আহমেদ আক্তার রানা প্রতিনিধি কুলাউড়া উপজেলা
০৬:২০ পি.এম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের গফফার মিয়ার ছেলে জসিম আহমেদ বাহরাইনতে তার কর্মস্থলে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল আনুমানিক ১১টার দিকে বাহরাইনস্থ নির্মাণকাজ চলাকালে তিনি রাজমিস্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এই সময় অসাবধানবশত, জসিম আহমেদ একটি ড্রাম মিক্সার মেশিনের ভেতরে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বাইরে নিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
জানা যায়, জসিম আহমেদ দীর্ঘ প্রায় ছয় বছর ধরে বাহরাইনে রাজমিস্ত্রীর কাজ করছেন। তার আকস্মিক মৃত্যুতে তার পরিবারের মধ্যে গভীর শোকের মাতম নেমে এসেছে। স্বজন ও এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন। বর্তমানে তার মরদেহ বাহরাইন পুলিশের হেফাজতে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকেরা অবরোধ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচিটি পালন করেন। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীরা জানায়, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা হয়েছে এবং এটি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। প্রতিনিয়ত সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তারা জানান, দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
অবরোধকারীরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আবুল কালামের হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।
অবরোধের খবর পেয়ে এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘অটোরিকশাচালকদের দাবি যৌক্তিক। বিষয়টি আমি সংসদ সদস্যকে জানিয়েছি। নির্ধারিত সময়ের আগেই কীভাবে কাজ শুরু করা যায়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।’
তার আশ্বাসে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘সড়কটির প্রায় সাড়ে ৭ কোটি টাকার সংস্কার কাজের ওয়ার্ক পারমিট পাওয়া গেছে। আমরা আশা করছি, আগামী আগস্টের প্রথম সপ্তাহেই কাজ শুরু করা যাবে। অনুমোদন-সংক্রান্ত জটিলতার কারণে জুনে কাজ শুরু করা সম্ভব হয়নি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, গত ১২ জুন রাত ১০টার পর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ বাদী হয়ে ১৩ জুন থানায় মামলার অভিযোগ দায়ের করেন। মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি, উক্ত উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নুরুল ইসলামকে মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে বাঁশতলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া, একই মামলার সন্দেহভাজন আসামি, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিব হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসিন আলী অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাড়দ্দাহ এলাকা থেকে গ্রেপ্তার করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ইরানের হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছে আরো ১০ জন।
এ ঘটনায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে।
মন্ত্রাণালয় একটি বিবৃতিতে জানায়, সোমবার রাতে ওমান উপকূলের কাছে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলায় ‘আল বাহিয়াহ’ ও ‘মোমবাসা’ নামে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সেগুলোতে ৪৬ জন ক্রু সদস্য ছিলেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে বলেন, আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মোমবাসা জাহাজে ১৮ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে ৯ জন আহত হয়েছেন, যার মধ্যে দুজন গুরুতরভাবে আহত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাগুলোর বিরুদ্ধে ‘কঠোর প্রতিবাদ’ জানাতে তারা ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে।
নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নাবিকদের লক্ষ্য করে পরিচালিত এসব হামলা এবং হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক নৌপথে অবাধ ও নিরাপদ চলাচল ব্যাহতকারী সহিংস কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির উদ্যোগে সম্প্রীতি, সৌহার্দ্য এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে “মৌসুমী ফল উৎসব-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিক্ষক নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রকৌশলী জান্নাতুল ফেরদৌসী এবং মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ (বাপশিপ), ঢাকা শাখার সাধারণ সম্পাদক অমিত সাহা এবং বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস), ঢাকা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের হেড অফ অনলাইন ও ডিজিটাল এইচ এম নাহিয়ান, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ শিমুল পারভেজ, ভিওডি বাংলার চিফ রিপোর্টার রুদ্র রাসেল, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও স্টার নিউজের রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন, ভিওডি বাংলার ক্রাইম রিপোর্টার মোঃ মান্না, বৈশাখী টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ আবুল খায়ের এবং বুটেক্স সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি আরমান খান ছামির। এছাড়াও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুর দিকে প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খান “মৌসুমী ফল উৎসব-২০২৬”-এর উদ্বোধন ঘোষণা করেন। পরে অতিথিরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকদের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। ভবিষ্যতেও এইধরনের আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের কথা জানান।
উপাধ্যক্ষ প্রকৌশলী জান্নাতুল ফেরদৌসী বলেন, সাংবাদিকতা দায়িত্বশীলতা, সততা ও বস্তুনিষ্ঠতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি এ ধরনের আয়োজনকে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে সাংবাদিক সমিতির এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈশাখী টেলিভিশনের হেড অফ অনলাইন এবং ডিজিটাল এইচ এম নাহিয়ান বলেন, বর্তমান সময়ে তথ্য এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। শিক্ষার্থীদের দায়িত্বশীল এবং তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ শিমুল পারভেজ বলেছেন, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য ও বস্তুনিষ্ঠতা। তিনি ক্যাম্পাস সাংবাদিকদের পেশাদারিত্ব, নৈতিকতা এবং দায়িত্ববোধের সঙ্গে কাজ করার পরামর্শ দেন এবং কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে সাংবাদিক সমিতির ভূমিকার উপর জোর দেন।
ভিওডি বাংলার চিফ রিপোর্টার রুদ্র রাসেল বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা ভবিষ্যতের গণমাধ্যমকর্মী তৈরির অন্যতম প্ল্যাটফর্ম। তাই শিক্ষার্থীদের নিয়মিত লেখালেখি এবং সংবাদ সংগ্রহের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং স্টার নিউজের রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বুটেক্স সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলভী আহমেদ বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের মিলনমেলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
আলোচনা পর্ব শেষে অতিথি, শিক্ষক, সাংবাদিক এবং অংশগ্রহণকারীরা একসঙ্গে মৌসুমী ফল উৎসবে অংশ নেন। অনুষ্ঠানে পরিবেশন করা ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, লটকন, ড্রাগন ফল, আমড়া এবং পেয়ারা।
সভাপতির সমাপনী বক্তব্যে আরমান খান ছামির উপস্থিত সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শিক্ষক, সাংবাদিক এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতি ক্যাম্পাসে ইতিবাচক, শিক্ষামূলক এবং সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখবে।”
পরিশেষে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ