ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর


দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

দক্ষিণ কোরিয়া সফরের ৫ দিনের সরকারি কার্যক্রম শেষ করে দেশে ফিরে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সফরের সময় তার সাথে ছিলেন তার একান্ত সচিব জ্যোতিশ্বর পাল।

শনিবার (২৪ অক্টোবর) রাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

গণঅধিকার পরিষদ থেকে পাঠানো একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিমন্ত্রী নুরুল হক নুর দক্ষিণ কোরিয়ায় ৫ দিনের সফরে বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয় নিয়ে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করেন। তিনি দক্ষিণ কোরিয়ার চুংজু সিটির মেয়রের বিশেষ আমন্ত্রণে সেখানে খ্যাতনামা প্রতিষ্ঠান 'চুনকো কোম্পানি লিমিটেড' পরিদর্শন করেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ইনচেওন শহরের অন্তর্গত গাংহোয়া কাউন্টির মেয়র পার্ক ইয়ং-চোওল (Park Yong-cheol) এর সাথে তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বাংলাদেশে কোরীয় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সিউলে পৃথক দুটি দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেন। এছাড়া, দক্ষিণ কোরিয়ার 'কোরিয়ান প্রিন্টার্স অ্যাসোসিয়েশন' (korean printers Association) এর প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি।

বিমানবন্দরে প্রতিমন্ত্রী নুরুল হক নুর পৌঁছালে তাকে স্বাগত জানান দলের মুখপাত্র আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য শাকিলউজ্জামান, সাকিব হোসাইন, প্রচার সম্পাদক আশরাফুল রায়হান, এবং গণঅধিকার পরিষদ মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসা শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডে আহমাদুল্লাহর সমালোচনা ও সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


মাদরাসা শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডে আহমাদুল্লাহর সমালোচনা ও সতর্কতা

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ মাদরাসাগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন অনৈতিক ও জঘন্য কর্মকাণ্ডের জন্য অনুমোদনহীন এবং মানহীন কিছু প্রাইভেট প্রতিষ্ঠানকে দায়ী করেছেন।

তিনি সতর্ক করে বলেছেন, এসব প্রতিষ্ঠানের অপরাধের কারণে গোটা মাদরাসা শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। তিনি উল্লেখ করেছেন যে, যদি কোনো প্রতিষ্ঠান অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করে, তবে তা পুরো মাদরাসা ব্যবস্থার জন্য চরম ও অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।

শনিবার (২৪ অক্টোবর) শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এ মন্তব্য করেন।

তিনি টঙ্গীর সাম্প্রতিক ঘটনার উদাহরণ টেনে বলেন, আইন নিজের হাতে তুলে না নেওয়ার এবং বিচারহীন বা তদন্তহীন ক্ষোভ প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানান।

শায়খ আহমাদুল্লাহ বলেন, মাদরাসাগুলোতে ঘটে যাওয়া জঘন্য অনাচারের অধিকাংশ ঘটনা ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসার। তবে, যেহেতু এগুলো মাদরাসা, এবং তাদের অপকর্মের কারণে পুরো মাদরাসা-ব্যবস্থা আজ হুমকির সম্মুখীন, তাই মাদরাসা পরিচালনার সাথে যুক্ত কর্তৃপক্ষকেই জোরালো পদক্ষেপ নিতে হবে।

তিনি জানান, মাদরাসার অপকর্ম রোধে করণীয় নিয়ে তিনি ৩০ জনেরও বেশি শীর্ষ আলেমের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনা পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে তা জনসচেতনতার জন্য প্রকাশ্যে তুলে ধরেন।

বোর্ড বা প্রাতিষ্ঠানিক দায়িত্বে না থাকায় লেখা ও সচেতনতা তৈরির বাইরে তার কোনো দাপ্তরিক ক্ষমতা নেই উল্লেখ করে তিনি বলেন, আবাসিক মাদরাসাগুলো লাখ লাখ এতিম-অসহায় শিক্ষার্থীর আশ্রয়স্থল ও দ্বীনি শিক্ষার মূল কেন্দ্র। এই কেন্দ্রগুলোর মর্যাদা ও জনআস্থা ধরে রাখতে মাদরাসা শিক্ষা বোর্ড এবং শীর্ষস্থানীয় আলেমদের সর্বশক্তি নিয়োগ করে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইতিহাসের দায় তাদেরকেই নিতে হবে।

অপরাধীদের রক্ষার চেষ্টার কড়া সমালোচনা করে তিনি লেখেন, এত কিছুর পরও যদি কোনো প্রতিষ্ঠান শিক্ষক নামের কতিপয় অপরাধীকে বাঁচানোর চেষ্টা করে, সমাধানের পথে না গিয়ে সত্য আড়াল করে, তবে এই লুকোচুরি মাদরাসার জন্য চূড়ান্ত ক্ষতি ডেকে আনবে। তখন আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না।

টঙ্গীতে ঘটে যাওয়া এক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বিচারহীন ক্ষোভ ও আইন নিজের হাতে নেওয়ার প্রবণতা সম্পর্কে সবাইকে সতর্ক করেন। তিনি প্রশ্ন তোলেন, অপরাধ প্রমাণের আগেই যদি শিক্ষকের ওপর চড়াও হওয়া হয় এবং পরবর্তীতে তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়, তবে ওই শিক্ষক ও প্রতিষ্ঠানের যে সম্মানহানি ও অপূরণীয় ক্ষতি হয়, তা কীভাবে পূরণ হবে?

তিনি স্মরণ করিয়ে দেন, ধর্ম অবমাননাসহ কোনো ইস্যুতেই ইসলাম আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দেয় না। তাই মাদরাসা বা যে কোনো জায়গায় সংঘটিত অনাচারের বিরুদ্ধে সরব থাকার পাশাপাশি আমাদের ক্ষণিকের ক্রোধ যেন অন্যের অপূরণীয় ক্ষতির কারণ না হয়, সে বিষয়েও সজাগ থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছিটকে গেলেন আনরিখ নর্কিয়া, গুরুতর নয় ইনজুরি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


ছিটকে গেলেন আনরিখ নর্কিয়া, গুরুতর নয় ইনজুরি

দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণভাগে এসেছে একটি বড় ধাক্কা। টেস্ট ক্রিকেটে দীর্ঘ প্রতীক্ষার পর ফিরে আসলেও, চোটের কারণে আবারও সমস্যায় পড়লেন আনরিখ নর্কিয়া। কুঁচকির চোটের কারণে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তিনি অংশ নিতে পারবেন না।

সেন্ট জর্জ’স পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বোলিং করার সময় বিপত্তি ঘটে। নিজের চতুর্থ ওভারের মাঝপথে মাঠ ছাড়তে বাধ্য হন নর্কিয়া। এরপর মাঠে ফিরতে না পারার কারণে, ম্যাচের বাকি সময়টা তিনি ড্রেসিংরুমেই কাটান। স্ক্যান ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সিরিজ নির্ধারণী ম্যাচে তাকে পাওয়া যাবে না।

প্রায় সাড়ে তিন বছরের দীর্ঘ বিরতি শেষে, ডারবানে সিরিজের প্রথম টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছিলেন নর্কিয়া। প্রত্যাবর্তনের ম্যাচে তিনি দুর্দান্ত বোলিং করে দুই ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন। তবে দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটে ফিরে টানা ম্যাচ খেলার বিষয়টি তার শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও ম্যাচ শেষে স্বীকার করেছেন যে, নর্কিয়াকে টানা দুই ম্যাচ খেলানোর সিদ্ধান্তটি ঝুঁকিপূর্ণ ছিল। শেষ পর্যন্ত সেই ঝুঁকির চড়া মূল্য গুনতে হলো প্রোটিয়াদের।

নর্কিয়ার চোট নিয়ে কিছুটা স্বস্তির খবর এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক আশঙ্কার চেয়ে ইনজুরিটি কিছুটা কম গুরুতর। তবে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে তার কত দিন লাগবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।

এদিকে, আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি দুদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে, ফলে এই ম্যাচটি সিরিজ নির্ধারণী ফাইনালে পরিণত হয়েছে।

নর্কিয়ার অনুপস্থিতিতে শেষ টেস্টের একাদশে পেস আক্রমণে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জেরাল্ড কোয়েৎজি, অলরাউন্ডার করবিন বশ ও ডেন প্যাটারসন। এছাড়া কন্ডিশন এবং ম্যাচের কৌশল অনুযায়ী বিকল্প হিসেবে বাঁহাতি স্পিনার সেনুরান মুথুস্বামীকে নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন, ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন, ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

দুর্গাপূজার ছুটি কাটানোর জন্য স্ত্রী ও সন্তানের সাথে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সুখন চৌধুরী। তিনি নরসিংদীর বাসায় রেখে গিয়েছিলেন জমি বিক্রির ৫০ লাখ টাকা, যা দিয়ে তিনি একটি ডাইং কারখানা কেনার পরিকল্পনা করেছিলেন। ছয় দিন পর ফিরে এসে দেখেন, জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা আলমারি ভেঙে টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত আটটার দিকে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুখন। শনিবার (২৪ অক্টোবর) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন।

জানা গেছে, সুখন গত পাঁচ বছর ধরে স্ত্রী ও সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করছেন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে। নিজের ডাইং কারখানা করার স্বপ্নে গ্রামের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা বাসার আলমারিতে রেখেছিলেন। কারখানা কেনার কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়েছিল।

সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, গত রোববার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে তারা বাসায় তালা দিয়ে গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাতে ফিরে চাবি দিয়ে দরজা খুলতে না পেরে তাদের সন্দেহ হয়। পরে বাসার পেছনে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান। স্থানীয়দের সহায়তায় ওই গ্রিল দিয়ে ভেতরে ঢুকে তারা ঘরের আসবাব ও জামাকাপড় ছড়ানো-ছেটানো এবং আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার খুঁজে পাননি।

সুখন চৌধুরী বলেন, জমি বিক্রির টাকা দিয়ে ডাইং কারখানা কেনার প্রস্তুতি প্রায় শেষ হয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা টাকা ও স্ত্রীর গয়না নিয়ে যাওয়ায় তার সারা জীবনের স্বপ্ন ভেঙে গেছে।

ওসি এম আর আল মামুন বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরব রেলস্টেশনে ৩ ভারতীয় নাগরিকের পাসপোর্ট, ভিসা ও স্বর্ণালংকার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


ভৈরব রেলস্টেশনে ৩ ভারতীয় নাগরিকের পাসপোর্ট, ভিসা ও স্বর্ণালংকার উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় তিন ভারতীয় নাগরিকের ব্যাগ, পাসপোর্ট, ভিসা, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পরে উদ্ধার করা মালামাল তাঁদের কাছে সযত্নে বুঝিয়ে দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) ভৈরব রেলওয়ে থানাধীন ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে অবস্থানরত ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসানের নেতৃত্বে রেলওয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় থাকা ব্যাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করে। পরে যাচাই-বাছাই শেষে উদ্ধার করা মালামাল তিন ভারতীয় নাগরিকের হাতে সযত্নে হস্তান্তর করা হয়।
পাসপোর্ট, ভিসা ও স্বর্ণালংকারের মতো গুরুত্বপূর্ণ মালামাল ফিরে পেয়ে তিন ভারতীয় নাগরিক স্বস্তি ফিরে পান। এ ঘটনায় ভৈরব রেলওয়ে পুলিশের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি প্রশংসনীয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%