ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

৫২ বছর বয়সে এইচএসসি পাস করেছেন শেফালী বেগম, স্বপ্নজয়ের গল্প


৫২ বছর বয়সে এইচএসসি পাস করেছেন শেফালী বেগম, স্বপ্নজয়ের গল্প

জীবনের ৫২টি বসন্ত পেরিয়ে, যখন অনেকেই শিক্ষাজীবনের ইতি টেনে দেন, তখন নতুন করে বই হাতে তুলে নিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ এলাকার শেফালী বেগম। তিনি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। দীর্ঘ শিক্ষাবিরতি, পারিবারিক দায়িত্ব ও জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে তাঁর এই সাফল্য যেমন অভাবনীয়, তেমনি তাঁর পরবর্তী লক্ষ্য এখন উচ্চশিক্ষা অর্জন করা।

শেফালী বেগমের এই অর্জন কেবল একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প নয়, এটি দীর্ঘদিনের অপূর্ণ স্বপ্ন পূরণ, আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ। তিনি প্রমাণ করেছেন, যদি থাকে শেখার অদম্য আগ্রহ, তবে শিক্ষার পথে বয়স কখনো বাধা হতে পারে না।

গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী শেফালীর এ সাফল্যে আনন্দিত তাঁর পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। বিশেষ করে, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক সংকটের কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া মানুষের কাছে তিনি এখন নতুন করে স্বপ্ন দেখার এক অনন্য অনুপ্রেরণা।

আরও পড়ুন: সুবর্ণচরের একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত সুমাইয়াকে অভিনন্দন জানালেন ছাত্রদল সম্পাদক নাছির

জানা যায়, শেফালীর শিক্ষাজীবনের শুরুটা বেশ সম্ভাবনাময় ছিল। ছোটবেলায় বাবাকে হারানোর পর পারিবারিক সংকটের কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাগুলোতে মেধার স্বাক্ষর রাখা এই শিক্ষার্থীকে একসময় বই-খাতার পরিবর্তে কাঁধে তুলে নিতে হয় সংসারের দায়িত্ব। সময়ের সঙ্গে স্বামী-সন্তান, পরিবার ও জীবনের নানা বাস্তবতায় নিজের শিক্ষার স্বপ্ন আড়ালে চলে যায়। তবে শিক্ষার প্রতি তাঁর আগ্রহ কখনোই পুরোপুরি হারিয়ে যায়নি।

দীর্ঘ বিরতির পর স্বামী ও তিন সন্তানের উৎসাহ ও সহযোগিতায় আবারও পড়াশোনা শুরু করেন তিনি। বয়সের ব্যবধান, সংসারের ব্যস্ততা এবং দীর্ঘদিনের শিক্ষাবিরতি-সবকিছু উপেক্ষা করে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হন। অবশেষে, তাঁর সেই অধ্যবসায়ের স্বীকৃতি মেলে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে।

শেফালী বেগমের ছেলে আব্দুর রাজ শাফি দক্ষিণ কোরিয়ার কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত। অন্যদিকে, তার মেয়ে মাখসূরা খানম নাজমুন রংপুর সরকারি কলেজে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন। সন্তানদের শিক্ষাজীবন ও অর্জনেও শেফালী বেগমের ত্যাগ ও অনুপ্রেরণার বড় ভূমিকা রয়েছে।

গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক আব্দুল মান্নান বলেন, "শেফালী বেগমের এই সাফল্য সমাজের জন্য একটি শক্তিশালী ইতিবাচক বার্তা। নিয়মিত অধ্যবসায়, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল থাকলে জীবনের যেকোনো বয়সেই সাফল্য অর্জন করা সম্ভব।"

আরও পড়ুন: সালথায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত শেফালী বেগম বলেন, "ছোটবেলায় বাবাকে হারানোর পর সংসারের নানা পরিস্থিতির কারণে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বরাবরই ভালো রেজাল্ট করেছিলাম। কিন্তু পরিস্থিতির কারণে পড়া চালিয়ে যেতে পারিনি। পরবর্তী সময়ে আমার ভাগ্নি ও ছেলে-মেয়েদের লেখাপড়া দেখে নিজের মধ্যেও আবার পড়াশোনা করার ইচ্ছা জাগে। পরে স্বামী ও সন্তানদের উৎসাহ ও সহযোগিতায় নতুন করে পড়াশোনা শুরু করি। আজ জিপিএ ৪.২১ নিয়ে এইচএসসি পাস করতে পেরে মনে হচ্ছে, জীবনের একটি বড় স্বপ্ন পূরণ হয়েছে।"

তাঁর স্বামী মকছেদুল আলম বলেন, "শেফালী পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন ত্যাগ করেছে। দীর্ঘদিন পর নিজের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে-এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। তাঁর এই সাফল্যে আমরা সবাই গর্বিত। ভবিষ্যতেও তাঁর পড়াশোনার পথে পাশে থাকব।"

শেফালী বেগমের নাতনি ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শারাফি রাজের চোখেও দাদি এখন অনুপ্রেরণার প্রতীক। সে বলে, "আমার দাদি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ৫২ বছর বয়সে দাদি এইচএসসি পাস করেছেন- এতে আমি ভীষণ খুশি ও গর্বিত। দাদির এই সাফল্য দেখে আমিও পড়াশোনায় আরও মনোযোগী হতে চাই। দাদি আমাকে শিখিয়েছেন, মন দিয়ে চেষ্টা করলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।"

দীর্ঘ শিক্ষাবিরতির পরও শেফালী বেগমের এই অর্জন প্রমাণ করে, দৃঢ় সংকল্প, পরিশ্রম ও পরিবারের সহযোগিতা থাকলে জীবনের যেকোনো পর্যায় থেকেই নতুন করে পথচলা শুরু করা সম্ভব। তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয়-পরিস্থিতি হয়তো স্বপ্নের পথ সাময়িকভাবে থামিয়ে দিতে পারে, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি থাকলে সেই স্বপ্ন ঠিকই বাস্তবে রূপ নেয়।

আরও পড়ুন: দাউদকান্দি পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৭২টি পদ শূন্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

রাজধানীর মিরপুরের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন পোশাক শ্রমিকরা। এর ফলে মিরপুর-১০ সহ আশেপাশের বিভিন্ন এলাকায় যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শ্রমিকদের এই আন্দোলনের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

এ পরিস্থিতিতে মিরপুর ট্রাফিক বিভাগ চালক ও যাত্রীদের কাছে অনুরোধ জানিয়েছে যে, তারা যেন পর্যাপ্ত সময় নিয়ে বের হন এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে বিএনপি নেতার হত্যায় ট্রাক চালক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


পিরোজপুরে বিএনপি নেতার হত্যায় ট্রাক চালক গ্রেফতার

পিরোজপুর, ৩১ অক্টোবর, ২০২৬ : পিরোজপুর থেকে মো. মাজহারুল ইসলাম (২৫) নামে এক ট্রাক চালককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ বরিশাল, যিনি বিএনপি নেতা ও এক পুলিশ কর্মকর্তার হত্যার সঙ্গে জড়িত।

গতকাল শুক্রবার রাত ৯টায় এসআরবি-৮ (বরিশাল) এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার সাথী আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।

এসআরবি জানায়, ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকায় অভিযান চালিয়ে ট্রাক চালককে আটক করা হয়।

এসআরবি জানিয়েছে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় পুলিশের উপ পরিদর্শকসহ স্থানীয় এক বিএনপি নেতা নিহত হন এবং ২ পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এই ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে ঘাতক ট্রাক চালক মো. মাজহারুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআরবি-৮, সিপিএসসি, বরিশাল এবং এসআরবি-১, সিপিসি-৩, গাজীপুরের যৌথ আভিযানিক দল।

মামলার এজাহার অনুযায়ী, ২৯ অক্টোবর বৃহস্পতিবার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এস আই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান, পিএসআই (নিরস্ত্র) জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন এবং কনস্টেবল ফজলে রাব্বি রাত্রিকালীন ডিউটি পালনকালে ৩ আসামিসহ থানায় ফিরছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের মেইন গেটের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে ২ ব্যক্তিকে তল্লাশির সময় কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে কথা বলেন।

এ সময় আনুমানিক ৩টা ৩৫ মিনিটে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুত ও বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণহীনভাবে পুলিশ দল ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে পিএসআই জাবেদ ওমর এবং কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন।

পরে ট্রাক চালক বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এস আই মো. মিজানুর রহমান ট্রাকটি আটকানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে তাকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫শ’ গজ সামনে টেনে নিয়ে পালিয়ে যায়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার আনুমানিক সকাল ৬টা ৪৭ মিনিটে এস আই মো. মিজানুর রহমানও মারা যান।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মাজহারুল ইসলামকে গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-১, সিপিসি-৩ এবং এসআরবি-৮, সিপিএসসি, বরিশাল-এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার চালকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষার প্রশ্ন তিনবার ছাপানোর পর চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


এইচএসসি পরীক্ষার প্রশ্ন তিনবার ছাপানোর পর চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার প্রশ্ন তিনবার ছাপানোর পর চূড়ান্তভাবে প্রস্তুত করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের ফের পরীক্ষা আগামী এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

গত এসএসসি পরীক্ষায় রি-এক্সামিনের ব্যবস্থা করা হয়েছিল। ৩ হাজার ৭৯ জন জিপিএ ফাইভ পেয়েছিলেন। এবারও রি-এক্সামিনের ব্যবস্থা করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, "কেউ যেনো অবমূল্যায়িত না হয় সেদিকে লক্ষ রেখে আমরা আগামীদিনে কাজ করবো।" ফল সন্তোষজনক হয়নি বলেও তিনি মন্তব্য করেন। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোসহ তারা আগামীদিনে উন্নতির চেষ্টা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৌচাগারে পড়ে ছিল বলিউড পরিচালক সঞ্জয় গুপ্তের নিথর দেহ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


শৌচাগারে পড়ে ছিল বলিউড পরিচালক সঞ্জয় গুপ্তের নিথর দেহ

বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয় গুপ্ত প্রয়াত হয়েছেন। তিনি ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডলা’, ‘কাবিল’ ও ‘মুম্বাই সাগা’র মতো উল্লেখযোগ্য থ্রিলার সিনেমা নির্মাণ করে দর্শকদের মাঝে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।

তবে পরিচালকের মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। বলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার রাতে নিজের শৌচাগারে পড়ে যান সঞ্জয় গুপ্ত। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই পড়ে ছিলেন। শনিবার সকালে বিষয়টি কারো নজরে আসেনি। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। প্রাথমিকভাবে হৃদ্‌রোগের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

দীর্ঘ কয়েক দশকের চলচ্চিত্রজীবনে সঞ্জয় গুপ্ত একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তিনি বলিউডের অনেক নামী ও প্রভাবশালী অভিনেতার সঙ্গে কাজ করেছেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘আতিশ’, ‘রাম শাস্ত্র’, ‘জং’, ‘হামেশা’, ‘জিন্দা’, ‘মুসাফির’, ‘দাস কাহানিয়াঁ’, ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডলা’, ‘কাবিল’, ‘জজবা’, ‘মুম্বাই সাগা’ ও ‘খৌফ’।

শুধুমাত্র পরিচালক হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও থ্রিলারধর্মী সিনেমার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। তিনি ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘প্ল্যান’, ‘উডস্টক ভিলা’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’ ও ‘পাঙ্খ’-এর মতো সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগে, কয়েক বছর আগে পুনে থেকে মুম্বাই ফেরার পথে সঞ্জয় গুপ্ত ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সে সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বড় ধরনের সেই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়াকে তিনি নতুন জীবন ফিরে পাওয়ার মতো ঘটনা হিসেবে দেখেছিলেন। তবে এবার আর মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে আসা হলো না তার। পর্দায় একের পর এক রোমাঞ্চকর গল্প উপহার দেওয়া এই নির্মাতার বিদায়ে বলিউড শোকাহত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%