ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অ্যান্ড্রুর বদলে জাঙ্গু


ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অ্যান্ড্রুর বদলে জাঙ্গু

১৯ বছর বয়সী অ্যান্ড্রু তৃতীয় ওয়ানডেতে নমান ধীরের ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান। যদিও ফ্র্যাকচার ধরা পড়েনি, তবে তিনি মেডিকেল দলের পর্যবেক্ষণে থাকায় ওয়ানডেতে ৫৮*, ১১৪ ও ৬৭ রান করা জাঙ্গুকে কভার হিসেবে দলে নেওয়া হয়েছে।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে উইকেটকিপার-ব্যাটার আমির জাঙ্গুকে কভার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয় ওয়ানডেতে আঙুলে চোট পাওয়া জুয়েল অ্যান্ড্রুর বদলি হিসেবে ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। তবে অ্যান্ড্রুকে সিরিজ থেকে বাদ দেওয়া হয়নি; ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিনি মেডিকেল দলের পর্যবেক্ষণ ও মূল্যায়নে আছেন।

তৃতীয় ওয়ানডেতে আঙুলে চোট পাওয়ার পর হাসপাতালে স্ক্যান করানো হলে ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে সফল রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি ব্যাট করতে পারেননি। প্রথম ওয়ানডেতে প্রথম বলেই আউট হওয়া অ্যান্ড্রু দ্বিতীয় ম্যাচে একাদশের বাইরে ছিলেন।

আরও পড়ুন: বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

দীর্ঘ সংস্করণের ক্রিকেটে বেশি পরিচিত জাঙ্গু ২০২৪ সালের ডিসেম্বরে অভিষেকের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে ১৬৩ রান করেছেন, স্ট্রাইক রেট ১২০.৭৪। ৩৪ টি-টোয়েন্টিতে তাঁর মোট স্ট্রাইক রেট ১০৪.২৫। তবে সেপ্টেম্বরে CPL ২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়া অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ২১৩ রান করেন তিনি; ফাইনালে জামাইকা কিংসম্যানের বিপক্ষে ৩৪ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংসে চারটি চার ও তিনটি ছক্কা ছিল।

ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স ছিল জাঙ্গুর। তিন ম্যাচে ৫৮, ১১৪ ও ৬৭* রান করে মোট ২৩৯ রান নিয়ে দুই দলের মধ্যে রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন; তাঁর ওপরে ছিলেন শুভমান গিল (৩৩৪) ও শাই হোপ (২৭৮)।

দুই দলের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর লক্ষ্ণৌতে। এরপর ৯ অক্টোবর রাঁচি, ১১ অক্টোবর ইন্দোর, ১৪ অক্টোবর হায়দরাবাদ এবং ১৭ অক্টোবর বেঙ্গালুরুতে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ নারী ফুটবল দল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে বেনিনের বিরুদ্ধে আর্জেন্টিনার অভিযোগের পাহাড়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে বেনিনের বিরুদ্ধে আর্জেন্টিনার অভিযোগের পাহাড়

লিওনেল মেসির শেষ ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে—এটি একটি আবেগময় দিন হওয়ার কথা। বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য আর্জেন্টিনায় ব্যাপক প্রস্তুতি চলছে।

তবে, অতিথি দল বেনিনের শিবিরে পরিস্থিতি ভিন্ন। আফ্রিকার দেশটি একের পর এক লজিস্টিক ও সুযোগ-সুবিধার সমস্যার অভিযোগ তুলেছে।

আফ্রিকান সংবাদমাধ্যম মেগা স্পোর্টস মিডিয়া প্রথমে বেনিনের অভিযোগের বিষয়টি সামনে নিয়ে আসে। পরে ফরাসি সাংবাদিক রোমাঁ মোলিনাও সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি তুলে ধরেন।

মেগা স্পোর্টস মিডিয়ার তথ্য অনুযায়ী, বেনিন দলের সদস্যদের বাণিজ্যিক ফ্লাইটে প্রায় ২৫ ঘণ্টা ভ্রমণ করে আর্জেন্টিনায় পৌঁছাতে হয়েছে। এই দীর্ঘ যাত্রায় দলের একজন ভিডিও বিশ্লেষক মাথা ঘুরে পড়ে যান এবং কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েন জানায়, বিজনেস ক্লাসে দীর্ঘ ভ্রমণের পর ওই ভিডিও বিশ্লেষক অসুস্থ হয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য জ্ঞান হারান।

আর্জেন্টিনায় পৌঁছেও স্বস্তি নেই

বেনিনের সমস্যা আর্জেন্টিনায় পৌঁছানোর পরও শেষ হয়নি। মেগা স্পোর্টস মিডিয়ার প্রতিবেদনে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে—

এক তলায় গরম পানি নেই: বেনিনের খেলোয়াড়দের জন্য নির্ধারিত হোটেলের প্রথম তলায় গরম পানির ব্যবস্থা ছিল না।

সনা বন্ধ: হোটেলের সনা বা বাষ্পস্নানের সুবিধাটিও অচল ছিল।

জিমে সরঞ্জামের সংকট: বেনিনের মতো পেশাদার একটি ফুটবল দলের জন্য জিমে ছিল মাত্র দুটি ট্রেডমিল ও দুটি স্টেশনারি বাইসাইকেল।

দলের সরঞ্জাম পৌঁছায়নি: বেনিন থেকে পাঠানো প্রয়োজনীয় কিছু সরঞ্জাম এখনো আর্জেন্টিনায় পৌঁছায়নি।

তিন খেলোয়াড় অনুপস্থিত: প্রতিবেদন অনুযায়ী, দলের তিন খেলোয়াড় তখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

কৃত্রিম টার্ফে অনুশীলন: বেনিন দলকে কৃত্রিম টার্ফে অনুশীলন করতে হচ্ছে, অথচ মনুমেন্তাল স্টেডিয়ামের মাঠ হাইব্রিড গ্রাসের।

আদর্শ প্রস্তুতির ধারেকাছেও নেই

মেগা স্পোর্টস মিডিয়ার প্রতিবেদনে বেনিনের প্রস্তুতির পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, মেসির বিদায়ি ম্যাচের আগে দলটি আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রয়োজনীয় আদর্শ পরিবেশ থেকে অনেক দূরে রয়েছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, দলের অনুশীলনের পরিবেশও খুব একটা স্বস্তিদায়ক নয়। পেশাদার একটি দলের জন্য জিমের সরঞ্জামকে অপ্রতুল হিসেবে তুলে ধরা হয়েছে এবং সনা বন্ধ থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

ম্যাচের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। ফরাসি সাংবাদিক রোমাঁ মোলিনা ম্যাচটির আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মোলিনার বক্তব্য, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যদি মেসির বিদায়ি ম্যাচের পুরো রাজস্ব পায়, তাহলে বেনিন কেন টাকা পাবে না?’

মেসির বিদায়ের আগে অস্বস্তি

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আর্জেন্টিনায় যে উন্মাদনা, তার প্রমাণ মিলছে টিকিট বিক্রিতেও। বেনিনের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি শুরুর দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি। ছবি: এক্স

এর আগে আর্জেন্টিনায় বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বুরকিনা ফাসোও যেন ফেঁসে গিয়েছিল। ম্যাচ শুরুর মাত্র ৬ ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছেছিল পশ্চিম আফ্রিকার দলটি। মূল খেলোয়াড়রা ঘুরপথে আর্জেন্টিনায় যেতে রাজি না হওয়ায় অনূর্ধ্ব-২৩ দলকে জাতীয় দল বানিয়ে খেলতে হয়েছিল।

এবার বেনিনের অভিযোগের পাহাড় আর্জেন্টিনার আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, “উন্নত বিশ্বের জন্য সবার নিরাপদ বাসস্থান নিশ্চিত করা যতটা সহজ, বাংলাদেশের মতো দেশের জন্য তা ততটা সহজ নয়। তবে সর্বজনীন বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি টেকসই নগরায়ণেও সরকার গুরুত্ব দিচ্ছে।”

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব বসতি দিবস ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, “শহরগুলোতে সব মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। সর্বজনীন বাসস্থান এবং টেকসই নগরায়ণ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “শহরাঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে সম্ভাব্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের সঙ্গে দেশের যোগাযোগব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষের নাগরিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এর মাধ্যমে শহরমুখী মানুষের চাপ কমানোর একটি কার্যকর বিকল্প তৈরি করা সম্ভব বলে মনে করে সরকার।”

প্রধানমন্ত্রী শহরের বাইরে দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের ধারায় আনার কথাও তুলে ধরেন। এ লক্ষ্যে রাজধানী ঢাকার আশপাশে একটি সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার সকালে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। সভা শুরুর আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

ইরানের ভূখণ্ডে অনুমোদনহীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। এ তথ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়।

রোববার (৪ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদকে তলব করেন। রাষ্ট্রদূতের হাতে এ সময় আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

বৈঠকের সময় পিরকুহি অভিযোগ করেন যে, মার্কিন কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক সেবা যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে ‘হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে’ পরিকল্পিতভাবে ব্যবহার করছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে (আইটিইউ) স্টারলিংকের নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ে তার আইনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।

পিরকুহি জানান, সাম্প্রতিক বছরগুলোতে আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের (আরআরবি) সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অনুমোদনহীন সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নরওয়ে সরকারের।

তিনি আরও অভিযোগ করেন যে, ইরানের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করা এসব কার্যক্রম বন্ধে তেহরানের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও নরওয়ে তা উপেক্ষা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী ঘুরতে না নেওয়ায় স্ত্রী বিচ্ছেদ চান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


স্বামী ঘুরতে না নেওয়ায় স্ত্রী বিচ্ছেদ চান

সংযুক্ত আরব আমিরাতের শারজার এক নারী অভিযোগ করেছেন যে, তার স্বামী তাকে ঘুরতে বা অবসর কাটাতে বাইরে নিয়ে যেতে আগ্রহী নন—এ অভিযোগের ভিত্তিতে তিনি বিচ্ছেদ চেয়েছেন। সামা টিভির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ওই নারী পারিবারিক পরামর্শ সেবার কাছে গিয়ে অভিযোগ করেন যে, তার স্বামী বেশিরভাগ সময় বাড়িতে থাকতে পছন্দ করেন এবং তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার বা ভ্রমণ করার বিষয়ে তার তেমন আগ্রহ নেই।

তবে ওই নারী স্বামীর প্রশংসা করে বলেন, তিনি উদার, ধৈর্যশীল ও ভদ্র। কিন্তু বাইরে ঘুরতে যাওয়া এবং অবসর বিনোদনে স্বামীর অনাগ্রহ নিয়ে তিনি উদ্বিগ্ন।

পারিবারিক পরামর্শ বিভাগ থেকে ওই নারীকে ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাইরে ঘোরাঘুরি করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, শুধুমাত্র এই কারণে যেন তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত না নেন, সে বিষয়েও তাকে পরামর্শ দেওয়া হয়।

কর্মকর্তারা উল্লেখ করেন, দাম্পত্য জীবনে পারস্পরিক সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘোরাঘুরি বা অবসর কাটানোর পছন্দ-অপছন্দ নিয়ে মতপার্থক্য তৈরি হলে তা যেন পরিবারের শান্তি নষ্ট না করে, সেদিকেও নজর রাখা উচিত।

ড. আল রাইসি বলেন, স্বামী-স্ত্রীর জীবনযাপন ও অবসর কাটানোর পছন্দে পার্থক্য কখনো কখনো উদ্বেগের কারণ হতে পারে। তবে প্রতিটি মতবিরোধের পরিণতি বিচ্ছেদ হওয়া উচিত নয়।

তিনি সতর্ক করে বলেন, দাম্পত্য জীবনে বড় কোনো সমস্যা না থাকলে ছোটখাটো মতপার্থক্যকে আইনি বা পারিবারিক বিরোধে পরিণত করা ঠিক নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%