সেখান থেকে বাদ পড়েন। এরপর ২০২৫ সালের জুনে ‘রয়েল এয়ার মারোক’-এ যোগ দিয়ে ২০২৬ সালের জানুয়ারিতে সেটিও ছেড়ে দেন। মাত্র আট মাস আগে তিনি ‘ফ্লাইদুবাই’-এ যোগদান করেছিলেন। তবে লিংকডইন প্রোফাইলে এ বিষয়ে কিছু ছিল না।

বুধবার ককপিট কাণ্ডের প্রায় ৯ ঘণ্টা পর হামামের মুছে ফেলা লিংকডইন ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি রোমহর্ষক ও উসকানিমূলক পোস্ট প্রকাশিত হয়। ভিডিওটি তিনি নিজে নাকি পূর্ব-নির্ধারিত (শিডিউল) কোনো প্রযুক্তির মাধ্যমে প্রকাশ করেছিলেন, তা নিয়ে তদন্ত চলছে।

প্রথম পোস্টে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের ককপিট থেকে ধারণ করা একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় ২০২৩ সালের ১১ অক্টোবরের একটি ফ্লাইটে তিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের ‘এল আল’ ও ‘আরকিয়া’ এয়ারলাইন্সের একাধিক বিমানকে জুম করে দেখছেন। ভিডিওটির একদম শেষভাগে আল-কায়েদার প্রয়াত নেতা আয়মান আল-জাওয়াহিরি এবং ২০০৯ সালে সিআইএ কর্মকর্তাদের আত্মঘাতী হামলায় উড়িয়ে দেওয়া আল-কায়েদা ক্যাডার হুমাম খলিল আবু-মুলাল আল-বালাবির ছবি ব্যবহার করা হয়।

দ্বিতীয় পোস্টে এআই প্রযুক্তিতে তৈরি একটি ছবিতে মক্কা, মদিনা ও জেরুজালেমের তিন পবিত্র স্থানকে আলোর রেখা দিয়ে যুক্ত করা হয়েছে এবং নেপথ্যে মৃত্যুভয় উপেক্ষা করে মর্যাদার লড়াই করার আকুল কাসিদা ও কবিতা বাজছিল।

সিএনএন-এর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অনুসন্ধান মডেলের মাধ্যমে হামামের প্রায় তিন হাজারটি মুছে ফেলা আগের বার্তা পর্যালোচনা করে তার চরম উগ্রপন্থা ও নারীবিদ্বেষী মনোভাবের প্রমাণ পাওয়া গেছে।

তার মধ্যে একটি পোস্টে তিনি লিখেছিলেন, তার মা তার জন্য কনে খুঁজতে গিয়ে কষ্টে পড়েছিলেন কারণ তার শর্ত ছিল স্ত্রীকে অবশ্যই নিকাব পরতে হবে এবং বিয়ের পর চাকরি ছাড়া লাগবে। প্রথমে মেয়েরা অস্বীকৃতি জানালেও যখন তার মা বলতেন ‘আমার ছেলে পাইলট’, তখন নাকি সবাই সঙ্গে সঙ্গে রাজী হয়ে যেত! এ ছাড়া নারী-পুরুষের একসঙ্গে কাজের পরিবেশ নারী সমাজকে ‘ধ্বংস ও চরিত্রহীন’ করে দিচ্ছে বলেও তিনি একাধিক পোস্ট করেছিলেন।

ওমান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। এমন পরিস্থিতিতে কঠোর সুরক্ষাবেষ্টিত ইসরায়েলের তেল আবিবগামী একটি আন্তর্জাতিক বিমানের ককপিটে ওমানের একজন নাগরিক কীভাবে পাইলটের দায়িত্বে বসলেন, তা নিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে।

বর্তমানে ইসরায়েলের শিন বেত, মোসাদ, সামরিক বাহিনী এবং দেশটির পরিবহন মন্ত্রণালয় পুরো বিষয়টি যৌথভাবে খতিয়ে দেখছে। একই সঙ্গে উগ্রপন্থী সংগঠনগুলোর সঙ্গে তার কোনো পূর্বপরিকল্পিত চক্রান্ত বা আন্তর্জাতিক সংযোগ ছিল কি না, তা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল একটি আলাদা সন্ত্রাসী তদন্ত মামলা শুরু করেছেন। বিমানটি ইউএই-র রেজিস্টার্ড হওয়ায় তাদের আইনগত এখতিয়ার রয়েছে।

অন্যদিকে, জরুরি অবতরণের পর সৌদি আরবে আটকে থাকা ওই হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেখানে ইউএই-র প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সম্মতিক্রমে ইসরায়েলি গোয়েন্দারাও সরাসরি অংশ নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৫ এম


মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়নের জন্য একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো অপরিহার্য। তিনি উল্লেখ করেছেন, "আমরা স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করছি। মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে।"

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও জানান, "আইনের শাসন প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। আমরা এমন একটি সংস্কৃতি তৈরি করব, যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলো সত্যিই মানুষের সেবা করবে।"

রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, "বাংলাদেশ একটি বড় বৈশ্বিক দায়িত্ব পালন করছে, আমরা এখনও প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই উপায়ে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এর জন্য অব্যাহত রাজনৈতিক সমর্থন এবং বৈশ্বিক অর্থায়ন প্রয়োজন। পাশাপাশি এই সংকটের মূল কারণগুলো সমাধান করা প্রয়োজন। কেননা এই সমস্যা মিয়ানমারে শুরু হয়েছিল এবং মিয়ানমারেই এর শেষ হতে হবে।"

কৃষি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, "কৃষি আমাদের অর্থনীতির কেন্দ্রবিন্দু। আমরা প্রযুক্তি, সেচ, অর্থায়ন এবং বাজারে কৃষকদের প্রবেশাধিকার উন্নত করছি। আমরা মৎস্য, গবাদি পশু এবং গ্রামীণ উদ্যোগগুলোকে সহায়তা দিচ্ছি। খাদ্য নিরাপত্তাকে অবশ্যই কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি শিল্পের পরিপূরক হতে হবে। কারণ আমি বিশ্বাস করি, একটি শক্তিশালী গ্রামীণ অর্থনীতি মানেই একটি শক্তিশালী বাংলাদেশ।"

তিনি আরও বলেন, "পানি নিরাপত্তাও সমানভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খনন করার পরিকল্পনা করেছি। পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য আমরা পদ্মা ব্যারাজ প্রকল্প এগিয়ে নিচ্ছি। আমরা একটি তিস্তা মহাপরিকল্পনা তৈরি করছি। এসব পদক্ষেপ কৃষিকে সহায়তা করবে এবং জলবায়ু সহনশীলতা গড়ে তুলবে।"

প্রধানমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা পুনরুল্লেখ করে বলেন, "আমাদের পরিবেশগত লক্ষ্যগুলো সুনির্দিষ্ট। আমরা আগামী পাঁচ বছরে ২৫ কোটি (২৫০ মিলিয়ন) গাছ লাগাব। আমরা সৌরশক্তির সম্প্রসারণ করছি। বাংলাদেশ বর্জ্য পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং পরিবেশবান্ধব (সবুজ) কারখানাকে উৎসাহিত করছে, যেখানে বিশ্বের শীর্ষ ১০০টি লিড-সার্টিফাইড কারখানার মধ্যে ৫৩টিই আমাদের। পরিচ্ছন্ন ও সবুজ শহরগুলো বর্জ্য কমাতে, জলবায়ু সহনশীলতা বাড়াতে এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে।"

‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) সভাপতি জিল্লুর রহমান ও নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী আরও বক্তব্য রাখেন।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা, ৩০০ জন প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত রয়েছেন। এতে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক ও তরুণ নেতৃত্ব অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন আগামী ৫ অক্টোবর শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজায় সর্বোচ্চ ছুটি কলেজে, সবচেয়ে কম মাদরাসায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৫ এম


দুর্গাপূজায় সর্বোচ্চ ছুটি কলেজে, সবচেয়ে কম মাদরাসায়

আসন্ন দুর্গাপূজার সময় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে, শিক্ষার স্তর এবং প্রতিষ্ঠান অনুযায়ী ছুটির মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। এবারের পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ার ফলে কিছু প্রতিষ্ঠানে ছুটি দীর্ঘ হয়েছে। এবারে পূজার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিন থেকে সর্বাধিক ১৪ দিন পর্যন্ত ছুটি পাওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে, স্কুলে ১০ দিন, কলেজে ১৪ দিন এবং মাদরাসায় ৫ দিনের ছুটি পাওয়া যাবে।

মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, সরকারি ছুটি ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৫ দিন থাকবে। এর আগে ও পরে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি থাকবে। দুর্গাপূজার সময় স্কুলে ৯ দিনের ছুটি থাকবে। এদিকে, এই ছুটির সঙ্গে ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হবে। ফলে মোট ১০ দিনের ছুটি (১৬ থেকে ২৫ অক্টোবর) পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

কলেজ ও উচ্চ মাধ্যমিক স্তর

মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে, আগের এবং পরের দুটি সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি হিসাব করলে কলেজগুলোতে ছুটির সময়সীমা ১৪ দিন হবে।

মাদরাসা

মাদরাসায় পূজার ছুটি মাত্র ৩ দিন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিন ছুটি থাকবে। তবে, এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। তাই মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ৫ দিনের ছুটি পাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৭ এম


নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই

নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে শুক্রবার দুপুরে বাবা আব্দুল মান্নান ও ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার সাব্বির উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান বাবা আব্দুল মান্নান। পরে তাকেও গ্রেপ্তার করা হয়। তবে পরিবারের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%