ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীরা ভোগান্তিতে


গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীরা ভোগান্তিতে

গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার পরও চিকিৎসকের সাক্ষাৎ মিলছে না। অভিযোগ উঠেছে যে, হাসপাতাল থেকে বরাদ্দকৃত ওষুধ পাওয়া যাচ্ছে না এবং পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও মিলছে না।

প্রতিদিন জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে আসেন। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার পরও প্রয়োজনীয় চিকিৎসকের দেখা না পেয়ে অনেক রোগী হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের অধিকাংশ চিকিৎসকের কক্ষ প্রায়ই তালাবদ্ধ থাকে। যেসব চিকিৎসক দায়িত্ব পালন করেন, তাদের ওপর অতিরিক্ত রোগীর চাপ থাকায় যথাযথ সময় দিতে পারেন না। আবার দুপুরের মধ্যেই অনেক চিকিৎসক চলে যান বলে অভিযোগ রয়েছে। ফলে দীর্ঘ অপেক্ষার পরও চিকিৎসা না পেয়ে অনেক রোগীকে ফিরে যেতে হচ্ছে।

আরও পড়ুন: বড়াইগ্রামে কলেজ শিক্ষকের আত্মহত্যা, দুই যুগেও এমপিও মেলেনি

হাসপাতালের সরবরাহ তালিকায় ওষুধের নাম থাকলেও রোগীদের তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

লাইনে দাঁড়িয়ে থাকা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের আবতাফ আলী জানান, ‘এর আগেও দুই দিন এসে টিকিট নিয়েও ডাক্তার দেখাতে পারিনি। আজও এসে ফিরে যাচ্ছি, ডাক্তার নেই। দুই দিনে প্রায় ২০০ টাকার বেশি খরচ হলো, কিন্তু ডাক্তার দেখাতে পারলাম না।’

সদর উপজেলার রামচন্দ্রপুরের রেখা বেগম বলেন, ‘নিজে মেডিসিনের ডাক্তার ও ছেলেকে দাঁতের ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম। কিন্তু দুটি কক্ষই তালাবদ্ধ। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেও ফিরে যাচ্ছি। ডাক্তার তো পেলামই না, উল্টো সারাদিন হয়রানি হতে হলো।’

শুধু বহির্বিভাগ নয়, হাসপাতালে ভর্তি রোগীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। শয্যা না পেয়ে অনেককে বারান্দা ও সিঁড়ির নিচে মেঝেতে থাকতে হচ্ছে।

আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ: ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে জীবন্ত নরকযন্ত্রণা

অভিযোগ রয়েছে, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের একই জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন রোগী ও তাদের স্বজনরা।

প্রয়োজনীয় ওষুধের অধিকাংশই বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতালটিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও অনেক ক্ষেত্রে বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বোয়ালী এলাকার ভর্তি রোগী আলমউদ্দিন জানান, ‘বেড না পেয়ে তিন দিন ধরে মেঝেতে শুয়ে কোনোরকমে চিকিৎসা নিচ্ছি। দিনে একবার ডাক্তার আসেন। তিনি যা লিখে দেন, তা দোকান থেকে কিনতে হয়। দুটি পরীক্ষা দিয়েছিলেন, সেগুলোও বাইরে থেকে করিয়েছি। সরকারি হাসপাতাল শুধু নামেই, এখানে চিকিৎসা ও সুবিধা কোনোটাই নেই।’

রোগীদের ভোগান্তির কথা স্বীকার করেছেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আসিফ রহমান। তিনি বলেন, ১০০ শয্যার জনবল ও অবকাঠামো দিয়ে দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার হাসপাতাল পরিচালনা করতে হচ্ছে। এর ওপর ১০০ শয্যার অনুমোদিত জনবলের মধ্যে চিকিৎসকসহ প্রায় অর্ধেক পদ শূন্য রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে। আশা করছি, সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন: পেট্রাপোলে বিজিবি ও বিএসএফের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ১০০ শয্যার জনবল দিয়েই চলছে ২৫০ শয্যার হাসপাতাল। ১০০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে ২০৮টি পদ থাকার কথা। এর মধ্যে চোখ, ডেন্টাল, গাইনি, মেডিসিন, সার্জারি, চর্মরোগ বিভাগ ও মেডিকেল অফিসারসহ বিভিন্ন পদে ৪৮ জন চিকিৎসকসহ মোট ৭৮টি পদ শূন্য রয়েছে।

হাসপাতালটিতে প্রতিদিন বহির্বিভাগে ৭০০ থেকে ৮০০ এবং অন্তর্বিভাগে প্রায় ৪০০ রোগী চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। বিপুলসংখ্যক রোগীর বিপরীতে প্রয়োজনীয় জনবল, শয্যা ও চিকিৎসাসেবার ঘাটতিতে প্রতিদিনই বাড়ছে রোগীদের ভোগান্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫ পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫ পুলিশ সদস্য

নাইজেরিয়ায় নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় বন্দুকধারীদের আকস্মিক হামলায় পাঁচ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। সোকোতো রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে জামফারা রাজ্যে যাওয়ার পথে তাঁদের বহনকারী একটি বাসে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সোকোতো-গুসাউ মহাসড়কে এই ঘটনা ঘটে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র আবদুল্লাহি ফারুক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহত পাঁচ পুলিশ সদস্যের মরদেহ সোকোতোতে উসমানু দানফোদিও বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ দায়িত্ব পালনের জন্য ওই সদস্যরা জামফারা যাচ্ছিলেন। জামফারা নর্থ সিনেটরিয়াল ডিস্ট্রিক্টে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেসের (এপিসি) প্রাথমিক নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের মোতায়েন করা হয়েছিল।

যানবাহনে গণপরিবহণের একটি বাসে করে যাওয়ার সময় সশস্ত্র হামলাকারীরা তাঁদের বহনকারী বাসটির গতিরোধ করে। এরপর তারা বাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এই হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হন।

এই হামলার মাধ্যমে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার চিত্র আবারও প্রকাশিত হয়েছে। এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই যানবাহনে হামলা চালায়, গ্রামাঞ্চলে আক্রমণ করে এবং মুক্তিপণের জন্য সাধারণ মানুষকে অপহরণ করে।

বিশেষ করে জামফারা, সোকোতো, কাতসিনা, কাদুনা ও কেব্বি রাজ্যে এসব গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এসব এলাকায় সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত অভিযান চললেও হামলা ও অপহরণের ঘটনা অব্যাহত রয়েছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে স্কাউটসের বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত, আলোচনা হয়েছে কর্মপরিকল্পনা নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


ঝালকাঠিতে স্কাউটসের বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত, আলোচনা হয়েছে কর্মপরিকল্পনা নিয়ে

ঝালকাঠি, ৩ নভেম্বর, ২০২৬ : ঝালকাঠি জেলার বার্ষিক কাউন্সিল সভা বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভাটি জেলা প্রশাসক এবং ঝালকাঠি জেলা স্কাউটসের সভাপতি মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্কাউটসের বরিশাল অঞ্চলের উপ পরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার, জেলা স্কাউটসের সম্পাদক মোসলেম আলী সিকদার, সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মো. আকছেদ আলী খোন্দকার, কমিশনার গোলাম রব্বানী, কমিশনার আনিচুর রহমান পলাশ এবং সহ সভাপতি রিয়াজুল ইমলামসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার স্কাউটিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি, সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্কাউটিং কার্যক্রমের প্রসার, শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে স্কাউটদের আরও সক্রিয় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বাংলাদেশ স্কাউটস, ঝালকাঠি জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কাউন্সিল সদস্যরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফপ্রো বিশ্বসেরা একাদশের তালিকায় মেসি-এমবাপ্পে-ইয়ামাল, রোনালদোও অন্তর্ভুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


ফিফপ্রো বিশ্বসেরা একাদশের তালিকায় মেসি-এমবাপ্পে-ইয়ামাল, রোনালদোও অন্তর্ভুক্ত

২০২৬ সালের পুরুষদের ফিফপ্রো বিশ্বসেরা একাদশের জন্য ২৬ জনের সংক্ষিপ্ত তালিকা ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো প্রকাশ করেছে।

এই তালিকা সোমবার (২ নভেম্বর) প্রকাশিত হয়। চূড়ান্ত বিশ্বসেরা একাদশ আগামী ৯ নভেম্বর ঘোষণা করা হবে।

২৬ জনের তালিকায় ফুটবলের বেশ কয়েকজন বড় তারকা স্থান পেয়েছেন। অনুমিতভাবেই রয়েছেন ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন, রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে এবং বার্সেলোনার ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। এমবাপ্পে ও ইয়ামাল যথাক্রমে ব্যালন ডি’অর ভোটে দ্বিতীয় ও তৃতীয় হয়েছিলেন।

তালিকায় লিওনেল মেসিরও অন্তর্ভুক্তি ঘটেছে। সম্প্রতি ব্যালন ডি’অরে পঞ্চম স্থান অর্জন করেছেন ইন্টার মায়ামি তারকা। গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন ৩৯ বছর বয়সী মেসি। অন্যদিকে, বড় চমক হিসেবে তালিকায় স্থান পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে সৌদি প্রো লিগ জেতালেও বিশ্বকাপে পর্তুগালের হয়ে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি এই ৪১ বছর বয়সী।

ফিফপ্রো জানিয়েছে, এবারের বিশ্বসেরা একাদশ নির্বাচনে ৭৩টি দেশের মোট ১৯ হাজার ৮০৬ জন পুরুষ ফুটবলারের ভোট গ্রহণ করা হবে। সংগঠনটির দাবি, বিশ্ব ফুটবলে একমাত্র এই পুরস্কারটিই রয়েছে, যেখানে কেবল পেশাদার ফুটবলাররাই ভোট দিয়ে থাকেন।

চূড়ান্ত একাদশে সর্বোচ্চ ভোট পাওয়া একজন গোলরক্ষক, তিনজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার ও তিনজন ফরোয়ার্ড থাকবেন। বাকি একটি জায়গা পাবেন সর্বোচ্চ ভোট পাওয়া পরবর্তী আউটফিল্ড খেলোয়াড়।

ফিফপ্রোর বিশ্বসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা–

গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা/চেলসি, আর্জেন্টিনা), ডেভিড রায়া (আর্সেনাল, স্পেন);

ডিফেন্ডার: পাউ কুবারসি (বার্সেলোনা, স্পেন), মার্ক কুকুরেয়া (চেলসি/রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল, ব্রাজিল), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্ডেস (পিএসজি, পর্তুগাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল, ফ্রান্স), দায়ো উপামেকানো (বায়ার্ন মিউনিখ, ফ্রান্স);

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড, পর্তুগাল), এনজো ফার্নান্দেজ (চেলসি/ম্যানচেস্টার সিটি, আর্জেন্টিনা), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), ডেক্লান রাইস (আর্সেনাল, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা, স্পেন), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল);

ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড), খিচা কাভ্রাৎস্খেলিয়া (পিএসজি, জর্জিয়া), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), মাইকেল অলিসে (বায়ার্ন মিউনিখ, ফ্রান্স), ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর, পর্তুগাল), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে আন্দোলনকারীরা পিছু হটেছে, ফিরেছে স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


কালিয়াকৈরে আন্দোলনকারীরা পিছু হটেছে, ফিরেছে স্বস্তি

গাজীপুরের কালিয়াকৈরে আন্দোলনকারীরা মঙ্গলবার দুপুরে পিছু হটেছে, ফলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পাওয়ার পর জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ এবং ২৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ১১ প্লাটুন বিজিবি একযোগে মাঠে নামেন।

এছাড়া গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খানসহ বিএনপিদলীয় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় আন্দোলনকারীরা পিছু হটে অবরোধ তুলে নিতে বাধ্য হয়।

এর ফলে দুপুর থেকে কালিয়াকৈরে স্বস্তি ফিরে এসেছে। বেলা দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানচলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এমপি মন্তব্য করেন, ‘আমরা শ্রমিকদের পাশে আছি, তাদের বেতন বৃদ্ধিতে সরকার আন্তরিক হয়ে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। আপনারা ধ্বংসাত্মক কাজ বন্ধ করে আসুন এক সঙ্গে বসে পরামর্শ করি।’

নাওজোড় হাইওয়ে থানার ওসি জাফর আলী খান জানান, ‘মঙ্গলবার সকালে আন্দোলনকারীরা রাজপথে নামতে চেষ্টা করলে আমরা যৌথভাবে তাদের প্রতিহত করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা পিছু হটে যাওয়ায় কালিয়াকৈরে স্বস্তি ফিরে এসেছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সতর্ক অবস্থায় রয়েছি।’

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%