০৫:১৯ পি.এম
জাপানি বিনিয়োগকারীরা দেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। সরকার এ বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
আজ রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদলের সঙ্গে এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী সভায় বলেন, বাংলাদেশে পর্যটনের বহুমুখী সম্ভাবনা বিদ্যমান। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতি, যেমন সুন্দরবন, কক্সবাজারের দীর্ঘ প্রাকৃতিক সমুদ্রসৈকত এবং সিলেটের চা-বাগান, পর্যটন বিকাশের জন্য বড় সম্পদ। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাবে।
আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান
মন্ত্রী জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, জাপান দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে দীর্ঘকাল ধরে সহযোগিতা করে আসছে। পর্যটন খাতের উন্নয়নে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে সরকার আগ্রহী। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে উভয় পক্ষের জন্য লাভজনক বিনিয়োগ পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জাপানি প্রতিনিধিরা জানান, বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের বিষয়ে তারা আন্তরিক এবং এ খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। তাদের পক্ষ থেকে পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।
মন্ত্রী বিনিয়োগের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, সরকার জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে। আনুষ্ঠানিক বিনিয়োগ প্রস্তাব জমা পড়লে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের দেশের পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
সরকার আশা করছে, বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের পর্যটন অবকাঠামো ও আতিথেয়তা সেবার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটনশিল্পের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন: শিক্ষকদের সাংবাদিকতা করার অনুমতি নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন