০৯:৫৯ পি.এম
যুক্তরাজ্যের উপকূলের নিকটবর্তী একটি রুশ যুদ্ধজাহাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, এটি কয়েক ডজন বাণিজ্যিক ফ্লাইটের জিপিএস (GPS) সিগন্যাল জ্যাম বা অকার্যকর করে দিয়েছে।
গত ৯ নভেম্বর ইংলিশ চ্যানেল উপকূলে নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ পণ্যবাহী জাহাজের একটি বহরকে পাহারা দিতে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গোলভকো’ ছিল। ঠিক সেই সময় এডিনবরা, ম্যানচেস্টার এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া প্রায় ১৪০টি ফ্লাইটের নেভিগেশন ব্যবস্থায় রহস্যজনক বিপর্যয় দেখা দেয়। এতে কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে এডিনবরা থেকে রোমগামী রায়ানএয়ার, ম্যানচেস্টার থেকে মিশরের হুরগাদাগামী ইজিজেট এবং লন্ডন থেকে স্টকহোমগামী ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটও অন্তর্ভুক্ত ছিল।
বিশেষজ্ঞদের মতে, ৪৪৩ ফুট দীর্ঘ এই রুশ ফ্রিগেটটিতে উচ্চক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি রয়েছে, যা যেকোনো রাডার এবং জিপিএস সিগন্যাল জ্যাম করতে সক্ষম। যুক্তরাষ্ট্রভিত্তিক এভিয়েশন ইন্টেলিজেন্স গ্রুপ ‘হেক্সবার্ড’ জানায়, ব্রিটিশ উপকূল থেকে প্রায় ১৯০ মাইল দূরে উত্তর সাগরে অবস্থিত একটি রেডিও ট্রান্সমিটার থেকে এই সিগন্যাল বিপর্যয়ের উৎপত্তি হয়েছিল, যেখানে রুশ নৌবাহিনীর জাহাজটি অবস্থান করছিল।
আরও পড়ুন: চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
সাবেক ব্রিটিশ নৌ-গোয়েন্দা কর্মকর্তা জেমস ড্রক্সফোর্ডের মতে, ন্যাটোর নজরদারির প্রতিশোধ হিসেবে রুশ যুদ্ধজাহাজটি ইচ্ছাকৃতভাবে এই জিপিএস জ্যামিং ঘটিয়ে থাকতে পারে। রয়্যাল ইনস্টিটিউট অব নেভিগেশনের প্রধান নির্বাহী রামসে ফারাঘার জানান, এটি কোনো সামরিক প্ল্যাটফর্ম থেকেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি উপকূল থেকে অনেক দূরে থাকায় যুক্তরাজ্যের মোবাইল ফোন নেটওয়ার্ক ও রেডিও স্টেশনগুলো বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।
যদিও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি জ্যেষ্ঠ সূত্র এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। সূত্রটি জানায়, রাশিয়ার তাত্ত্বিকভাবে এমন সক্ষমতা থাকলেও ওই সময় সেখানে থাকা জাহাজগুলোর পক্ষে বাণিজ্যিক বিমানের জিপিএস জ্যাম করা কোনোভাবেই সম্ভব ছিল না।
যুক্তরাজ্য সরকার এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও এক মুখপাত্র জানিয়েছেন, ব্রিটিশ বিমান চলাচল ব্যবস্থা বিশ্বের অন্যতম নিরাপদ এবং যেকোনো জিপিএস বিভ্রাট সামাল দেওয়ার জন্য পাইলটদের বিশেষ প্রশিক্ষণ রয়েছে। অন্যদিকে, লন্ডনের রুশ দূতাবাস এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এটি উল্লেখযোগ্য যে, রুশ যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গোলভকো’ সামরিক সরঞ্জাম বহনকারী সন্দেহভাজন তিনটি রুশ জাহাজকে (লেডি আর, লেডি ডি এবং মাইয়া-১) পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচএমএস আয়রন ডিউক এবং আরএফএ টাইডফোর্স রুশ বহরটিকে অনুসরণ করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বহরটি দক্ষিণ দিকে অগ্রসর হয়ে উত্তর তিউনিসিয়া উপকূলের কাছে অবস্থান করছিল। সূত্র: ডেইলি মেইল।
আরও পড়ুন: লিবিয়ায় রুশ জাহাজে হামলার প্রতিক্রিয়ায় পাল্টা আঘাতের ইঙ্গিত মস্কোর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন