ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ওয়ারীতে হোটেল ম্যানেজার নাঈমুর হত্যায় প্রধান আসামী ইরানকে ধরতে পারেনি পুলিশ


ওয়ারীতে হোটেল ম্যানেজার নাঈমুর হত্যায় প্রধান আসামী ইরানকে ধরতে পারেনি পুলিশ

এনায়েত কাজীর সাথে ঝামেলা সংক্রান্ত খবর পেয়ে ছেলে ইরান কাজী ঘটনাস্থলে ছুরি ও রামদা নিয়ে যায়, যা পোশাকের নিচে লুকিয়ে রাখা ছিল। রাজধানীর ওয়ারী থানার আবাসিক হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের দোতলার অভ্যর্থনা কক্ষে তখন এনায়েত কাজী ও হোটেল কর্মচারীদের মধ্যে তর্কবিতর্ক চলছিল। এর মধ্যে ইরান কাজী বের করে আনে লুকিয়ে রাখা রামদা ও ছুরি। বাবা ও ছেলে মিলে হামলা চালায় হোটেল কর্মচারীদের ওপর। হোটেল ব্যবস্থাপক রহমান এগিয়ে আসলে তাঁর ওপরও হামলা হয়। এই হামলায় নিহত হন নাঈমুর রহমান। হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার পর প্রধান আসামি ইরান কাজী পালিয়ে যায়। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও ইরান কাজী গ্রেপ্তার না হওয়ায় জনমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একইভাবে গ্রেপ্তারকৃত রীতা বেগমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি ব্যবসায়ী হলেও রাত ২টার সময় ঘটনাস্থলে তাঁর উপস্থিতি রহস্যজনক বলে অনেকে দাবি করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, জয়কালী মন্দির সংলগ্ন রাতের মুরগির বাজারে পুলিশের গাড়ি প্রায়ই দেখা যায়। তবে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে বেশি তৎপর থাকে মুরগির গাড়ি ও ভ্যান থেকে টাকা নেওয়ার কাজে। বৃহস্পতিবার গভীর রাতে হোটেলের ভেতরে মুরগি ঢোকা কেন্দ্র করে সংঘটিত ঘটনাটি দীর্ঘ সময় ধরে চলে। অথচ একজন হামলাকারী একজনকে খুন এবং তিনজনকে কুপিয়ে অনায়াসে পালিয়ে গেছে।

ওয়ারী থানার সংশ্লিষ্ট একজন পরিদর্শক ইনকিলাবকে জানান, বৃহস্পতিবার রাতে হোটেলে হতাহতের ঘটনায় শুক্রবার রাতে নিহত নাঈমুরের বড় ভাই নাজমুল হুদা থানায় মামলা করেন। এরপর রীতা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়, যিনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার মোট ৫ আসামির মধ্যে এনায়েত কাজী আহতাবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। ওই পরিদর্শক বলেন, এনায়েত কাজী মুরগি ব্যবসায়ী। অপরদিকে রীতা বেগমও মুরগির দোকানের মালিক।

আরও পড়ুন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান শুরু

বৃহস্পতিবার রাতে পাইকারি মুরগির বাজারের একটি খাঁচা থেকে মুরগি হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের নিচতলার কলাপসিবল গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। হোটেলের নিরাপত্তাকর্মী মুরগিটি বের করে এনায়েতকে দেন। কিন্তু মুরগিটি আগের খাঁচায় না রেখে হোটেলের গেটের পাশে বেঁধে রাখা হয়। নিরাপত্তাকর্মী মুরগিটি খাঁচায় রাখতে বললে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত নিরাপত্তাকর্মীকে মারধর করেন।

পরে হোটেলকর্মীরা এনায়েতকে আটক করে দ্বিতীয় তলার অভ্যর্থনাকক্ষে রাখেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে ইরান কাজী ঘটনাস্থলে আসেন। পরে বাবা-ছেলে মিলে রামদা দিয়ে হোটেলকর্মীদের আঘাত করতে থাকেন। এতে রাজ্জাক, নাঈমুর ও হাসান আহত হন। ধস্তাধস্তির সময় এনায়েতও আহত হন।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এবং মামলার আসামি হিসেবে রীতা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার মূল রহস্য উদঘাটন হবে।

এ মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই নজরুল ইসলাম দাবি করেছেন, ঘটনার পেছনে অন্য কারণও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তাধীন বিষয়ে তিনি বেশি কিছু বলতে রাজি হননি। ঘটনাস্থলে কারা ছিলেন এবং কীভাবে হামলার ঘটনা ঘটে, সব কিছু সিসি ফুটেজে প্রমাণ রয়েছে। এরপরও আসামিদের কেন ধরা হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, আমরা আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছি।

আরও পড়ুন: ছাত্রদলের অবরোধে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম বাতিল

এদিকে স্থানীয়রা জানান, রাজধানীর মোহাম্মদপুরের পর এখন সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে ওয়ারী এলাকায়। অহরহ ছিনতাই হচ্ছে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে চলছে নীরব চাঁদাবাজি। অভিসার হলের বিপরীত পাশের প্রত্যেক গলিতে, অভিসার সিনেমা হলের পেছনের গলিতে, নারিন্দায় হরহামেশা ছিনতাই হচ্ছে। রাতে পুলিশের টহল তেমন একটা চোখে পড়ে না। মাঝে মাঝে কোথাও পার্কিং করা পুলিশের গাড়ি দেখা যায়। গাড়ির পাশ থেকে মশার কয়েলের গন্ধ এবং ভেতরে পুলিশ সদস্যদের বিশ্রামের দৃশ্য দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যু হল ‘বিচ বয়েজ’-এর সহ-প্রতিষ্ঠাতা মাইক লাভের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


মৃত্যু হল ‘বিচ বয়েজ’-এর সহ-প্রতিষ্ঠাতা মাইক লাভের

কিংবদন্তি ব্যান্ড ‘দ্য বিচ বয়েজ’-এর সহ-প্রতিষ্ঠাতা, গায়ক ও গীতিকার মাইক লাভ মারা গেছেন। তিনি ৮৫ বছর বয়সে শনিবার (২৮ নভেম্বর) পরিবারের সান্নিধ্যে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রেস প্রতিনিধি কেটি অল্টম্যান, তবে সুনির্দিষ্ট কারণ বা স্থান সম্পর্কে কোনো তথ্য প্রদান করেননি। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে মালিবুতে একটি জরুরি চিকিৎসাজনিত ঘটনায় প্যারামেডিকরা সাড়া দেন, যা লাভের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি অসুস্থতা ও শারীরিক দুর্বলতার কারণে তিনি ট্যুরের কিছু তারিখ বাতিল করেছিলেন এবং ১০ অক্টোবর ন্যাশভিলে ব্যান্ডের সঙ্গে তার শেষ পারফরম্যান্সটি সম্পন্ন হয়।

১৯৬২ সালে ক্যালিফোর্নিয়ার হথর্নে চাচাতো ভাই ব্রায়ান, ডেনিস ও কার্ল উইলসন এবং বন্ধু অ্যাল জার্ডিনের সঙ্গে মাইক লাভ বিচ বয়েজ গঠন করেন। সার্ফ ও গাড়ি সংস্কৃতি নিয়ে গঠিত এই দলের বহু জনপ্রিয় গানের সহ-রচয়িতা ছিলেন তিনি, যার মধ্যে ‘আই গেট অ্যারাউন্ড’, ‘ক্যালিফোর্নিয়া গার্লস’, ‘হেল্প মি, রোন্ডা’ ও ‘গুড ভাইব্রেশনস’ উল্লেখযোগ্য। ১৯৮৮ সালে তিনি ব্যান্ডের সদস্য হিসেবে রক অ্যান্ড রোল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন।

ব্রায়ান উইলসন সফর থেকে সরে দাঁড়ানোর পর দীর্ঘ সময় ধরে লাভ বিচ বয়েজকে মঞ্চে ও সফরে সক্রিয় রাখেন। তবে গানের রয়্যালটি নিয়ে মামলা, ব্যান্ডের নাম ব্যবহারের আইনি বিরোধ এবং সৃজনশীল মতপার্থক্যের কারণে ভক্ত ও সহকর্মীদের একাংশের সঙ্গে তার টানাপোড়েন ও বিতর্কও সৃষ্টি হয়েছিল। মৃত্যুকালে তিনি পঞ্চম স্ত্রী জ্যাকুলিন ও ৯ সন্তানকে রেখে গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমিরেটসে আর্সেনাল ও ম্যানসিটির হাইভোল্টেজ মহারণের অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


এমিরেটসে আর্সেনাল ও ম্যানসিটির হাইভোল্টেজ মহারণের অপেক্ষা

ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছে হাইভোল্টেজ এক ম্যাচের জন্য। লড়াইটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্সেনালের মাঠে, যেখানে প্রতিপক্ষ হিসেবে আসছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আজ রোববার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে এমিরেটস স্টেডিয়ামে মহারণটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি লিগের গতিপথও পরিবর্তন করতে পারে।

মিকেল আর্তেতার নেতৃত্বে আর্সেনাল তাদের ছন্দ ধরে রেখে শীর্ষস্থানে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। শেষ ছয়টি লিগ ম্যাচে তারা অপরাজিত রয়েছে এবং ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শতভাগ জয় ধরে রেখেছে। পাঁচটি ম্যাচে পাঁচটি জয় নিয়ে তারা ১০ গোল করার পাশাপাশি মাত্র দুই গোল হজম করেছে। যদি তারা এই ম্যাচটি জিতে যায়, তবে ব্রাইটন ও ম্যানসিটির থেকে ৯ পয়েন্ট এগিয়ে যেতে পারবে আর্সেনাল।

অন্যদিকে, পেপ গার্দিওলার বিদায়ের পর এনজো মারেস্কার অধীনে মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটি টানা সাতটি লিগ ম্যাচ জিতে দুর্দান্ত সূচনা করেছিল। তবে সাম্প্রতিক সময়ে তাদের ছন্দপতন ঘটেছে। শেষ চারটি লিগ ম্যাচে তারা মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে, ফলে তারা শীর্ষস্থান থেকে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে। রক্ষণভাগের অস্থিরতা এবং ক্লিন শিট রাখতে না পারা সিটির জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে আর্সেনাল ১০১টি জয় পেয়েছে, যেখানে ম্যানসিটির জয় সংখ্যা ৬৭ এবং ড্র হয়েছে ৪৯ ম্যাচ। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের ৫৯ জয় এবং ম্যানসিটির ২৩ জয় রয়েছে, ড্র ২৩টি। সর্বশেষ ছয় লিগের সাক্ষাতে আর্সেনাল দুটি এবং সিটি একটি ম্যাচ জিতেছে; বাকি তিনটি ড্র। সবচেয়ে বড় পরিসংখ্যানগত চ্যালেঞ্জ হলো—গত তিন বছর ধরে প্রিমিয়ার লিগে আর্সেনালের মাঠে ম্যানসিটি জয়লাভ করতে পারেনি।

আর্সেনালের আক্রমণে কাই হাভার্টজ ও এবেরেচি এজে ছন্দে রয়েছেন, এবং গ্যাব্রিয়েল ও ডেভিড রায়ার নেতৃত্বে তাদের রক্ষণভাগ ইংলিশ লিগের অন্যতম সেরা হিসেবে পরিচিত। ম্যানসিটির হয়ে টানা তিন লিগ ম্যাচে গোলহীন থাকা আর্লিং হালান্ড গোলের খোঁজে মাঠে নামবেন; আক্রমণে তাকে সহায়তা করবেন রায়ান চেরকি, জেরেমি ডোকু এবং ইলিমান এনদিয়ায়ে। তবে হাঁটুর চোটের কারণে সিটি অ্যান্টোইন সেমেনিওকে পাচ্ছে না।

চলতি লিগে সর্বোচ্চ ৩৬টি বড় সুযোগ তৈরি করেছে ম্যানসিটি। এমিরেটসে আর্সেনালের শক্তিশালী রক্ষণভাগ সিটির সেই আক্রমণাত্মক চাপ সামলে জয় ধরে রাখতে পারবে কি না—সেদিকেই তাকিয়ে আছে ফুটবল বিশ্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জাপুরের গ্রামবাসীর উদ্যোগে ৪০ লাখ টাকায় খেলার মাঠ নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


মির্জাপুরের গ্রামবাসীর উদ্যোগে ৪০ লাখ টাকায় খেলার মাঠ নির্মাণ

টাঙ্গাইলের দেলদুয়ারের পর এবার মির্জাপুরে নিজেদের উদ্যোগে ৪০ লাখ টাকা দিয়ে ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দারা। এ উপলক্ষে গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, কামারপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে কোনো খেলার মাঠ নেই। এর ফলে শিশু-কিশোর ও তরুণেরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। চলতি বছরের শুরুতে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপনের প্রস্তুতির সময় গ্রামে একটি খেলার মাঠ নির্মাণের আলোচনা শুরু হয়। পরে গ্রামের কয়েকজন উদ্যোগী ব্যক্তি সবাইকে নিয়ে মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন।

এ উদ্যোগে গ্রামের ধনী-গরিব নির্বিশেষে ১৪০ জন বাসিন্দা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কেউ ১০, ৫, ২ কিংবা ১ শতাংশ জমির সমপরিমাণ মূল্য দিয়েছেন। আবার কেউ ১০ হাজার, ৫ হাজার, ১ হাজার টাকাসহ সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে অংশ নিয়েছেন। সবার সম্মিলিত অর্থায়নে গ্রামের দক্ষিণপাড়ার লেবুবাগান এলাকায় আব্দুর রাজ্জাক সাহেবের ৯৮ শতাংশ জমি কেনা হচ্ছে।

উদ্যোক্তাদের একজন মঞ্জুরুল কাদের মাস্টার জানান, ৩৬ লাখ ২৬ হাজার টাকায় ৯৮ শতাংশ জমি কেনা হয়েছে। রেজিস্ট্রি খরচসহ মোট ব্যয় হবে প্রায় ৪০ লাখ টাকা। রোববার (২৯ নভেম্বর) বাদ্যযন্ত্র বাজিয়ে, ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে জমি রেজিস্ট্রি করতে যাবেন গ্রামবাসী। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাওয়ায় সবাই আনন্দিত।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, কামারপাড়ার মিনহাজ উদ্দিন ১০ শতাংশ, দরবেশ আলী ১০ শতাংশ, প্রয়াত চেয়ারম্যান তোতা মিয়ার পরিবার ১০ শতাংশ, আব্দুর রাজ্জাক ৫ শতাংশ, সাইদুল মাস্টার ৪ শতাংশ, রহিম সিকদারের পরিবার ৫ শতাংশ এবং মো. জিন্না তালুকদার ৩ শতাংশ জমির মূল্য দিয়ে সহযোগিতা করেছেন। এ ছাড়া অনেকে ১ থেকে ২ শতাংশ জমির মূল্য দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, সরকারি-বেসরকারি কোনো সহায়তা ছাড়াই একটি গ্রামের মানুষ নিজেদের অর্থায়নে খেলার মাঠের জন্য জমি কিনছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাতা কুড়ানো নিয়ে বিরোধে হত্যায় ১ জনের যাবজ্জীবন, ৩ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


পাতা কুড়ানো নিয়ে বিরোধে হত্যায় ১ জনের যাবজ্জীবন, ৩ জনের কারাদণ্ড

বগুড়ার আদমদীঘিতে পাতা কুড়ানো নিয়ে বিরোধের ফলস্বরূপ নাজমুল নামের এক ব্যক্তির হত্যার ঘটনায় আদালত একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এই মামলায় আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের বিচারক রাজিয়া সুলতানা এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন আনোয়ার হোসেন খন্দকার, যিনি আদমদীঘি উপজেলার নিমাইদিঘী এলাকার মৃত নাছির উদ্দিন খন্দকারের পুত্র। অন্য তিন আসামির মধ্যে আঞ্জুয়ারা ও আরিফুল ইসলাম আরিফকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং আইরিন আক্তারকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডিত চার আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন আদালত। যদি জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হন, তবে প্রত্যেককে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। উল্লেখ্য, দণ্ডিত চারজনই আদমদীঘির নিমাইদিঘী গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) মো. আজাদ হোসেন তালুকদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২১ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে নিমাইদিঘী গ্রামে বাদী শামসুর রহমানের স্ত্রী পাশের একটি বাগানে পাতা কুড়াতে যান। তখন আঞ্জুয়ারার সঙ্গে তার কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নির্দেশে আঞ্জুয়ারা শামসুর রহমানের ছেলে নাজমুলের তলপেটে লাথি মারেন। এর ফলে নাজমুল মাটিতে পড়ে গেলে আনোয়ার হোসেন দুই হাত দিয়ে তার গলা চেপে ধরেন। এই ঘটনার ফলে নাজমুলের মৃত্যু ঘটে।

এ ঘটনায় থানায় মামলা হলে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের চার দিন ধরে যুক্তিতর্ক শুনানি শেষে রবিবার আদালত এই রায় ঘোষণা করেন।

রায়ে আদালত উল্লেখ করেন, দণ্ডিত আসামিদের আগে হাজতবাসের কোনো সময় থাকলে তা সাজা থেকে বাদ যাবে। সাজা পরোয়ানার মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়া আপিলের সময়সীমা শেষ হওয়া বা আপিল আদালতের আদেশ সাপেক্ষে আদায় করা জরিমানার টাকা থেকে ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকি ১ লাখ ৯০ হাজার টাকা নিহত নাজমুলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রায়ের প্রতিক্রিয়ায় অতিরিক্ত পিপি আজাদ হোসেন তালুকদার মন্তব্য করেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত ন্যায়বিচার করেছেন। আসামিদের দণ্ড দেওয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে তাঁরা মনে করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%