বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪৩ পি.এম
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এই আহ্বান জানান।
শফিকুর রহমান বিবৃতিতে উল্লেখ করেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে দেশপ্রেমিক সৈনিক এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে তৎকালীন ষড়যন্ত্র ও সংকট মোকাবিলার একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছিল।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত পাল্টা সামরিক অভ্যুত্থানের পর দেশে যে অস্থিরতা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা সেই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত জনতার অংশগ্রহণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়কে আরও দৃঢ় করে।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান সময়েও দেশ ও জাতি বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং জাতীয় সংকটের সম্মুখীন।
গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র এবং অপতৎপরতা প্রতিহত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
‘অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে পুনরায় ফ্যাসিবাদী শাসন ও স্বৈরাচারী প্রবণতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।’
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করার জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা, রাজনৈতিক দল, সরকার এবং সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের তাগিদ দেন শফিকুর রহমান।
সবশেষে বিবৃতিতে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশপ্রেমিক ছাত্র-জনতাকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন নাসার তিন মহাকাশচারী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে প্রায় ৪০০ কিলোমিটার উঁচুতে অবস্থান করেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়টি আবারও প্রমাণিত হলো। অনিল মেনন, জেসিকা ওয়াটকিন্স এবং লুক ডিলানি এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নেন।
মহাকাশচারী অনিল মেনন মার্কিন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি দেখিয়েছেন কীভাবে তিনি মহাকাশ স্টেশনের ভেতরে নিজের শোবার কুঠরি বা স্লিপিং কম্পার্টমেন্টকে একটি অস্থায়ী 'ভোটকেন্দ্র' হিসেবে ব্যবহার করেছেন। সেই কুঠরির ভেতরের কম্পিউটার ব্যবহার করে তিনি ভোটিং প্রক্রিয়া সম্পন্ন করেন।
অনিল মেনন তার এক্স হ্যান্ডেলে লেখেন, "হ্যাঁ, আপনি মহাকাশ থেকেও ভোট দিতে পারেন! মহাকাশ স্টেশন থেকে ভোট দেওয়ার সৌভাগ্য আমাদের তিন মার্কিন ক্রু সদস্যেরই হয়েছে। আমরা ইলেকট্রনিক ব্যালট পূরণ করে নিরাপদে নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছি।"
নাসার তথ্য অনুযায়ী, মহাকাশচারীরা প্রথমে অ্যাবসেন্টি ব্যালটের জন্য আবেদন করেন। এরপর মহাকাশ স্টেশনে বসেই তারা ইলেকট্রনিক ব্যালট পূরণ করেন এবং নাসার নিজস্ব যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তা পৃথিবীতে পাঠান। এই ব্যালটটি ট্র্যাকিং অ্যান্ড ডেটা রিলে স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে নিউ মেক্সিকোতে নাসার হোয়াইট স্যান্ডস টেস্ট ফ্যাসিলিটির গ্রাউন্ড অ্যান্টেনায় পৌঁছায়। সেখান থেকে তা হিউস্টনে অবস্থিত জনসন স্পেস সেন্টার হয়ে টেক্সাসের হ্যারিস কাউন্টির নির্বাচন কর্মকর্তার দপ্তরে পৌঁছায়। গোপনীয়তা বজায় রাখতে ব্যালটটি পুরোপুরি এনক্রিপ্ট করা থাকে, যা কেবল সংশ্লিষ্ট মহাকাশচারী এবং কাউন্টি ক্লার্কই খুলতে পারেন।
১৯৯৭ সালে টেক্সাস অঙ্গরাজ্যে পাশ হওয়া একটি আইনের কল্যাণে প্রথমবার মহাকাশ থেকে ভোট দেওয়ার সুযোগ পান মার্কিন নভোচারীরা। এর ধারাবাহিকতায় মীর মহাকাশ স্টেশন থেকে ডেভিড উলফ প্রথম মার্কিন হিসেবে মহাশূন্য থেকে ভোট দিয়েছিলেন। বর্তমান মিশনের তিন মহাকাশচারী—অনিল মেনন, জেসিকা ওয়াটকিন্স এবং লুক ডিলানি—এবার সেই ঐতিহ্য বজায় রেখেই মহাকাশ থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন। সূত্র: ইউরোনিউজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের কচুয়া-গৌরীপুর সড়কে ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সড়কের দুই পাশে ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহিন পাটোয়ারীর নেতৃত্বে শিমুলতলী-বাতাপুকুরিয়া সড়কের দুই পাশে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
এই কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম। উদ্বোধনের সময় তিনি নিজেও ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের কাজে অংশ নেন। এ ছাড়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি নিয়োজিত শ্রমিকরাও এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছার কারণে বিভিন্ন স্থানে আড়ালের সৃষ্টি হয়েছে। এর ফলে সড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সড়কের দৃশ্যমানতা বৃদ্ধি এবং অপরাধ সংঘটনের সুযোগ কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন পাটোয়ারী বলেন, "সড়কে চলাচলকারী যাত্রী, পথচারী ও যানবাহনের চালকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অতীতে বিভিন্ন স্থানে সড়ককেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং শিক্ষামন্ত্রীর নির্দেশনায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।"
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম মন্তব্য করেন, "শাহিন পাটোয়ারীর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও ব্যতিক্রমী। সড়কের দুই পাশে ঝোপঝাড় থাকলে অনেক সময় আড়ালের সৃষ্টি হয়, যা অপরাধ সংঘটনের সুযোগ তৈরি করতে পারে। ঝোপঝাড় পরিষ্কার করা হলে সড়কে দৃশ্যমানতা বাড়বে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এ ধরনের সামাজিক উদ্যোগ সড়ক নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।"
এদিকে, সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের এই উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী ও যানবাহনের চালকেরা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সড়কে নিরাপদে চলাচলের পরিবেশ তৈরি হবে এবং ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঝুঁকি কমাতে সহায়ক হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় শিশুরা, অথচ তাদেরই সবচেয়ে কঠিন মূল্য দিতে হচ্ছে। তীব্র তাপপ্রবাহ, বন্যা ও অন্যান্য দুর্যোগ শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তাকে বিপর্যস্ত করে তুলছে। গত দুই বছরে বাংলাদেশের ৩৮ জেলার ৯৬ শতাংশ শিশু অন্তত একটি দুর্যোগের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। দুর্যোগ বা তাপপ্রবাহের পর অসুস্থ হয়েছে ৮০ শতাংশ শিশু। আবহাওয়াজনিত কারণে গত এক বছরে বিদ্যালয়ে পড়ুয়া ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ ছিল। এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের এক জরিপে।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ৩১)। এই সম্মেলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের তথ্য তুলে ধরে সেভ দ্য চিলড্রেন। একই সঙ্গে জলবায়ু আলোচনায় শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও মতামতকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি তাদের কাছে পৌঁছায় এমন অর্থায়ন নিশ্চিত করতে বিশ্বনেতা ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জরিপটি পরিচালিত হয় গত ৯ থেকে ১৭ অক্টোবর। এতে ৩৮টি জেলার জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার ১০ থেকে ১৭ বছর বয়সী ১ হাজার ৩৭৫ শিশুর সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপ পরিচালনায় অংশ নেয় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) ১৭২ জন শিশু গবেষক। জরিপের আওতায় ছিল উপকূলীয় গ্রাম, নদীবেষ্টিত চর, হাওর, পার্বত্য অঞ্চল, চা-বাগান ও শহরের বস্তি।
শিক্ষা ও স্বাস্থ্য বিপর্যস্ত
জরিপের তথ্য অনুযায়ী, গত দুই বছরে অংশগ্রহণকারী ৯৬ শতাংশ শিশু অন্তত একটি প্রাকৃতিক দুর্যোগের অভিজ্ঞতার কথা জানিয়েছে। সবচেয়ে বেশি শিশুর অভিজ্ঞতায় এসেছে তীব্র তাপপ্রবাহ, যার হার ৫৫ শতাংশ। এরপর রয়েছে বন্যা, ৪২ শতাংশ।
জলবায়ু দুর্যোগের প্রভাব শিশুদের শিক্ষাজীবনেও পড়ছে। গত এক বছরে দুর্যোগ বা আবহাওয়াজনিত কারণে বিদ্যালয়ে পড়ুয়া ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ ছিল। অনুপস্থিতির হিসাব দেওয়া ৬১৭ শিশু মোট ৭ হাজার ৫৬৭ শিক্ষাদিবস হারিয়েছে। অর্থাৎ দুর্যোগের কারণে শুধু বিদ্যালয় বন্ধ থাকছে না, দীর্ঘ হচ্ছে শিশুদের শিক্ষার ক্ষতিও। অথচ মাত্র ৩৫ শতাংশ শিশু জানিয়েছে, তাদের বিদ্যালয়ে দুর্যোগের সময় কী করণীয়, সে বিষয়ে প্রশিক্ষণ বা শিক্ষা দেওয়া হয়।
স্বাস্থ্যঝুঁকিও কম নয়। জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ শিশু জানিয়েছে, দুর্যোগ বা তাপপ্রবাহের পর তারা অসুস্থ হয়েছে। এ ছাড়া ৫৩ শতাংশ শিশু নিরাপদ পানীয় জল পেতে সমস্যার মুখে পড়েছে। অর্থাৎ দুর্যোগের অভিঘাত কাটার পরও বিশুদ্ধ পানির অভাব ও অসুস্থতা শিশুদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সতর্কবার্তা পৌঁছায় না শিশুদের কাছে
দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কবার্তা গুরুত্বপূর্ণ হলেও অধিকাংশ শিশুর কাছে তা পৌঁছাচ্ছে না। জরিপে দেখা গেছে, সর্বশেষ দুর্যোগের আগে মাত্র ২৫ শতাংশ শিশু আগাম সতর্কবার্তা পেয়েছে এবং তা বুঝতে পেরেছে। বিপরীতে ৪৮ শতাংশ শিশু কোনো সতর্কবার্তাই পায়নি। ফলে দুর্যোগের আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে অনেক শিশু।
দুর্যোগের প্রভাব শিশুদের সুরক্ষার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। জরিপে অংশ নেওয়া ৩৭ শতাংশ শিশু জানিয়েছে, দুর্যোগের পর তাদের এলাকায় বাল্যবিবাহ বেড়েছে। উপকূলীয় এলাকায় এ হার ৭২ শতাংশ। অন্যদিকে দুর্যোগ আশ্রয়কেন্দ্র ব্যবহার করা ৫৬১ শিশুর মধ্যে ৬৩ শতাংশ জানিয়েছে, সেখানে মেয়েদের জন্য আলাদা শৌচাগার বা নিরাপদ স্থান ছিল না।
জলবায়ু পরিবর্তনের মানসিক প্রভাবও উঠে এসেছে জরিপে। এতে অংশ নেওয়া ৬৪ শতাংশ শিশু জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কথা ভাবলে তারা ভয় পায়। বিপরীতে মাত্র ৪ শতাংশ শিশু আশাবাদী বোধ করে। অথচ বিদ্যালয় বা স্থানীয় সরকার কখনো দুর্যোগ পরিকল্পনা নিয়ে তাদের মতামত জানতে চায়নি, এমন শিশুর হার ৮১ শতাংশ। একই সঙ্গে ৮১ শতাংশ শিশু জলবায়ু কার্যক্রম পরিচালনার জন্য নিজেদের কাছে অর্থায়ন পৌঁছানোর দাবি জানিয়েছে।
ঝুঁকিতে পিছিয়ে থাকা শিশুরা
জরিপে দেখা গেছে, জলবায়ু সংকটের প্রভাব সব শিশুর ওপর সমানভাবে পড়ছে না। নদীভাঙনপ্রবণ এলাকায় ৮৩ শতাংশ শিশু জানিয়েছে, দুর্যোগের পর তাদের পরিবারের আয় কমে গেছে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষাজীবন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও অন্য শিশুদের তুলনায় দ্বিগুণের বেশি। জরিপে প্রতিবন্ধী শিশুদের ৫৪ শতাংশের শিক্ষা বন্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে সব শিশুর ক্ষেত্রে এ হার ২৫ শতাংশ।
সেভ দ্য চিলড্রেনের মতে, শিশুরা জলবায়ু সংকট তৈরি করেনি, কিন্তু এর প্রভাব মোকাবেলার জন্য তাদেরই সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে। নিরাপদ বিদ্যালয়, বিশুদ্ধ পানি, শিশুদের বোধগম্য আগাম সতর্কবার্তা, অসুস্থ হলে চিকিৎসা এবং নিজেদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তে মতামত দেওয়ার সুযোগ তাদের প্রধান চাহিদা।
কপ৩১-এ পাঁচ দফা দাবি
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় কপ৩১ সম্মেলনে পাঁচটি সুনির্দিষ্ট ফলাফল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। এর মধ্যে রয়েছে জলবায়ুবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে শিশুদের অধিকার, চাহিদা ও মতামত অন্তর্ভুক্ত করে স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণ; স্বাস্থ্য, পানি, পুষ্টি, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় শিশু-কেন্দ্রিক অভিযোজন কার্যক্রম; জলবায়ু-সহনশীল শিক্ষাব্যবস্থা গড়ে তোলা; দুর্যোগে শিশুদের শিক্ষাজীবন, বাস্তুচ্যুতি, বাল্যবিবাহ ও মানসিক ক্ষতিকে লস অ্যান্ড ড্যামেজের আওতায় স্বীকৃতি দেওয়া এবং শিশুদের কাছে পৌঁছানো জলবায়ু অর্থায়ন বাড়ানো।
সংস্থাটি জানিয়েছে, ২০০৬ থেকে ২০২৩ সালের মধ্যে প্রধান বহুপক্ষীয় জলবায়ু তহবিলগুলোর মাত্র ২ দশমিক ৪ শতাংশ অর্থায়ন শিশু-সংবেদনশীল উদ্যোগে সহায়তা করেছে। এ অর্থায়ন অন্তত দ্বিগুণ করা এবং শিশু ও তরুণদের নেতৃত্বাধীন উদ্যোগের জন্য বিশেষ অর্থায়নের সুযোগ তৈরির আহ্বানও জানানো হয়েছে।
বাংলাদেশ সরকারের প্রতি ৫ প্রস্তাব
আন্তর্জাতিক সম্মেলনে দাবির পাশাপাশি দেশের ভেতরেও পাঁচটি বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এগুলো হলো তীব্র তাপপ্রবাহকে দুর্যোগ হিসেবে বিবেচনা করে দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশে অন্তর্ভুক্ত করা, জলবায়ু-সহনশীল বিদ্যালয় গড়ে তোলা, দুর্যোগের পর শিশুদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা, দুর্যোগের আগে ও পরে শিশুদের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা জোরদার করা এবং জলবায়ুবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে শিশুদের অংশগ্রহণ ও বাজেট বরাদ্দ নিশ্চিত করা।
সংস্থাটির প্রস্তাব অনুযায়ী, তাপপ্রবাহের সতর্কতা ও বিদ্যালয়ের সময়সূচি নির্ধারণের পাশাপাশি শিশুদের বোধগম্য ভাষায় আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে হবে। দুর্যোগে বিদ্যালয় বন্ধ থাকলে শিক্ষার ক্ষতি পূরণে অর্থায়ন করতে হবে। প্রতিটি আশ্রয়কেন্দ্রে মেয়েদের জন্য পৃথক শৌচাগার ও নিরাপদ স্থান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আগাম সতর্কবার্তার সঙ্গে সামাজিক সুরক্ষা কার্যক্রম যুক্ত করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুসন্তান রয়েছে এমন পরিবারকে সাত দিনের মধ্যে নগদ অর্থ বা খাদ্য সহায়তা দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, ‘বাংলাদেশের শিশুরা এই সংকট সৃষ্টির জন্য কোনোভাবেই দায়ী নয়, অথচ তারাই সবচেয়ে বেশি ভুগছে। জরিপে তাদের সুনির্দিষ্ট চাহিদাগুলো উঠে এসেছে; এসব চাহিদা ও সমস্যার সমাধান নিশ্চিত করার দায়িত্ব আমাদের।’
তিনি বলেন, গত দুই বছরে ৯৬ শতাংশ শিশু অন্তত একটি দুর্যোগের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। শুধু এই পরিসংখ্যানই পদক্ষেপ নেওয়ার জরুরি আহ্বান জানায়। কপ৩১ এমন একটি মঞ্চ, যেখানে জাতীয় প্রেক্ষাপটগুলো বিবেচনায় নিয়ে সেগুলো কিভাবে বৈশ্বিক অঙ্গীকারের অংশ হতে পারে, তা দেখতে হবে। যাতে জলবায়ু ও অর্থায়নবিষয়ক সিদ্ধান্ত কার্যকরভাবে শিশুদের কাছে পৌঁছায়।
সুমন সেনগুপ্ত আরো বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়, এটি দায়িত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীরবৈরি দুই দলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই সৌহার্দ্য ও সম্প্রীতির একটি দৃশ্য ফুটে উঠেছিল। ম্যাচের শুরুতে ভারত ও পাকিস্তানের ফুটবলাররা একে অপরের সাথে হাত মেলান। মাঠের লড়াইয়ে পাকিস্তান প্রথমে প্রতিরোধ গড়তে সক্ষম হচ্ছিল না। প্রথমার্ধেই ভারত, যারা দ্বিতীয় সারির দল নিয়ে খেলছিল, তিন গোলে এগিয়ে যায়। যদিও যোগ করা সময়ে পাকিস্তান দুই গোল করে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত তারা জয়ী হতে পারেনি।
ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চাদশ আসরের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ভারত পাকিস্তানকে ৩-২ গোলে পরাজিত করেছে।
বিস্তারিত আসছে …
তালাশ বিডি/মিডিয়া লিঃ