বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫০ এম
ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সি এক কিশোরীকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেখান থেকে পালিয়ে এক দোকানে আশ্রয় নেওয়ার পর ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কহিনুর (৩৫) নামে এক পতিতা সর্দারনীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া রেলস্টেশনসংলগ্ন শহীদ মিনার এলাকার মো. দেলোয়ার হোসেনের দোকান থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
আটক কোহিনূর আক্তার দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি গাইবান্ধা জেলায়। তাকে যৌনপল্লিতে নিয়ে আসা ওই নারীর নাম-পরিচয় জানে না সে। তবে সামনে পেলে তাকে শনাক্ত করতে পারবে বলে পুলিশকে জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় কাজ করত। গত ১৯ নভেম্বর অজ্ঞাতপরিচয় এক নারী তাকে ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসেন। পরে তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোহিনূর আক্তারের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।
কিশোরীর অভিযোগ, যৌনপল্লিতে নেওয়ার পর কোহিনূর তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করতেন। মঙ্গলবার সন্ধ্যার পর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে রেলস্টেশন এলাকার শহীদ মিনারসংলগ্ন একটি দোকানে আশ্রয় নেয় সে। এ সময় স্থানীয়দের কাছে তাকে উদ্ধারের আকুতি জানায় কিশোরীটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর-রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২২ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটের সময় ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি), অকোটেক্স গ্রুপের চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত বিএম হারুন-অর-রশিদ পিনু (৫২) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে নাশকতা, যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে, তিনি আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ (২৬ নভেম্বর) এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া ইউরোপা লিগ এবং অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ম্যাচও অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ রাইজিং স্টারস
ভারত ‘এ’–শ্রীলঙ্কা ‘এ’
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১
অ–১৭ বিশ্বকাপ ফুটবল
উজবেকিস্তান–ইতালি
রাত ৮টা, ডিএজেডএন
মরক্কো–স্পেন
রাত ৯টা, ডিএজেডএন
ইউরোপা লিগ
অলিম্পিয়াকোস–এসি মিলান
রাত ১১.৪৫ মি., সনি স্পোর্টস ২
প্লজেন–বেনফিকা
রাত ১১.৪৫ মি., সনি স্পোর্টস ৫
জুভেন্টাস–ওমোনিয়া
রাত ২টা, সনি স্পোর্টস ২
ক্রাইস্টচার্চ টেস্ট: ১ম দিন
নিউজিল্যান্ড–ভারত
আগামীকাল ভোর ৪টায়, সনি স্পোর্টস ১ ও ৫ চ্যানেলে এই ম্যাচগুলো দেখা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে, সারাদেশের আকাশের আংশিক মেঘলা থাকার সম্ভাবনা সম্পর্কিত তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রকাশ করেছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির কারণে আজ রাত এবং দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অপরদিকে, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে, আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কেএম শাখাওয়াতকে পুলিশ আটক করেছে। ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাখাওয়াতকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। তার কাছে ডিসেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ করার পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়।
শাখাওয়াতের জবাব ছিল, তিনি বর্তমানে ওএসডি অবস্থায় আছেন। ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন শাখাওয়াতের কাছে জানতে চান, তিনি কি সরকারি আমলা হয়ে নাশকতা করবেন কিনা। শাখাওয়াত জানান, তিনি আর করবেন না। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে কান ধরতে বলেন, এবং তিনি কান ধরেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যাচাই-বাছাই চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ