১২:৫০ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা পুলিশ আন্তজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে, যারা দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরিতে সক্রিয় ছিল। চট্টগ্রাম ও কুমিল্লায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারের সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, প্রায় ছয় লাখ টাকা মূল্যের দুটি ব্যাটারি এবং চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত ছিল।
ভুজপুর থানার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ভোরে ফটিকছড়ির হেঁয়াকো বাজার এলাকায় গ্রামীণফোনের একটি টাওয়ারের বিটিএস (বেস ট্রান্সসিভার স্টেশন) রুমের লক গার্ড ভেঙে দুর্বৃত্তরা চারটি ব্যাটারি চুরি করে। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে চুরি হয় আরও ছয়টি ব্যাটারি। এ ঘটনার পর গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা দায়ের করে।
মামলাটির তদন্তের জন্য পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর তত্ত্বাবধানে ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রের সদস্যদের শনাক্ত করে অভিযান শুরু করে পুলিশ।
আরও পড়ুন: দেশের সেবায় প্রকৌশলী হতে চায় কালকিনির মেধাবী শিক্ষার্থী সূর্য
এর ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্য মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) ও মো. ইউনুসকে (৪২) গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পরে ২৮ অক্টোবর আদালতের অনুমতিক্রমে গ্রেপ্তার ব্যক্তিদের দুই দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য মো. সাইফুল ইসলাম স্বপনকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস ও দুটি চোরাই ব্যাটারি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোহাগ, শামসুদ্দিন ও মোজাম্মেল হকের বাড়ি কুমিল্লার লাকসাম এলাকায়। সাহিদ হোসেন ঢাকার কেরানীগঞ্জ এবং ইউনুস কুমিল্লার সদর দক্ষিণ এলাকার বাসিন্দা। অপরদিকে সাইফুল ইসলাম স্বপনের বাড়ি লাকসাম পৌরসভার পশ্চিম গাঁ এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিভিন্ন এলাকায় মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করে আসছিল। উদ্ধার হওয়া দুটি VISION 48V 100 AH ব্যাটারির বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। এছাড়া চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে জনসেবায় আলোচনায় দুই বিএনপি নেতা সোহেল-রুবেল
ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় দায়ের করা মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ধারাবাহিক অভিযান চালিয়ে আন্তজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার এবং চুরির কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাসসহ ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন