ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী


হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ ধারণ করায় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যটির সিয়াং উপত্যকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাসিঘাটে র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) দুটি কোম্পানি মুম্বাইয়ের নাভি মুম্বাই থেকে আনা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর পরিবহন উড়োজাহাজের একাধিক ফ্লাইটে আরএএফসহ অন্যান্য নিরাপত্তা সদস্যদের পাসিঘাট বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। সিয়াং ও আপার সিয়াং এলাকায় আগে থেকেই আরএএফের কয়েকটি কোম্পানি মোতায়েন রয়েছে।

এছাড়া আসামের ডিব্রুগড়, শিবসাগর, যোরহাট, নগাঁও ও নলবাড়ি থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যদের সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। মোট ৩৪টি কোম্পানি সিএপিএফের ওই অঞ্চলে মোতায়েন রয়েছে। আইন ভঙ্গকারীদের মোকাবিলায় নারী সদস্যদের নিয়ে গঠিত আরএএফ দলও সেখানে উপস্থিত রয়েছে।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে গত ২৩ অক্টোবর বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। এ সময় জাতীয় জলবিদ্যুৎ নিগমের (এনএইচপিসি) স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা বিধায়কদের বাড়িঘর ভাঙচুর করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

ঘটনার পর পাসিঘাট, মেবো ও রুকসিন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ জারি রেখেছে কর্তৃপক্ষ।

গত সপ্তাহের সহিংস বিক্ষোভের ঘটনায় একাধিক মামলা দায়ের করেছে অরুণাচল প্রদেশ পুলিশ। এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও আটজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এদিকে সিয়াং উপত্যকার অস্থিরতার মধ্যে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলাতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে প্রস্তাবিত আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে ১২ ঘণ্টার বন্ধ কর্মসূচি পালন করেছে টাগিন স্টুডেন্টস ইউনিয়ন।

আরও পড়ুন: ‘নেতানিয়াহু সরকারের প্রতি আস্থার অভাব’, বুথফেরত জরিপে মন্তব্য আইজেনকোটের

জেলার সদর দপ্তর দাপোরিজোতে কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সড়কে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

শনিবার রাতে টাগিন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতির বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করার চেষ্টা করা হয়েছে— এমন অভিযোগের প্রতিবাদে সংগঠনটি বন্ধ কর্মসূচির ডাক দেয়। একই সঙ্গে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার প্রস্তাবিত আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিও তারা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে যুবদলকর্মী হত্যা মামলায় আসামি বিএনপি নেতা কাঞ্চন মোল্লা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


বরিশালে যুবদলকর্মী হত্যা মামলায় আসামি বিএনপি নেতা কাঞ্চন মোল্লা

বরিশালের উজিরপুরে যুবদলকর্মী কাওছার হাওলাদার হত্যা মামলায় সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাঞ্চন মোল্লাকে এজাহারভুক্ত ৬ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপি তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে।

রোববার (২৫ অক্টোবর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, কাঞ্চন মোল্লা উজিরপুরের সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। তবে তার পক্ষ থেকে বহিষ্কারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আসামি কাঞ্চন মোল্লার বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, "শুধু ৬নং আসামি নয়, পলাতক সকল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।"

উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদারকে (৩২) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা ঢাকায় পালানোর চেষ্টা করছিল। শুক্রবার রাতেই উজিরপুর মডেল থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পদ্মা সেতু দক্ষিণ টোল প্লজা এলাকায় মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এদিন নিহতের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ২৮ অক্টোবর শুরু হবে। তবে ম্যাচের আগের দিন দলের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম অনুশীলনের সময় চোটগ্রস্ত হয়েছেন। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেট সেশনে ব্যাটিং করার সময় তার হাতে আঘাত লাগে। চোট পাওয়ার পর মাঠেই তার হাতে বরফ দেওয়া হয় এবং এরপর তিনি অনুশীলন ছেড়ে চলে যান।

মুশফিকের চোটের গুরুতরতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ফলে প্রথম টেস্টে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, মুশফিকের খেলার অনুপযোগী হওয়ার মতো কোনো পরিস্থিতির কথা তিনি শুনেননি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঠিক আছে। এমন কিছু শুনিনি যে খেলতে পারবে না।’

এদিকে, চোট থেকে ফিরে আসা লিটন দাসের খেলার বিষয়েও কিছুটা অনিশ্চয়তা বিরাজ করছে। তিনি অনুশীলনে ব্যাটিং ও কিপিং—দুটিই করেছেন। তবে তার ফিটনেস সম্পর্কে ফিজিও ও ট্রেনারের চূড়ান্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।

লিটনের বিষয়ে শান্ত বলেন, ‘লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখনো ভালো আছে। ফিজিও-ট্রেনার এখনও রিপোর্ট দেয়নি। সব ঠিকঠাক থাকলে খেলবে। এখনো শতভাগ রিপোর্ট পাইনি। যদিও প্র্যাকটিসে ব্যাটিং-কিপিং সবই করেছে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজে বাংলাদেশের জন্য ভালো ফল পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রথম টেস্টের আগে মুশফিক ও লিটনের শারীরিক অবস্থার প্রতি দলের সতর্কতা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে। শেষ পর্যন্ত দুজনই একাদশে থাকবেন কি না, তা তাদের ফিটনেস পরিস্থিতির ওপর নির্ভর করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির ফল প্রকাশের তারিখ ২৯ থেকে ৩১ অক্টোবর নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


এইচএসসির ফল প্রকাশের তারিখ ২৯ থেকে ৩১ অক্টোবর নির্ধারণ

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ফল প্রকাশের পূর্ব নির্ধারিত তারিখ ২৯ অক্টোবর ছিল, কিন্তু নতুন করে তা ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে।

গত ২৪ অক্টোবর শনিবার আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের বিষয়টি জানানো হয়েছিল।

এর আগে, শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী, ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই।

এবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট ১১টি বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ঠাকুরগাঁও উপনির্বাচন

প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা দিলেন মির্জা ফয়সল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা দিলেন মির্জা ফয়সল আমিন

৪৭ বছরের দীর্ঘ যাত্রা, এক বুক স্বপ্ন এবং ঠাকুরগাঁওয়ের প্রতি আজীবন দায়বদ্ধতার কথা স্মরণ করে উপনির্বাচনের প্রচারের শেষ দিনে আবেগঘন বার্তা প্রদান করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন, যিনি ঠাকুরগাঁও-১ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত তার এই স্মৃতিচারণামূলক লেখাটি স্থানীয় ভোটার ও কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি রাজনীতিকে কেবল ক্ষমতা দখলের মাধ্যম হিসেবে নয়, বরং ত্যাগ ও জনসেবার ব্রত হিসেবে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরেছেন।

প্রচারণার শেষ দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত আবেগঘন পোস্টে মির্জা ফয়সল আমিন উল্লেখ করেছেন, ‘আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচার শেষ হলো। কিন্তু ঠাকুরগাঁওকে ঘিরে আমার স্বপ্নের পথচলা তো আজকের নয়। এই পথচলা শুরু হয়েছিল ১৯৭৯ সালে, আমার শ্রদ্ধেয় বাবা মরহুম মির্জা রুহুল আমিনের হাত ধরে।’

বাবার হাত ধরে শুরু হওয়া রাজনৈতিক ও সামাজিক যাত্রার স্মৃতি তুলে ধরে তিনি জানান, প্রায় চার দশক ধরে এই জনপদের মাটি, মানুষ এবং মানুষের স্বপ্নই তার জীবনের মূল উপজীব্য হয়ে দাঁড়িয়েছে।

তাদের পরিবার সবসময় একটি উন্নত ও আধুনিক ঠাকুরগাঁওয়ের স্বপ্ন দেখেছে। বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘ সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার পাশে থেকে একজন নীরব সঙ্গী হিসেবে মির্জা ফয়সল আমিনও বছরের পর বছর এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না ও আশা-আকাঙ্ক্ষা কাছ থেকে দেখেছেন।

ছাত্রদল ও যুবদল থেকে শুরু করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতির দায়িত্ব পালনের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে মির্জা ফয়সল আমিন বলেন, তার রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায়ে সাধারণ মানুষের কল্যাণে কিছু করার তাগিদই সবচেয়ে বেশি কাজ করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগমুহূর্তে তার এই স্মৃতিচারণামূলক ও শেকড়মুখী বার্তা ভোটারদের আবেগকে স্পর্শ করতে পারে। এখন দেখা যাক, ভোটের ব্যালটে সেই ভালোবাসার প্রতিফলন ঘটে কি না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং জেলা বিএনপির শীর্ষ নেতা মির্জা ফয়সল আমিন। প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%