ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মার্কিন সেনাবাহিনী লেড অ্যাজাইড ধ্বংসের জন্য বিস্ফোরণের পরিকল্পনা করেছে


মার্কিন সেনাবাহিনী লেড অ্যাজাইড ধ্বংসের জন্য বিস্ফোরণের পরিকল্পনা করেছে

মার্কিন সেনাবাহিনী বুধবার সকালে আইওয়া অঙ্গরাজ্যে মজুত থাকা দেশের সব লেড অ্যাজাইড বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেনাবাহিনী উদ্বিগ্ন যে, এসব রাসায়নিক অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে এবং যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।

আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে অবস্থিত ‘আইওয়া আর্মি অ্যামিউনিশন প্ল্যান্টে’ মজুত প্রায় ৪ দশমিক ৪ টন (প্রায় ৯ হাজার ৭০০ পাউন্ড) বিপজ্জনক রাসায়নিক লেড অ্যাজাইড নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে।

৬৮টি ব্যারেলে সংরক্ষিত লেড অ্যাজাইড স্থিতিশীল রাখতে পানি ও ইথানলের মিশ্রণে রাখা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে তরল বাষ্পীভূত হয়ে যাওয়ায় ব্যারেলগুলোর ভেতরে সূঁচের মতো স্ফটিক তৈরি হয়েছে। এর ফলে রাসায়নিকগুলো অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছে। বিশেষজ্ঞ ও সেনাবাহিনীর মতে, তাপমাত্রার পরিবর্তন কিংবা সামান্য ঘর্ষণেও এসব স্ফটিক স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হতে পারে। ব্যারেলগুলো খুলে পরীক্ষা করা বা অন্য কোথাও সরিয়ে নেওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে রাসায়নিকগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সিঙ্গাপুরে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, বাংলাদেশির দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড

নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অভিযানের সেনাপ্রধান মেজর জেনারেল এরিক শার্লি বলেন, “এখন আর চুপ থাকার কোনো সুযোগ নেই।”

লেড অ্যাজাইড হলো সীসা ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত একটি অত্যন্ত সংবেদনশীল প্রাইমারি বিস্ফোরক যৌগ। এটি মূলত ‘ডিটোনেটর ও ব্লাস্টিং ক্যাপে’ (ছোট ও সংবেদনশীল বিস্ফোরক যন্ত্র) বড় বিস্ফোরক সক্রিয় করতে ব্যবহৃত হয়।

মঙ্গলবার কর্মকর্তারা আশপাশের বাসিন্দাদের বাতাসে ছড়িয়ে পড়তে পারে এমন বিষাক্ত ধূলিকণা থেকে বাঁচতে প্রয়োজনে এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে সতর্ক করেছেন। তবে তারা আশ্বস্ত করে বলেছেন, বিস্ফোরণস্থলের চারপাশে তৈরি করা বিশেষ প্রতিবন্ধকতা ধূলিকণা ছড়িয়ে পড়া অনেকাংশে ঠেকাতে পারবে।

মার্কিন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব অ্যাডাম টেলে বলেন, “জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আমাদের লক্ষ্য হলো, যতটা সম্ভব এসব রাসায়নিক আইওয়ার আর্মি অ্যামিউনিশন প্ল্যান্টের মধ্যেই সীমাবদ্ধ রাখা, যাতে সেগুলো অন্য কোথাও ছড়িয়ে পড়তে না পারে।”

আরও পড়ুন: সউদীর তেল শোধনাগার ও রিয়াদের বাণিজ্যিক ভবনে হুথিদের হামলা, আহত ১১

সরকারের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, অনুকূল বাতাসের গতিপ্রবাহ নিশ্চিত করা এবং অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়ার জন্য সময় দিতে সেনাবাহিনী দক্ষিণ-পূর্ব আইওয়ায় বিস্ফোরণের সময় বুধবার নির্ধারণ করেছে। এর আগে গত শুক্রবার ৬৮টি ব্যারেল বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিল। সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য আরও ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণ ঠেকাতে এই রাসায়নিকের মজুত নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা জরুরি।

সম্ভাব্য বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়তে পারে এমন সীসাযুক্ত ধূলিকণা থেকে রক্ষা পেতে মিডলটাউনের আশপাশের কিছু বাসিন্দা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের বাড়ির জানালা ও দরজা বন্ধ করে রাখছেন। আরো দূরে বসবাসকারীরা বাতাসের গতিপথের ওপর নির্ভর করে বিষাক্ত ধূলিকণা কোথায় ছড়িয়ে পড়তে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

কর্মকর্তারা বাসিন্দাদের বিস্ফোরণের সময় ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। বিস্ফোরণের পর সীসার কণার সংস্পর্শ এড়াতে বাড়ির বাইরের বিভিন্ন পৃষ্ঠ পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পরামর্শও দেওয়া হয়েছে।

মিডলটাউনের মেয়র রডনি জনসন বলেছেন, এই বিস্ফোরণ ঘটানো জরুরি, “যাতে আমরা নিজেদের জীবন নিয়ে আবার সামনে এগিয়ে যেতে পারি।” সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আরো বলেন, “অনুপযুক্তভাবে সংরক্ষণ ও নিষ্কাশনের কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে।”

আরও পড়ুন: ভারতে দুই বাবার লড়াই, নৈপথ্যে কী ঘটছে?

মিসৌরির গভর্নর মাইক কিহো জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন সংস্থা বায়ু ও পানির গুণমান, জনস্বাস্থ্য এবং কৃষিসম্পদের ওপর সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণে অতিরিক্ত ব্যবস্থা গড়ে তোলার কাজ করছে।

অভিযানের তত্ত্বাবধানকারী কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বাতাস দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে নিকটবর্তী বার্লিংটন শহর থেকে দূরে সরে যাবে বলে আশা করা হচ্ছে। মিসিসিপি নদীর তীরে অবস্থিত শহরটির জনসংখ্যা ২৫ হাজারের কিছু কম। মঙ্গলবার সেনাবাহিনী নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে দেখা গেছে, বিস্ফোরণের পর ধোঁয়া মিসৌরি অঙ্গরাজ্যের দিকে ছড়িয়ে পড়তে পারে। এর আগে বিস্ফোরণের যে পরিকল্পনা করা হয়েছিল, তাতে ধোঁয়া উত্তর দিকে যাওয়ার কথা ছিল।

মঙ্গলবার সকালে মোবাইল ফোনে পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়, বুধবার সকাল ৯টায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে। এ সময় প্ল্যান্টের পাঁচ মাইল (প্রায় আট কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে বসবাসকারী কিছু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হতে পারে।

জরুরি সতর্কবার্তায় আরও বলা হয়েছে, প্ল্যান্ট থেকে ২০ মাইল (প্রায় ৩২ কিলোমিটার) দূরে বসবাসকারী লোকজনকে বাতাসে ছড়িয়ে পড়তে পারে এমন সীসাযুক্ত ধূলিকণা, বিস্ফোরণের শব্দ ও কম্পন থেকে সুরক্ষিত থাকতে জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করতে হবে।

আরও পড়ুন: মালয়েশিয়া গুগলের বিরুদ্ধে ইউটিউবে ক্ষতিকর কনটেন্টের অভিযোগে ১৪৬ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি

লেড অ্যাজাইড ধ্বংসের জন্য ব্যবহৃত বাঙ্কারগুলোর চারপাশে সেনাবাহিনী অতিরিক্ত বিস্ফোরণ প্রতিরোধক স্থাপন করেছে। পাশাপাশি সীসাযুক্ত ধূলিকণা আটকে রাখতে ব্যালিস্টিক জেল ও বিশেষ ফোম ব্যবহার করা হবে।

এ ছাড়া রাসায়নিক পদার্থগুলোর ওপর কয়েক হাজার গ্যালন পানি ঢালার পরিকল্পনাও রয়েছে। সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব অ্যাডাম টেলে বলেন, “আমরা সম্ভাব্য সব ধরনের সমাধান বিবেচনা করেছি। সবকিছু বিবেচনায় নিয়েই দেখা গেছে, নিয়ন্ত্রিত বিস্ফোরণই সবচেয়ে নিরাপদ পদ্ধতি।”

দীর্ঘ আইনি জটিলতা ও নানা বিভ্রান্তির পর ফেডারেল আপিল আদালতের অনুমোদন পেয়েছে মার্কিন সেনাবাহিনীর লেড অ্যাজাইড ধ্বংসের পরিকল্পনা। এ ঘটনাপ্রবাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অপ্রত্যাশিত পদক্ষেপও যুক্ত হয়েছে।

সোমবার আদালত জানিয়েছে, মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) ধূলিকণার বিস্তার কমাতে জরুরি অনুমতিপত্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা অন্তর্ভুক্ত করেছে। এসব ব্যবস্থা বিস্ফোরণ বন্ধের দাবিতে মামলা করা পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্বেগও অনেকাংশে দূর করেছে।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি: পশ্চিমবঙ্গের মন্ত্রী

আদালত ব্যারেলগুলো যেখানে রাখা হয়েছে, সেই এলাকার চারপাশে স্থাপিত বিশেষ প্রতিবন্ধকতা এবং আবহাওয়াসংক্রান্ত বিধিনিষেধের বিষয়টি উল্লেখ করেছে।

বিচারকরা আরও জানিয়েছেন, আদালতে জমা দেওয়া নথিতে দেখা গেছে, লেড অ্যাজাইড নিষ্ক্রিয় করতে অন্যান্য রাসায়নিক ব্যবহার ও তাপীয় প্রক্রিয়াকরণসহ বিভিন্ন বিকল্প পদ্ধতি বিবেচনা করেছিল সেনাবাহিনী। তবে সবকিছু পর্যালোচনার পর তারা নিয়ন্ত্রিত বিস্ফোরণকেই সবচেয়ে নিরাপদ পদ্ধতি হিসেবে বেছে নেয়।

অপ্রত্যাশিত এক ঘটনায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আদালতের অনুমোদনের পাশাপাশি তিনি নবনির্বাচিত গভর্নর রব স্যান্ডের কাছ থেকেও বিস্ফোরণের অনুমোদন চান। তবে ডেমোক্র্যাট দলের নেতা স্যান্ড জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে ট্রাম্প প্রশাসনের।

আরও পড়ুন: সরকার জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ বিবেচনা করবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন দাগনভূঞার ওসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


ফেনীর যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন দাগনভূঞার ওসি

ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির মধ্যে একটি কথোপকথনের অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অডিওতে দেখা যায়, মাইগ্রেনের ব্যথা সারানোর জন্য ওসি ফয়জুল আজিম নোমান একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে যুবলীগ নেত্রীকে দ্রুত তার বাংলোতে আসতে বলেন। তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

যুবলীগ নেত্রী যখন জানতে চান, কোনো সমস্যা হবে কি না, তখন ওসি জবাব দেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ যুবলীগ নেত্রী তাকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি কিছুটা মনঃক্ষুণ্ন হন।

অডিওতে আরও শোনা যায়, দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়ে তাদের কথোপকথন রয়েছে।

দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে তার বাসা থেকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তাদের কথোপকথনের অডিও ফাঁস হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর তাসকিরা তানিন সনি একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন, ‘গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাকে হাগ (আলিঙ্গন) করার অনুরোধ করেছেন।’

অন্যদিকে, দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান এসব অভিযোগ অস্বীকার করেন। তবে কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি তিনি স্বীকার করে বলেন, আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। তিনি মন্তব্য করেন, পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্র্যাক এনজিওতে চাকরি: একাধিক সুবিধা ও যোগ্যতার বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


ব্র্যাক এনজিওতে চাকরি: একাধিক সুবিধা ও যোগ্যতার বিস্তারিত

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: জোনাল ম্যানেজার

বিভাগ: স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্র্যাম

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কর্মসূচি পরিকল্পনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ, মূল্যায়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

আজ বুধবার নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে।

তারেক সাঈদের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র‍্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিঙ্গাপুরে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, বাংলাদেশির দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


সিঙ্গাপুরে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, বাংলাদেশির দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড

সিঙ্গাপুর এয়ারলাইনসের (এসআইএ) একটি উড়োজাহাজে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি করার পাশাপাশি একটি পৃথক ঘটনায় এক পুলিশ কর্মকর্তার ওপর থুতু ছিটানোর জন্য এক বাংলাদেশিকে কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত। এই তথ্যটি প্রকাশ করেছে দ্য স্ট্রেইটস টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিন গ্লাস ওয়াইন পান করার পর মাতাল হয়ে এক বাংলাদেশি যাত্রী এক নারী কেবিন ক্রুকে শ্লীলতাহানি করেন। গত সেপ্টেম্বরে বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করার পর তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর ২৩ বছর বয়সী খন্দকার মো. ইয়ামিনকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছিল। তবে অক্টোবরে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে আবারও মাতাল অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে আটক থাকার সময় তিনি এক পুলিশ সদস্যের গায়ে থুতু ছিটিয়ে দেন। এ ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

গত ২৩ নভেম্বর শ্লীলতাহানি এবং সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর খন্দকার মো. ইয়ামিনকে দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড প্রদান করেন আদালত। আদালতের নথিতে উল্লেখ করা হয়নি, খন্দকার ঠিক কোথা থেকে ওই বিমানে উঠেছিলেন। তবে গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে বিমানে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক নারী কেবিন ক্রুর নিতম্বে হাত দেন। ২৬ বছর বয়সী ওই নারী কেবিন ক্রু এতে মানসিকভাবে বিপর্যস্ত ও ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি খন্দকারকে আর স্পর্শ না করতে বলেন। কিন্তু কোনো জবাব না দিয়ে তিনি শুধু ওই নারীর দিকে তাকিয়ে হাসেন।

ওই নারী কেবিন ক্রু পরে তার এক সহকর্মীকে ঘটনাটি জানান। এরপর ওই সহকর্মী খন্দকারের কাছে এ বিষয়ে জানতে চান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ওই দিন সকালে বিমানটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশ কর্মকর্তারা খন্দকারকে গ্রেপ্তার করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পাওয়ার পর খন্দকারকে জালান বেরসেহ এলাকায় একটি শক্ত জায়গায় হেলান দিয়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন। সরকারি কৌঁসুলি জানান, পুলিশ কর্মকর্তারা তাকে মাতাল অবস্থায় পান। তখন তার নাক দিয়ে রক্ত ঝরছিল। পরে প্যারামেডিকরা তার রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। এ সময় মাটিতে শুয়ে এলোপাতাড়ি হাত-পা ছুড়তে থাকেন।

পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি একটি সিগারেট চান। তবে পুলিশ তা দিতে অস্বীকৃতি জানালে তিনি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে তার পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের দিকে থুতু ছিটিয়ে দেন খন্দকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%