ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ভেনেজুয়েলার তেল পরিশোধনে রিলায়েন্সের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র


ভেনেজুয়েলার তেল পরিশোধনে রিলায়েন্সের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের পরিশোধন এবং দেশটিতে তেল উৎপাদনের সম্ভাবনা নিয়ে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন প্রতিষ্ঠানটির সঙ্গে বৈঠক করেছেন।

গত ২১ অক্টোবর ভারতের গুজরাটের জামনগরে রিলায়েন্সের তেল পরিশোধন কমপ্লেক্স পরিদর্শন করেন রুবিও। তিনি সাংবাদিকদের জানান, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল আরও বেশি পরিমাণে পরিশোধনের বিষয়ে রিলায়েন্সের সঙ্গে আলোচনা করবেন। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি অতীতে ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত তেল পরিশোধন করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ আলোচনার বিষয়টি উঠে এসেছে।

জামনগরে রিলায়েন্সের দুটি শোধনাগারের সম্মিলিত দৈনিক পরিশোধন সক্ষমতা প্রায় ১৪ লাখ ব্যারেল। বিশ্বের বৃহত্তম একক-স্থানের তেল পরিশোধন কমপ্লেক্স হিসেবে পরিচিত এই স্থাপনায় ভেনেজুয়েলার অতিভারী অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা সম্ভব। দেশটির তেল উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে রিলায়েন্স ভেনেজুয়েলার তেলের গুরুত্বপূর্ণ ক্রেতা হয়ে উঠেছে।

আরও পড়ুন: সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

রুবিও ভারতকে ‘পরিশোধন পরাশক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, ভেনেজুয়েলার তেল পরিশোধনে ভারতের সক্ষমতা কাজে লাগানো গেলে দেশটির জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বাড়াতে সহায়তা করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলার তেল কেনার দিকে উৎসাহিত করে আসছেন। তবে রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসে যাওয়ার ক্ষেত্রে ভারতের নিজস্ব জ্বালানি চাহিদা ও বাণিজ্যিক স্বার্থও গুরুত্বপূর্ণ।

রিলায়েন্সের সঙ্গে আলোচনার আরেকটি বিষয় যুক্তরাষ্ট্রে নতুন তেল শোধনাগার নির্মাণে সম্ভাব্য বিনিয়োগ। চলতি বছরের মার্চে ট্রাম্প দাবি করেছিলেন, রিলায়েন্সের বিনিয়োগে যুক্তরাষ্ট্রে নতুন একটি তেল শোধনাগার নির্মিত হতে যাচ্ছে। তিনি প্রকল্পটির মূল্য ৩০০ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেছিলেন। তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিনিয়োগের ওই অঙ্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ও জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মধ্যে রয়েছে ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার তেল উৎপাদন বৃদ্ধি এবং রিলায়েন্সের পরিশোধন সক্ষমতা কাজে লাগিয়ে জ্বালানি সরবরাহ বাড়ানোর সম্ভাবনা তাই ওয়াশিংটনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। তথ্যসূত্র: সিএনবিসি, রয়টার্স

আরও পড়ুন: হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় প্রথম ইবোলা আক্রান্তের ভাইরাসের কেনিয়ার ভাইরাসের সঙ্গে ঘনিষ্ঠ মিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


নাইজেরিয়ায় প্রথম ইবোলা আক্রান্তের ভাইরাসের কেনিয়ার ভাইরাসের সঙ্গে ঘনিষ্ঠ মিল

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : নাইজেরিয়ায় প্রথম ইবোলা আক্রান্ত রোগীর শরীরে শনাক্ত ভাইরাসের জিনগত মিল রয়েছে কেনিয়ায় প্রথম রোগীর ভাইরাসের সঙ্গে। শুক্রবার নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানিয়েছেন, যা জিনগত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার নাইজেরিয়ায় প্রথম ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর আসে। ওই রোগী সুইজারল্যান্ডের আবুজায় অবস্থিত দূতাবাসের এক কর্মীর স্ত্রী। তিনি ৩ অক্টোবর উগান্ডা থেকে দেশে ফেরার পর আক্রান্ত হন।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, ওই নারী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) সফর করেননি। তবে উগান্ডা সরকারের পূর্ববর্তী তথ্য ভিন্ন ইঙ্গিত দিয়েছিল। বর্তমানে ডিআর কঙ্গোতেই ইবোলার প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল।

আফ্রিকার বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ ওই নারীর সংক্রমণের উৎস শনাক্ত করার চেষ্টা করছে। আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) ধারণা দিয়েছিল, বিমানবন্দরে কেনিয়ায় শনাক্ত প্রথম ইবোলা রোগীর সংস্পর্শে এসে তিনি আক্রান্ত হয়ে থাকতে পারেন। ওই রোগীও একই দিনে উগান্ডা থেকে বিমানে যাত্রা করেছিলেন।

জিনগত বিশ্লেষণের ফলাফল তুলে ধরে নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী মুহাম্মদ আলী পাতে সাংবাদিকদের বলেন, ‘নাইজেরিয়ার রোগীর ভাইরাসটি কেনিয়ায় শনাক্ত প্রথম রোগীর ভাইরাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বলে মনে হচ্ছে।’

তিনি আরও জানান, ‘কেনিয়ার ওই প্রথম রোগীর এমন কোনো ভ্রমণের প্রমাণ পাওয়া যায়নি, যা তার সঙ্গে নাইজেরিয়ার রোগীর সংযোগ প্রতিষ্ঠা করে। তবে ভাইরাস দুটির মধ্যে মিল পাওয়া যাচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বাস্থ্যমন্ত্রী জানান, নাইজেরিয়ার রোগীর ভাইরাসটি কেনিয়ায় শনাক্ত ভাইরাসের সঙ্গে ‘অত্যন্ত সাদৃশ্যপূর্ণ’।

ডিআর কঙ্গো, উগান্ডা ও কেনিয়ার পর নাইজেরিয়া হলো আফ্রিকার চতুর্থ দেশ, যেখানে বান্দিবুগিও প্রজাতির ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে।

গত মে মাসে ডিআর কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর প্রাণঘাতী এই ভাইরাসজনিত রক্তক্ষরণজনিত রোগটি প্রতিবেশী উগান্ডায় ছড়িয়ে পড়ে।

উগান্ডায় প্রাদুর্ভাব আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করার আগে সেখানে ২০ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছিল। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। আগস্টে দেশটিতে প্রাদুর্ভাবের অবসান ঘোষণা করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০ অক্টোবর পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, এই মহামারিতে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৬৯০ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইফকে ‘দ্য কুলেস্ট হাজবেন্ড’ বললেন কারিনা কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


সাইফকে ‘দ্য কুলেস্ট হাজবেন্ড’ বললেন কারিনা কাপুর

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান স্বামী সাইফ আলী খানকে ‘দ্য কুলেস্ট হাজবেন্ড’ বা সবচেয়ে কুল স্বামী হিসেবে অভিহিত করেছেন। এই প্রশংসার প্রতিক্রিয়ায় সাইফও মজার মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই কথোপকথন ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সম্প্রতি সাইফ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে বাড়ির বারান্দায় বসে ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায়। নীল কুর্তা ও সাদা পায়জামা পরিহিত সাইফের হাতে ছিল হলুদ রঙের একটি ইলেকট্রিক গিটার। তার সঙ্গে আরও কয়েকজন সংগীতশিল্পী ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। সংগীতচর্চার আয়োজনটি বারান্দায় অ্যাম্পলিফায়ার ও অন্যান্য বাদ্যযন্ত্র দিয়ে তৈরি করা হয়েছিল।

ভিডিওটির ক্যাপশনে সাইফ উল্লেখ করেন, ‘ছন্দ খুঁজে পেয়েছি, তাল হারিয়েছি, তবু দারুণ সময় কাটিয়েছি।’ অভিনয়ের বাইরেও সংগীতের প্রতি তার আগ্রহের প্রকাশ ঘটে এই ভিডিওতে।

ভিডিওটির মন্তব্যের ঘরে কারিনা ও সাইফের কথোপকথনও বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে কারিনা লেখেন, ‘বিশ্বের সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’

স্ত্রীর এই প্রশংসার জবাবে সাইফ লেখেন, ‘প্লিজ, ডোন্ট নজর নজর।’ অর্থাৎ স্ত্রীর প্রশংসায় যেন কারো কুদৃষ্টি না লাগে, সেই মজার ইঙ্গিত দেন তিনি।

২০১২ সালে সাইফ ও কারিনা বিয়ে করেন। এর আগে তারা পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে একবার কারিনা জানিয়েছিলেন, সাইফকে বিয়ের প্রস্তাব দিতে তিনবার চেষ্টা করতে হয়েছিল। মুম্বাই ও গ্রিসে প্রস্তাব দেওয়ার পর তিনি প্যারিসে গিয়ে সম্মতি দেন।

কারিনার সেই কথার জবাবে সাইফ রসিকতা করে বলেন, মুম্বাইতেই রাজি হয়ে গেলে তার অনেক টাকা বেঁচে যেত।

এই দম্পতির দুটি ছেলে রয়েছে—তৈমুর আলী খান ও জেহ আলী খান। সাইফের অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে আগের সংসারে আরো দুটি সন্তান রয়েছে—সারা আলী খান ও ইব্রাহিম আলী খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বিষয়ে নতুন সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বিষয়ে নতুন সতর্কবার্তা

ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত একটি নতুন বার্তা প্রদান করেছে। এবারের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বার্তা প্রকাশ করে দূতাবাস।

পোস্টে উল্লেখ করা হয়েছে, "আপনি গ্রেফতার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।"

এটি ছাড়াও, চলতি মাসের শুরুতে আরেকটি বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, চুরির অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার পাশাপাশি দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে।

গত ১০ অক্টোবর, দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের কারণে আপনার ভিসা বাতিল হতে পারে এবং আপনি স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন। যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রত্যাশা করে যে যুক্তরাষ্ট্রে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৮ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৮ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৮ লাখ ২০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) কলারোয়া উপজেলার কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে। পাশাপাশি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার তেতুলতলা নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

জব্দকৃত মালামালের মোট বাজার মূল্য আনুমানিক আটলাখ ২০ হাজার টাকা।

বিজিবির সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%