ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৫ বছর পরে নারায়ণগঞ্জের রিসোর্টে ‘মুতা বিয়ে’ প্রসঙ্গে মুখ খুললেন মামুনুল হক


৫ বছর পরে নারায়ণগঞ্জের রিসোর্টে ‘মুতা বিয়ে’ প্রসঙ্গে মুখ খুললেন মামুনুল হক

পাঁচ বছর পরে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের বহুল আলোচিত ‘৫০১ নম্বর কক্ষ’ প্রসঙ্গে ব্যাখ্যা প্রদান করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি দাবি করেছেন, ‘৫০১’ ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট এবং ওই ঘটনার মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল।

শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

মামুনুল হক জানিয়েছেন, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাত আরা (ঝর্ণা) কে নিয়ে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। এ সময় পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের কর্মী, সাংবাদিক ও অন্যান্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে এবং তার স্ত্রীকে হেনস্তা করে। রিসোর্টের রিসেপশন থেকে বলে দেওয়া হয় যে পুরো রিসোর্ট পুলিশ ঘিরে ফেলেছে। কক্ষের দরজা খুলে দেওয়ার পর অনেকেই জোরপূর্বক কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে লাইভ সম্প্রচার শুরু করে। এমনকি তাকে এবং তার স্ত্রীকে নানান উপায়ে হেনস্তা করা হয়। পরিস্থিতি থেকে স্ত্রীকে রক্ষা করতে তিনি ওয়াশরুমে রাখেন। এর পরে নারী পুলিশ সদস্য এসে ওয়াশরুমে প্রবেশ করেন এবং সেখান থেকেও লাইভ সম্প্রচার চালান।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় তিনি এবং জান্নাত আরা উভয়েই নিজেদের বৈবাহিক সম্পর্কের কথা স্পষ্টভাবে জানান এবং সেটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত করা হয়। তার দাবি, প্রথমে পুলিশ তার মোবাইল ফোন নিয়ে নেয়। পরে এক অতিরিক্ত পুলিশ সুপার তথ্য যাচাইয়ের জন্য ফোনটি ফেরত দেন এবং পরিচিতজনদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হন। তবে, পরে ডিজিএফআই কর্মকর্তারা এসে তাদের থানায় নেওয়ার নির্দেশ দেন বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আরও জানিয়েছেন, রিসোর্টের বাইরে তখন হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। তিনি তাদের শান্ত করার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার ফেসবুক আইডির লাইভ সুবিধা প্রযুক্তিগতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

জান্নাত আরার সঙ্গে বিয়ে প্রসঙ্গে মামুনুল হক ফেসবুকে উল্লেখ করেন, জান্নাত আরা পূর্বে তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহিদুল ইসলামের স্ত্রী ছিলেন। তাদের দুটি সন্তানও রয়েছে। পরবর্তীতে পারস্পরিক সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

তার দাবি, বিবাহবিচ্ছেদের পরে জান্নাত আরা তার সঙ্গে যোগাযোগ করেন এবং এক পর্যায়ে তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন। তবে, তিনি আগে থেকেই জানিয়ে দেন যে ইসলাম অনুযায়ী একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষার যে বাধ্যবাধকতা রয়েছে, তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবেন না। এরপর জান্নাত আরা সম্মতি দিলে শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয় বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

বিয়ের পর তিনি জান্নাত আরাকে একটি কোরআন শিক্ষাকেন্দ্রে ভর্তি করিয়ে দেন এবং পরে তিনি সেলাই ও নারীদের বিভিন্ন প্রশিক্ষণমূলক কাজে যুক্ত হন বলেও উল্লেখ করেন মাওলানা মামুনুল হক।

বিয়ে গোপন রাখার কারণ হিসেবে মাওলানা মামুনুল হক বলেন, উপমহাদেশে একাধিক বিয়ে সামাজিকভাবে জটিল বিষয়। তাই প্রথম পারিবারিক অস্থিরতা তৈরি করতে চাননি। একই সঙ্গে রাষ্ট্রীয় আইনে প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টি জটিলতা সৃষ্টি করেছিল বলে তিনি উল্লেখ করেন।

তার দাবি, ইসলামে কাবিন বাধ্যতামূলক নয় এবং তার প্রথম বিয়েতেও কাবিন হয়নি। তবে, তার একাধিক বিয়ের বিষয়টি ঘনিষ্ঠজনেরা জানতেন বলেও তিনি দাবি করেন।

রিসোর্টে অন্য নাম ব্যবহারের ব্যাখ্যা দিতে গিয়ে মাওলানা মামুনুল হক জানান, তার পরিচয়পত্রে প্রথম স্ত্রী আমিনা তাইয়েবার নাম ছিল। অন্যদিকে, জান্নাত আরার পরিচয়পত্রে তার সাবেক স্বামী শহিদুল ইসলামের নাম ছিল। এ কারণে তারা আলোচনার ভিত্তিতে প্রথম স্ত্রীর নাম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন: জামায়াতের নিন্দা, আইইডিসিআরের পরিচালকের ওপর হামলার তদন্তের দাবি

প্রথম স্ত্রীকে ফোনে শহিদুল ইসলামের স্ত্রী হিসাবে পরিচয় দেওয়ার বিষয়েও তিনি ব্যাখ্যা দিয়েছেন। তার ভাষ্যমতে, প্রথম স্ত্রী আগে থেকেই জান্নাত আরাকে শহিদুল ইসলামের স্ত্রী হিসেবে চিনতেন। তাই বিষয়টি শান্তভাবে উপস্থাপনের জন্য তিনি সেই পরিচয় ব্যবহার করেছিলেন।

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রশ্ন তোলেন, তিনি বা জান্নাত আরা কোনো আইন ভঙ্গ করেছেন কি না? তিনি অভিযোগ করেন, পুলিশ তাদের কক্ষে প্রবেশ করে এবং পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা হয়। এসব কর্মকাণ্ডের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তার দাবি, তিনি রাষ্ট্রীয় আইন কিংবা শরিয়তের আইন কোনোটিই লঙ্ঘন করেননি। তারপরও তাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে অভিযোগ করে পোস্টে মামুনুল হক দাবি করেন, রিসোর্ট ঘটনার পর তৎকালীন এনএসআই মহাপরিচালক তার সঙ্গে বৈঠক করেন এবং তাকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রস্তাব দেন। তবে তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে দাবি করেন।

আরও পড়ুন: গোলাম মোস্তফা: ২০০৬ সালের ২৮ অক্টোবর গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের সূচনা

তিনি আরও অভিযোগ করেন, জান্নাত আরা, তার বাবা, সাবেক স্বামী ও পরিবারের সদস্যদের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল। জান্নাত আরাকে দীর্ঘ সময় হেফাজতে রাখা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

আদালত ও সাক্ষ্য প্রসঙ্গে মামুনুল হক বলেন, জান্নাত আরার ছেলে আব্দুর রহমানকে বিভ্রান্তিকর বক্তব্য দিতে উৎসাহিত করা হয়েছিল। তবে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি প্রকৃত ঘটনা তুলে ধরেন। এতে সংশ্লিষ্টদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।

‘মুতা বিয়ে’ প্রসঙ্গে ফেসবুকে মামুনুল হক জানান, তার বিরুদ্ধে ‘চুক্তিভিত্তিক বিয়ে’, ‘সাময়িক বিয়ে’ বা ‘মুতা বিয়ে’র যে অভিযোগ প্রচার করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, জান্নাত আরার সঙ্গে তার বিয়ে ছিল শরিয়তসম্মত ইসলামি বিয়ে।

জান্নাত আরার বর্তমান অবস্থান প্রসঙ্গে মামুনুল হক জানান, ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্ক ছিল। তবে ২০২১ সালের ঘটনার পর বিভিন্ন মনোমালিন্যের কারণে আলোচনার মাধ্যমে ২০২৫ সালের মার্চে তাদের বিচ্ছেদ ঘটে।

আরও পড়ুন: দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে: মৎস্যমন্ত্রী

তিনি দাবি করেন, বিচ্ছেদের আগ পর্যন্ত এবং নিজের কারাবাসকালেও জান্নাত আরার ভরণপোষণসহ প্রাপ্য অধিকার নিশ্চিত করেছিলেন।

দীর্ঘ ফেসবুক পোস্টে চরিত্র হননের অভিযোগ তুলে মামুনুল হক দাবি করেন, রাজনৈতিক ও আদর্শগত মতপার্থক্যের কারণে তার বিরুদ্ধে চরিত্রহননের চেষ্টা হয়েছে। আদালতেও তাকে হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, বিভিন্ন সময় তাকে দিয়ে ইসলামের বিরুদ্ধে কিংবা আল্লামা বাবুনগরীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ানোর চেষ্টা করা হলেও তিনি তা মানেননি।

পোস্টের একটি বড় অংশে মামুনুল হক হজরত আয়েশা (রা.)-এর বিরুদ্ধে অপবাদ রটনার ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, কুৎসা রটনাকারীদের কথা বলে সত্যকে আড়াল করা যায় না। তবে তিনি স্পষ্ট করেন যে, নিজে তার সঙ্গে হযরত আয়েশা (রা.)-এর কোনও তুলনা করছেন না, বরং ঘটনার একটি অংশ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন।

আরও পড়ুন: শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ যাত্রী

মাওলানা মামুনুল হক দাবি করেন, তার বিরুদ্ধে প্রচারণা ছিল তৎকালীন সরকারের বৃহত্তর রাজনৈতিক প্রকল্পের অংশ। তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে অতীতে পরিচালিত চরিত্রহননের প্রচারণার উদাহরণ দিয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক মতভিন্নতার কারণে ইসলামপন্থি কিছু ব্যক্তি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন।

পোস্টের এক পর্যায়ে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৬১ নম্বর আয়াত উদ্ধৃত করে তিনি ‘মুবাহালা’র আহ্বান জানিয়ে বলেন, তার বক্তব্যকে মিথ্যা প্রমাণ করতে চাইলে যে কেউ তার সঙ্গে এ ধরনের চ্যালেঞ্জে অংশ নিতে পারেন।

‘৫০১’ কে বিজয়ের প্রতীক হিসেবে ঘোষণা দিয়ে মামুনুল হক জানান, ‘৫০১ তার কাছে কোনো নেতিবাচক বিষয় নয়। বরং এটি তার ভাষায় ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের পরাজয়ের দলিল। ৫০১ কে তারা বিজয়ের প্রতীক হিসেবে গ্রহণ করছেন এবং ভবিষ্যতে এটি উদযাপন করবেন। যেখানে এ প্রসঙ্গ উত্থাপিত হবে, সেখানে ‘৫০১’-এর বার্তা পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


গাইবান্ধায় পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় ফলদ বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে শহরের ব্রিজ রোডে পরিবর্তন পাঠাগার চত্বরে আম, জাম, লিচু, পেয়ারা, আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করেন গাইবান্ধা পরিবেশ আন্দোলনের উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশপ্রেমীরা।

বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তব্য দেন পরিবেশ আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, ইব্রাহিম খলিল নান্নু, মুক্তিযোদ্ধা মারুফ আক্তার, সাহানা বিনতে আজিজ মিতা, রিকতু প্রসাদ, নাবিল আহমেদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। তারা বলেন, সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ রোপণের পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে।

বক্তারা আরও বলেন, ফলদ ও বনজ বৃক্ষ শুধুমাত্র পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান বক্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিগত সরকার অনেক পরিসংখ্যানকে প্রভাবিত করেছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


বিগত সরকার অনেক পরিসংখ্যানকে প্রভাবিত করেছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি মন্তব্য করেছেন যে, 'বিগত সরকার অনেক পরিসংখ্যানে প্রভাব ফেলেছে।'

তিনি শনিবার (২০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে মূল্যস্ফীতি ও জিডিপি সম্পর্কিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক মতবিনিময় সভার সময় এ কথা বলেছেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, 'বর্তমান সরকার অতীতের সরকারের মতো ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায় না। আমরা যথাযথ তথ্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তথ্য সঠিক হলে পরিকল্পনাও বাস্তবসম্মত হবে।'

তিনি জানিয়েছেন, 'নির্ভুল মূল্যস্ফীতির হার কিংবা জিডিপির সূচক নির্ণয়ে অতীতের সব তথ্য-উপাত্ত পুনরায় যাচাই-বাছাই করা হবে।' জনগণের আস্থা ফেরাতে বিবিএসের তথ্যকে চ্যালেঞ্জ জানিয়েছে সরকার। তথ্য নিয়ে কাজ করা সেকেন্ডারি প্রতিষ্ঠানগুলো যাতে নির্ভুল উপাত্ত পায়, সে লক্ষ্যে দুটি নতুন টেকনিক্যাল কমিটি গঠন করা হচ্ছে।

এ ছাড়াও, এসময় প্রতিমন্ত্রী 'রিয়েল টাইম ডেটা' পেতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করার পরামর্শও দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের सुपरস্টার নেইমার জুনিয়র চলমান ইনজুরি এবং ফিটনেস সংকট নিয়ে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রসিকতা করেছেন।

নেইমারকে তিনি বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়েরূপে অভিহিত করেছেন। শুক্রবার বেলো হরিজেন্তেয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগসংক্রান্ত একটি অনুষ্ঠানে লুলা এক শিশুকে জিজ্ঞেস করেন, বর্তমানে ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে? শিশুটি নেইমারের নাম উল্লেখ করলে প্রেসিডেন্ট মজা করে বলেন, ‘নেইমার তো খেলছেই না! সে হলো বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে।’

লুলা আরও বলেন, ‘এমন দিনও আসবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আমাদের জাতীয় দল বানাতে হবে। এগারোজন পেলের দল!’

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসেনারোর সমর্থক হিসেবে পরিচিত নেইমারকে নিয়ে লুলার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মূলত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফের চোট পাওয়া নেইমার বর্তমানে মাঠের বাইরে আছেন। এ তারকা ফরোয়ার্ড এক মাস ধরে পুনর্বাসনে রয়েছেন এবং বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ও দ্বিতীয় ম্যাচে দর্শক ছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আবারও নিজের দলের এমপিদের পক্ষ থেকে ব্যাপক চাপের মুখে পড়েছেন। ১০০ জনেরও বেশি লেবার এমপি তাকে পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন। এমনকি যদি আগামী সপ্তাহের মধ্যে পদত্যাগের নির্দিষ্ট সময়সূচি তিনি নির্ধারণ না করেন, তাহলে দলের পক্ষ থেকে তাকে পদ থেকে জোর করে সরিয়ে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।

তবে কিয়ার স্টারমার জোর দিয়ে জানিয়েছেন, তিনি যেকোনো চ্যালেঞ্জের অর্থাৎ মোকাবেলায় প্রস্তুত আছেন এবং এ পদ থেকে ‘সরে যাবেন না’।

যুক্তরাজ্যের লেবার পার্টির মেয়র অ্যান্ডি বার্নহাম সম্প্রতি উত্তর ইংল্যান্ডের একটি পার্লামেন্টারি আসনে উপনির্বাচনে বড় ব্যবধানের সাথে জয় অর্জন করার পর থেকেই দলের পক্ষ থেকে কিয়ার স্টারমারের বিরুদ্ধে এই আহ্বান উঠেছে।

কিয়ার স্টারমারের বিরুদ্ধে অবস্থান নেওয়া সর্বশেষ এমপিদের মধ্যে ফ্যাবিয়ান হ্যামিল্টন অন্যতম। তিনি গত মাসের স্থানীয় নির্বাচনের রক্তক্ষয়ী সংঘর্ষের পরও স্টারমারের প্রতি অনুগত ছিলেন। তিনি মন্তব্য করেছেন, আগামী দিন ও সপ্তাহগুলোতে প্রধানমন্ত্রীকে অবশ্যই সরে দাঁড়ানোর পরিকল্পনা জানাতে হবে এবং অ্যান্ডি বার্নহামকে সেই পরিবর্তন আনার সুযোগ দেওয়া উচিত, যার জন্য আমরা নির্বাচিত হয়েছি।

লেবার এমপিদের ‘রেড ওয়াল গ্রুপ’-এর চেয়ারম্যান জো হোয়াইট এবং মি. বার্নহামের ঘনিষ্ঠ সহযোগী লুক চার্টার্সও গত ২৪ ঘণ্টার মধ্যে দলের কুয়ারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জুন) মেকারফিল্ডে লেবার পার্টির হয়ে মি. বার্নহাম একটি ভূমিধস বিজয় অর্জন করেছেন এবং আগামী দিনগুলোতে তিনি কিয়ার স্টারমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা শুরু করবেন বলে আশা করা হচ্ছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংও ভবিষ্যতের যেকোনো প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

মন্ত্রিসভার সদস্যরাও স্যার কিয়ারের প্রতি আহ্বান জানিয়েছেন, তাকে ম্যানচেস্টারের সাবেক মেয়রের জন্য জায়গা ছেড়ে দিতে হবে এবং পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডারসহ অনেকেই ‘ক্ষমতা হস্তান্তরের’ দাবি করছিলেন।

সূত্র: ডেইলি টেলিগ্রাফ, বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%