১০:৩৯ এম
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী সতর্ক করে বলেছেন, সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় দেখা গেলে তাদের গ্রেফতার করা হবে। কিশোর গ্যাং নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধের বিরুদ্ধে প্রতিরোধমূলক কার্যক্রম চলমান থাকবে।
শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনের উদ্দেশ্যে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এই সমাবেশের আয়োজন করেছে কক্সবাজার জেলা পুলিশ।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, "ছেলে-মেয়েদের ওপর অভিভাবক ও শিক্ষকদের নিয়ন্ত্রণ নেই।" তিনি উল্লেখ করেন, যে বয়সে তাদের বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে সময় বিকালে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। তিনি আরও বলেন, "বিভিন্ন অঙ্গভঙ্গি করে শিস দেওয়ার মতো ঘটনাও ঘটছে।" পারিবারিক শাসন ও নজরদারির অভাবের কারণে কিশোর গ্যাং তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিকের ওপর হামলা
ডিআইজি বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিশোর গ্যাং এই দেশ থেকে নির্মূল করব। কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এটি পুরোপুরি নির্মূল করতে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।"
সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, কক্সবাজার শহরে বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়। জেলা পুলিশ সম্প্রতি অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চারবার সেরা ওসি হলেন রাকিবুল হাসান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন