বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৪৮ পি.এম
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
একই সঙ্গে তিনি মব করে আইনশৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইতালির ভেনিসে যা ঘটেছে, তা সত্যিই একটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা।’
শামা ওবায়েদ জানান, ঘটনার পর মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বাঁধনের সঙ্গে দেখা করেছেন এবং তাকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছেন।
তিনি বলেন, এই ঘটনায় শুরু হওয়া আইনি প্রক্রিয়ার বিষয়ে রাষ্ট্রদূতসহ ইতালিতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন সব ধরনের সহযোগিতা দিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের কনস্যুলেট সেখানে শুরু হওয়া আইনি প্রক্রিয়ার বিষয়ে পূর্ণ সহযোগিতা দিয়েছে। রাষ্ট্রদূতসহ ইতালিতে আমাদের দূতাবাসও পূর্ণ সহায়তা করেছে।’
তিনি আরও জানান, বাঁধন যতদিন ইতালিতে থাকবেন, ততদিন বাংলাদেশের কূটনৈতিক মিশন তাকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’
শামা ওবায়েদ ইসলাম সতর্ক করে বলেন, বিদেশে বাংলাদেশিদের এ ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, বিদেশে বসবাসকারী বা ভ্রমণরত বাংলাদেশিদের ওই দেশের আইন মেনে চলার দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশিরা যখন বিদেশে বসবাস করেন, তখন তারা যে দেশে অবস্থান করছেন সেখানকার আইন ও নিয়মকানুন মেনে চলবেন- এটাই স্বাভাবিক এবং প্রত্যাশিত।’
বাংলাদেশিরা শিক্ষার্থী, ব্যবসায়ী কিংবা পেশাজীবী যে হিসেবেই বিদেশে যান না কেন, তাদের সংশ্লিষ্ট দেশের আইনকে শ্রদ্ধা করা উচিত বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, এ ধরনের ঘটনা যেখানেই ঘটুক না কেন, সরকার মব করে আইনশৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে।
তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, যেকোনো ধরনের মব বা আইনশৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অবস্থান শুধু ভেনিসের জন্যই নয়, বিশ্বের যেকোনো স্থানে, এমনকি বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ঘটনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেও তিনি উল্লেখ করেন।
শামা ওবায়েদ আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গণপিটুনি ও আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
মানবাধিকার ও পর্যবেক্ষণের বিষয়ে জাতিসংঘের বিভিন্ন সুপারিশ নিয়ে পৃথক এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার একটি স্বাধীন বিচার বিভাগ, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ এবং তা জনসাধারণের জন্য উন্মুক্ত।
গত ১৭ বছরের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতি ইঙ্গিত করে শামা ওবায়েদ বলেন, সরকার একটি স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন নিশ্চিত করতে চায়, যাতে ভবিষ্যতে জনগণের অধিকার সুরক্ষিত থাকে।
জাতিসংঘের মানবাধিকার প্রধানের সুপারিশ সরকার গ্রহণ করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এসব প্রস্তাব যাচাই-বাছাই করে দেখবে।
তিনি বলেন, ‘যদি এটি বিবেচনা করার মতো উপযুক্ত মনে হয়, তবে বাংলাদেশের মানুষের মানবাধিকার ও আইনের শাসন রক্ষাকারী যেকোনো পদক্ষেপ বা আইন সরকার অবশ্যই বিবেচনা করবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দ্বীপ জেলা ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বিকেলে সংসদ অধিবেশনে ভোলা-৪ আসনের নুরুল ইসলাম নয়নের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান।
তিনি বলেন, ‘ভোলার যে প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদ আমরা দেশের মানুষের জন্য যেমন ব্যবহার করতে চাই; পাশাপাশি ভোলার মানুষ যাতে উপকৃত হয় সেটিও আমাদের লক্ষ্য।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ভোলা একটি দ্বীপ জেলা। এজন্য আমাদের প্রথম পরিকল্পনা এই জেলাকে মূল ভূখণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা। সেতু নির্মাণ করে সড়ক যোগাযোগের মাধ্যমে আমরা এটি করতে চাই। দ্বিতীয়ত ভোলায় ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চাই। একই সঙ্গে একটি ইউরিয়া সার কারখানা স্থাপন করতে চাই।’
ভোলায় শিল্পায়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি পর্যায়ের উদ্যোক্তাদের আমরা উৎসাহিত করছি। ইতোমধ্যে বেশ কিছু উদ্যোক্তা সেখানে শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলছি, যারা সেখানে কলকারখানা স্থাপন করবেন। এর মাধ্যমে আমরা ভোলাকে গড়ে তুলতে চাই। সেখানকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই।’
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে তিনটায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।
আজ প্রধানমন্ত্রীর জন্য আটটি তারকা চিহ্নিত প্রশ্ন নির্ধারিত ছিল। এরমধ্যে তিনটি প্রশ্ন এবং সাতটি সম্পূরক প্রশ্নের উত্তর দেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট নগরীর ফাজিলচিশতের একটি ছড়ায় পয়ঃবর্জ্য ফেলার দায়ে ছয় বাসার মালিককে জরিমানা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
বুধবার সকালে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব এই জরিমানা করেন। এসময় সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম উপস্থিত ছিলেন।
সিসিক সূত্র জানায়, ওই ছয়টি বাসার মালিক সেপটিক ট্যাংক নির্মাণ না করে পাইপের মাধ্যমে পয়ঃবর্জ্য সরাসরি ছড়ায় ফেলছিলেন। বিষয়টি নজরে আসলে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবেশ দূষণের দায়ে সংশ্লিষ্ট ৬ বাসার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করে। এছাড়া তারা ভিবিষ্যতে ছড়া ও ড্রেনে কোনো ধরনের বর্জ্য না ফেলা এবং দ্রুত সেপটিক ট্যাংক নির্মাণের অঙ্গীকার করে মুচলেখা দেন।
এদিকে, অভিযান চলাকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফাজিলচিশত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পয়ঃবর্জ্য ছড়া-খাল ও ড্রেনে না ফেলার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর ১ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে মালনীছড়া প্রবাহিত হয়েছে। ছড়ার পানি স্বচ্ছ থাকার কথা থাকলেও সেপটিক ট্যাংক না থাকায় অনেক বাসাবাড়ি থেকে পাইপের মাধ্যমে সরাসরি পয়ঃবর্জ্য ছড়া-খালে ফেলা হচ্ছে। এতে শুধু এলাকার পরিবেশই দূষিত হচ্ছে না, এর প্রভাব পুরো নগরীতে পড়ছে। ছড়ার পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। এতে নগরবাসীর স্বাস্থ্য ও পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো ৩৫৫ কেজি নকল ঘি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্তধিকারী নিপন চন্দ্র দাসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর মজুপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ অভিযুক্ত ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত নকল ঘি বিনষ্ট করা হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্ত নিপন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার ইন্দ্র চন্দ্র দাসের ছেলে ও পৌর শহরের উত্তর মজুপুর এলাকার প্রত্যয় ট্রেডার্সের স্বত্তধিকারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পৌর শহরের উত্তর মজুরপুর এলাকায় প্রত্যয় ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান নকল ঘি বাজারে বিক্রি করে আসছিল। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৫৫ কেজি বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো নকল ঘি জব্দ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম প্রমুখ।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, নিপন চন্দ্র দাস বাজারে নকল ঘি সরবরাহ করে আসছিল। অভিযান চালিয়ে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। নকল ঘি জব্দ করে পরে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত ১০ বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি করে বাংলাদেশ মোট ৮৪ হাজার ২ কোটি ৫৭ লাখ টাকা আয় করেছে। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের (কক্সবাজার-৩) লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত ১০ বছরে বাংলাদেশ ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন কাঁচা পাট রফতানি করে ১২ হাজার ৬১২ কোটি ৭ লাখ টাকা আয় করেছে।
তিনি বলেন, একই সময়ে ৭০ লাখ ৬৯ হাজার মেট্রিক টন পাটজাত পণ্য রফতানি করে বাংলাদেশ ৭১ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে।
মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি করছে। এর মধ্যে কাঁচা পাট ৩০টি দেশে এবং পাটজাত পণ্য ১৩৮টি দেশে রপ্তানি হচ্ছে।
তবে তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে উৎপাদিত পাট বিদেশে রফতানি স্থগিত রয়েছে।’
তিনি জানান, বাংলাদেশ চীন, ইরান, স্পেন, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, পোল্যান্ড, ভিয়েতনাম, নেপাল, তিউনিসিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, লাটভিয়া, মেক্সিকো ও সৌদি আরবসহ প্রায় ১৩৬টি দেশে কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ