০৩:০৪ পি.এম
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,
প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন—"আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমরা তো জাতীয় ঐক্যের পক্ষেই আছি। জাতীয় ঐক্যের জায়গাটা আপনারাই নষ্ট করেছেন। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, আপনারা গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন না। এই দুই জায়গা ছাড়া কখনো এ দেশে জাতীয় ঐক্য হবে না।"
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে আজীবন বহিষ্কার
বিরোধীদলীয় নেতা আরও বলেন, "জুলাই সনদ ও গণভোট মেনে নিন, জাতীয় ঐক্যের জন্য কোনো বৈঠকের প্রয়োজন হবে না। ফ্যাসিস্ট অথবা যেকোনো অপশক্তি মাথা তুলে দাঁড়াতে চাইলে এই পক্ষই তাদের একসঙ্গে মোকাবিলা করবে, ইনশাআল্লাহ। আমরা এখন পর্যন্ত পরিবর্তনের কোনো লক্ষণ দেখছি না; বরং প্রশাসনের সব স্তরে অযোগ্য ও দলকানা লোকদের বসিয়ে দেওয়া হচ্ছে। তারা শুধু অযোগ্য নয়, ভয়াবহ দুর্নীতিবাজও। অথচ আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ। এখন সেই দুর্নীতি ও বৈষম্যের সয়লাবে ভেসে যাচ্ছে আমাদের দেশ।"
তিনি বলেন, "যারা জ্বালাও-পোড়াও করছে, তাদের সঙ্গে আঁতাত বাদ দিয়ে আপনাদের অবস্থান স্পষ্ট করতে হবে। স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের আশ্রয়-প্রশ্রয় ও সুবিধা দেবেন—এই দ্বিমুখী নীতি থেকে সরকার যদি বের হয়ে আসতে না পারে, তাহলে কিসের ঐক্য?"
জামায়াত আমির বলেন, "জাতির সঙ্গে উপহাস করার সময় নেই। প্রধানমন্ত্রী যদি সত্যিকার অর্থেই একটি সুষ্ঠু ও ফ্যাসিবাদমুক্ত সমাজ বিনির্মাণ করতে চান, তাহলে ফ্যাসিবাদীদের বিষয়ে অবস্থান স্পষ্ট করে এলে ‘মোস্ট ওয়েলকাম’। কিন্তু নিজেদের সব ঠিক রেখে সব অপকর্ম যার যার জায়গায় বহাল থাকবে, আর বিরোধী দল গিয়ে সেখানে তাদের জন্য চৌকিদারের ভূমিকা পালন করবে বা লাঠিয়াল হবে—বিরোধী দল এত বোকা নয়।"
আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বক্তব্যের শেষ পর্যায়ে পতিত ফ্যাসিস্ট তৎকালীন প্রধানমন্ত্রীর নাম উঠে আসা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, "তিনি এই জাতিকে এত কষ্ট দিয়েছেন যে তাকে সহজে ভোলা যায় না। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ—কেউ তার জুলুমের হাত থেকে বাদ যায়নি। এমনকি আজ আমাদের সামনে যে সাংবাদিকেরা এই কর্মসূচি কাভার করতে এসেছেন, তাঁদের ওপরও তাণ্ডব চালানো হয়েছে। কাউকে কাউকে ধরে নিয়ে নির্যাতন করে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়েছে। তাঁকে ভুলবেন কীভাবে?"
আরও পড়ুন: খুলনায় জেলা ও মহানগর পুলিশের অভিযানে ৪৯ জন গ্রেফতার
তিনি বলেন, "আজকের বাংলাদেশ ভালো নেই। কী কারণে ভালো নেই—তা সবার সামনে পরিষ্কার। বর্তমান সরকারও সাড়ে ১৫ বছর আমাদের সবার মতো মজলুম ছিল। কিন্তু ৫ তারিখের পর থেকেই তারা সবকিছু ভুলে গেছে। ৬ তারিখ থেকেই তারা আওয়ামী স্টাইলে এ দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছে। ব্যাপক চাঁদাবাজি, দখলবাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো এবং রাজনৈতিক কূটচালের মাধ্যমে তারা এই জাতিকে কষ্ট দিয়ে যাচ্ছে। ৫ তারিখের পর থেকে জাতির সঙ্গে তাদের আচরণ ইতিহাসের পাতায় পাতায় খুবই বেদনাদায়ক হয়ে থাকবে।"
জামায়াত আমির বলেন, "ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, আজকের প্রধানমন্ত্রী ও তখনকার বিএনপি প্রধান তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে অন্তত এই আন্দোলনের আইকন আবু সাঈদের জন্মস্থানে গিয়ে বলেছিলেন যে, আপনারা ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেবেন। কিন্তু তার পাশে বসে যিনি এখন সংসদের সব দায়িত্ব নিয়ে কথা বলেন, তিনি প্রথমে একদিন বলে উঠলেন—এই জুলাই অন্তহীন প্রতারণার দলিল। আমরা জিজ্ঞেস করেছিলাম, কে প্রতারণা করেছে দলিলের সঙ্গে? এর কোনো জবাব পাইনি। কিন্তু এরপরই আমরা দেখলাম এই একই ব্যক্তি সংসদে দাঁড়িয়ে বললেন—আমরা সেদিন অনেক কিছু মেনে নিয়েছি, যদি এরা ইলেকশনটা বিলম্বিত করে ফেলে? তার মানে জাতির সঙ্গে সত্যিকার অর্থেই তারা অন্তহীন প্রতারণা করেছেন।"
জামায়াত আমির আরো বলেন, "তিনি সব মন্ত্রণালয়ের ব্যাপারে ‘এক্সপার্ট অপিনিয়ন’ দেন। কিন্তু তার যে নিজের মন্ত্রণালয়, যার ওপর মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা নির্ভর করে—সেখানে তিনি কোনো কিছুই পারছেন না। কোনো কিছুতেই তার সফলতা নেই, জনগণ তা দেখতে পাচ্ছে না। সামান্য আত্মসম্মানবোধসম্পন্ন মানুষ এত ব্যর্থতার পর এই জায়গায় আর থাকতে পারেন না। কিন্তু তিনি সেখানে দাঁত কামড়ে পড়ে আছেন আর তিলে তিলে বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছেন।"
তিনি বলেন, "আমাদের দলীয় বা জোটগত কোনো দাবি নেই; আমাদের সাত দফা দাবির প্রত্যেকটিই জনগণের দাবি। ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছে। নির্বাচনের আগে তারাও বলেছে, আমরাও বলেছি—গণভোটে বিজয়ী হলে আমরা তার পুরোটাই বাস্তবায়ন করব। কিন্তু ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর জন্য যে ধারাগুলো থাকা দরকার, সেগুলো তারা রাখতে চায়; আর যেগুলো থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো যাবে না, সেই জায়গায় তারা ভিন্নমত দিয়েছে।"
আরও পড়ুন: গোদাগাড়ীতে মশাল মিছিলের পর ১৫ জন আটক
শফিকুর রহমান বলেন, "ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা যুবসমাজের একটি অংশকে মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছে। এই অংশটি হলো—যারা কঠিন দিনে রাস্তায় ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে মাদ্রাসাগুলো থেকে বের হয়ে এসেছিল এবং জীবন বাজি রেখে সমানতালে যুদ্ধ করেছিল। আজ তাদের কোনো মূল্যায়ন নেই। কেন নেই? একটাই দোষ—তারা আল্লাহর ওপর ঈমান এনেছে। ৯১ শতাংশ মুসলমানের দেশে এটি জাতির সঙ্গে একটি নিষ্ঠুর পরিহাস।"
তিনি বলেন, "আমাদের জবাব খুবই স্পষ্ট। আমরা এগুলো মেনে নেব না। এর বিরুদ্ধে সংসদের ভেতরে এবং বাইরে আমাদের লড়াই চলবে সমানতালে। কিন্তু কোনো সময় যদি মনে হয় যে এই সংসদ একেবারেই অকার্যকর ও অপ্রয়োজনীয় এবং জাতির বোঝা হয়ে দাঁড়িয়েছে, তবে সেই সংসদে আমরা থাকব না।"
নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
আরও পড়ুন: এমপিওর নির্দেশনার পরও গেজেট প্রকাশ না হওয়ায় ক্ষুব্ধ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন