ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

জাবিতে নিষিদ্ধ পোস্টার লাগানোর অভিযোগে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক


জাবিতে নিষিদ্ধ পোস্টার লাগানোর অভিযোগে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার লাগানোর অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। এরপর তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

সাইফুল ইসলাম পাবিপ্রবির ফাইন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী। চলতি বছরের ৩১ জুলাই পাবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে মায়ের সঙ্গে একটি দোকান পরিচালনা করতেন।

আরও পড়ুন: এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ইংরেজিতে সর্বাধিক

জাবি শাখা ছাত্রদল সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য শারমিন আক্তার সাথীর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে আপত্তিকর মন্তব্য করেন সাইফুল। এ নিয়ে আলোচনা করতে কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মী তার দোকানে যান। সেখানে অভিযোগ অস্বীকার করার পর তার মুঠোফোন পরীক্ষা করা হয়।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, সাইফুলের মুঠোফোনের গ্যালারিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে তার একটি ছবি পাওয়া যায়। এছাড়া, মুঠোফোনের গ্যালারি, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের কথোপকথন পর্যালোচনা করে জাহাঙ্গীরনগর ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পোস্টার লাগানোর বিষয়ে তথ্য পাওয়া গেছে। জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মো. সোহেল রানার সঙ্গে তার যোগাযোগের তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেন তারা।

তাদের দাবি, কোরবানির ঈদের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর বিষয়ে সোহেল রানার সঙ্গে সাইফুলের কথোপকথন ছিল। এছাড়া, ফুটবল বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসের কয়েকটি স্থানে ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট স্থানগুলোর আশপাশে সাইফুলকে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, যেসব স্থানে পোস্টার লাগানো হয়েছিল, তার আশপাশের সিসিটিভি ফুটেজে সাইফুলকে দেখা যায়। ফুটেজ থেকে নেওয়া ছবির সঙ্গে তার বর্তমান চেহারা মিলিয়ে তাকে শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল। তিনি বলেন, ‘আমি আমার বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগিয়েছি। কিন্তু জাহাঙ্গীরনগরে কিছু করিনি।’ পাবিপ্রবিতে পোস্টার লাগানোর বিষয়ে তিনি বলেন, ‘আমি সাভার থেকে পোস্টার প্রিন্ট করাতাম। গাড়ি দিয়ে পাবনায় পাঠাতাম। সেখানে আমার সংগঠনের লোকেরা পোস্টার লাগাত।’

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে সাইফুলকে জিজ্ঞাসাবাদ করে। সহকারী প্রক্টর আব্দুস সাত্তার জয় বলেন, সাইফুল তার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যক্রম চালানোর কথা অস্বীকার করেছেন। তার মুঠোফোনে পাওয়া কথোপকথন ও ছবির ভিত্তিতে অভিযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে মুঠোফোন পরীক্ষা করেন। ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ সময় তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, তার বিরুদ্ধে আগে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: মাদরাসাশিক্ষার্থীদের জন্য আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স শুরু হচ্ছে: ড. মামুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোটের কারণে দুই মাস মাঠের বাইরে নয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ এম


চোটের কারণে দুই মাস মাঠের বাইরে নয়ার

বায়ার্ন মিউনিখের জন্য এসেছে দুঃসংবাদ। গোলরক্ষক মানুয়েল নয়ার ডান পায়ের চোটের কারণে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। মাইন্সের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার পায়ের টেন্ডনের আংশিক ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বুন্দেসলিগায় মাইন্সের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বায়ার্ন ২-১ গোলে জয়লাভ করে। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন নয়ার। তার পরিবর্তে গোলবারের নিচে দাঁড়ান ইয়োনাস উরবিগ।

রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে নয়ারের চোটের বিষয়টি নিশ্চিত করে বায়ার্ন। তবে ক্লাবটি জানায়নি কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সি এই গোলরক্ষকের সুস্থ হতে প্রায় দুই মাস সময় লাগতে পারে।

মাইন্সের বিপক্ষে ম্যাচটি নয়ারের জন্য ছিল রেকর্ড গড়ার একটি দিন। ৪০ বছর ২২৫ দিন বয়সে মাঠে নেমে বায়ার্নের ইতিহাসে বুন্দেসলিগায় সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন তিনি।

এর আগে পায়ের সমস্যার কারণে নয়ার চারটি ম্যাচ খেলতে পারেননি। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে তিনি ফিরেছিলেন। কিন্তু এবার নতুন করে চোট পাওয়ায় আবারও তাকে ছাড়াই খেলতে হবে বায়ার্নকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল বিএনপি নেত্রীর কলেজপড়ুয়া ছেলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ এম


গোপালগঞ্জে প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল বিএনপি নেত্রীর কলেজপড়ুয়া ছেলের

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সারজিল সিকদার (২২) নামে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোবরা মাদরাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সারজিল জেলা শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম ও শাহ আলম সিকদারের ছেলে। গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সারজিল মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারজিলের মৃত্যুর খবর শুনে স্থানীয় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরসহ বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। তারা শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউল্যাব স্কলার্সের জয়রথ থামাল, ৮ উইকেটে জয় নিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ এম


ইউল্যাব স্কলার্সের জয়রথ থামাল, ৮ উইকেটে জয় নিশ্চিত

গ্রুপ পর্বে অপরাজিত থাকা ইউনিভার্সিটি অব স্কলার্সের জয়ের ধারাকে থামিয়ে দিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এবিজি ইউনিভার্সিটি কাপের গ্রুপ পর্বের ম্যাচে ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইউল্যাব ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে।

এই জয়টি ২০ বল হাতে রেখে এসেছে এবং শেষ মুহূর্তে বাড়তি রোমাঞ্চ ছড়ান মাহমুদুল হাসান নিলয়। তার টানা চার ছক্কায় দ্রুত ইউল্যাবের জয় নিশ্চিত হয়।

রবিবার (৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইউনিভার্সিটি অব স্কলার্স নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন আল আমিন।

৩০ বলের ইনিংসে তিনি পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। আকাশের ব্যাট থেকে আসে ১৫ বলে ২০ রান। শেষ দিকে হাসিব ১৯ বলে অপরাজিত ২৪ রান করে লড়াই করার মতো সংগ্রহ পায় স্কলার্স।

ইউল্যাবের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন আরিফুর রহমান ও মাহমুদুল হাসান রকিব। উভয়েই তিনটি করে উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম দুটি উইকেট শিকার করেন।

১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইউল্যাব শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। ৬১ রানের উদ্বোধনী জুটিতে ফারহান জানি ও শাহবাব জামিল ফেরদৌস ভালো ভিত গড়ে দেন। ফারহান ২৩ বলে ২৫ রান করে ফিরে গেলেও ফেরদৌস একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেন। তিনি ৪২ বলে আটটি চার ও একটি ছক্কায় ৫২ রান করেন।

এরপর জায়েদ আহমেদ ও মাহমুদুল হাসান নিলয়ের ব্যাটে জয় সহজ হয়ে আসে। জায়েদ ২৭ বলে অপরাজিত ৩১ রান করেন। নিলয় মাত্র ৮ বলে চারটি ছক্কায় ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। ১৭তম ওভারে নিলয়ের টানা চার ছক্কায় জয় নিশ্চিত করে ইউল্যাব। তার ব্যাটে ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে জয় নিশ্চিত করে তারা।

স্কলার্সের হয়ে সাদ ও ইমরান একটি করে উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, অটোচালক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ এম


বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, অটোচালক আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। অভিযুক্ত অটোচালককে (মিশুক) শিক্ষার্থীরা ধাওয়া করে আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেললাইন সংলগ্ন নির্জন এলাকায় এই ঘটনা ঘটে।

আটক অটোচালকের নাম রাহুল মিয়া। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার মরাখোলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম নন্দ কিশোর। আটকের পর তার কাছ থেকে একটি ধারাল চাকু ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করা চাকু ও মোবাইল ফোনসহ কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার বিবরণীতে ভুক্তভোগী কাদের সিদ্দিকি (২০ বছর) জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে বেড়াতে এসেছেন। ঢাকা বাইপাস থেকে কেওয়াটখালী তার আত্মীয়ের বাসায় যাওয়ার জন্যে মিশুক ৭০ টাকা দিয়ে রিজার্ভ করেন। চালক মেইন রোড দিয়ে সোজা না গিয়ে ভার্সিটির দিকে নিয়ে আসেন। শর্টকাটে যাওয়ার চিন্তা করে তিনি বিষয়টি বুঝতে পারেননি। অটোচালক বিভিন্ন জায়গায় ইউটার্ন নিচ্ছিলেন এবং বলছিলেন যে এই জায়গায় রাস্তা ভুইলা গেছেন।

ঘণ্টাখানেক ঘোরানোর পর অন্ধকার এক জায়গায় থামিয়ে চালক হঠাৎ ছুরি বের করে বলেন, ‘যা আছে বের কর’। ভুক্তভোগীর কাছে ফোন ছিল, তিনি তা বের করে দেন। মোবাইল নেওয়ার পর অটো জোরে টান দিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে আসার পথে কয়েকজন শিক্ষার্থীকে আড্ডা দিতে দেখেছিলেন। পরে তিনি মিশুকের পেছনে দৌড়ে চিৎকার করতে থাকেন। এক বড় ভাই তখন মোটরসাইকেলে করে অটোকে ধাওয়া দেন। পরে করিম ভবনের দিকে এসে তাকে ধরতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আকাশ জানান, তিনি বাসা থেকে ক্যাম্পাসে ফেরার সময় ফার্স্ট গেট থেকে জব্বারের দিকে আসছিলেন। মাৎস্যবিজ্ঞান অনুষদের গেট পর্যন্ত আসলে পেছন থেকে একজনের চিৎকার শুনতে পান। তিনি দেখেন একজন লোক অটোর পেছনে দৌড়াচ্ছে এবং ‘ছিনতাই, ছিনতাই’ বলে চিৎকার করছেন। পরে তিনি মোটরসাইকেল থেকে নেমে অটো ধরার চেষ্টা করেন, কিন্তু অটোর গতির কারণে ধরতে পারেননি।

পরে ওই লোকটাকে মোটরসাইকেলে তুলে অটোর পেছনে ধাওয়া দেন। অটো জব্বারের মোড়, দেবদারু রোড হয়ে করিম ভবনের দিকে চলতে থাকে। এ সময় তাকে আটকানোর চেষ্টা করছিলেন কিন্তু ছিনতাইকারী বার বার ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল। পরে করিম ভবন থেকে ছেলেদের হলের রাস্তা দিয়ে নামার সময় অটোর নিচে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন। পরে প্রক্টরিয়াল বডিকে ফোন দেন। পরে তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, রাত সাড়ে ৮টার দিকে তারা ছিনতাইয়ের ঘটনার খবর পান। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একজন ছিনতাইকারীকে ধরেছে। তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডির লোকজন সেখানে উপস্থিত হন। পরে তাকে আটক করে ক্যাম্প পুলিশে নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানায় ঘটনার বিষয়ে জানানো হয়। তারা আসলে ছিনতাইকারীকে তাদের হাতে হস্তান্তর করা হয়। তার নামে মামলা করা হবে।

কোতোয়ালী মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সজীব কোচ বলেন, রাত সাড়ে ৮টার পর মোবাইল ফোনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাহুল মিয়া নামে একজন ছিনতাইয়ের ঘটনায় আটক হওয়ার খবর পান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় তাকে হস্তান্তর করে। এ ঘটনার ক্ষেত্রে বাদী অভিযোগ কিংবা মামলা মোকাদ্দামায় যাবে না। তাই পরবর্তীতে তাদের যে আইনগত ব্যবস্থা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%