১১:০২ পি.এম
কুমিল্লার দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুটি গ্রুপ পৃথক স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি আয়োজন করেছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে সমাবেশ শেষে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় একটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি অপরপক্ষের নেতাকর্মীদের গাড়িবহর অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী ও ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সীর উপস্থিতিতে দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাজেদা আহসান মুন্সী।
অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে দেবিদ্বার নিউমার্কেট চত্বরে অপর একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু ও সুফিয়া বেগমসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠিত
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের কর্মসূচি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর সমর্থক নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। মিছিলটি দেবিদ্বার নিউমার্কেট-চান্দিনা সড়কের মাথায় পৌঁছালে ঢাকা যাওয়ার পথে সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরের মুখোমুখি হয়। ওই বহরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটনসহ নেতারা ছিলেন।
এ সময় মঞ্জুরুল আহসান মুন্সী ও এএফএম তারেক মুন্সীর সমর্থকরা গাড়িবহর লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ ও ‘দালাল দালাল’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে গাড়িবহরটি অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এর বহরে থাকা এম এ আউয়াল খানের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশের সহযোগিতায় অবরুদ্ধ গাড়িবহরটি ঘটনাস্থল ত্যাগ করে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা জানান, তার সামনেই বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনি উপজেলা বিএনপির আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকে ফেরার পথে মুন্সী গ্রুপের নেতাকর্মীরা তাদের গাড়িবহর অবরুদ্ধ করেন। এ সময় কয়েকজনকে মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। তিনি জানান, বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের জানিয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানাবেন।
অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, তাদের কর্মসূচির সময় নির্ধারিত ছিল বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত। বাদ আসর শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে অপর পক্ষের গাড়িবহর সামনে পড়লে দলের ত্যাগী নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একই দিনে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। হাতাহাতি, হট্টগোল ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন