০২:৪০ পি.এম
হবিগঞ্জের নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতির সময় পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে। বুধবার ভোরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের কালিয়াভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামের মো. পিন্টু মিয়ার ছেলে মো. রাহুল আহমেদ এবং একই গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে মো. নিহাদ আহমেদ অন্তর্ভুক্ত রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার ভোর রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি রোডের মান্দারকান্দি এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী মশাল মিছিল বের করার জন্য জড়ো হচ্ছিলেন।
আরও পড়ুন: সিঙ্গাপুরে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, বাংলাদেশির দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে যেতে সক্ষম হলেও মো. রাহুল আহমেদ ও মো. নিহাদ আহমেদকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন