০৭:৪২ এম
টিকটকে পরিচয় গড়ে তোলার পর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিয়ে স্ট্যাম্পে তৈরি করা হয় বিয়ের ভুয়া কাগজপত্র। নারীদের বিশ্বাস অর্জন করে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে গত তিন মাসে অন্তত ১৫ জন নারীর সঙ্গে একই কৌশলে সম্পর্ক গড়ে তুলেছেন ৪১ বছর বয়সি এই ব্যক্তি। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সি এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকার উত্তরায় এনে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর আরও কয়েকজন নারী থানায় গিয়ে তাকে নিজেদের স্বামী বলে দাবি করেছেন। পরে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশ বুধবার বিকালে আদালতে পাঠালে, আদালত এই চীনা নাগরিককে কারাগারে পাঠিয়ে দেয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় মানিকগঞ্জ সদর উপজেলার ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তার সন্ধানে তদন্ত শুরু করে। নিখোঁজের ছয় দিন পর ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী মুঠোফোনে বড় বোনের সঙ্গে যোগাযোগ করে। সে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে বিয়ের আশ্বাস ও নানা প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় ডেকে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় এনে উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। ওই বাসায় তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
বড় বোনের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ওই বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চীনের একটি পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া শিক্ষার্থীর বাবার করা মামলায় চেন ইয়ংকে প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকেও আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদা রক্ষার আহ্বান
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, চেন ইয়ংয়ের ব্যবহৃত মুঠোফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্তত ১৫ জন নারীর সঙ্গে তার এমন সম্পর্কের তথ্য পাওয়া গেছে। টিকটকের মাধ্যমে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে প্রথমে পরিচিত হতেন তিনি। পরে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রস্তাব দিতেন। একপর্যায়ে স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে তাদের বিশ্বাস অর্জন করতেন। এরপর ঢাকার বিভিন্ন এলাকার ভাড়া বাসায় নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তবে ওই ১৫ জনের প্রত্যেকের সঙ্গে প্রকৃতপক্ষে বিয়ে হয়েছিল কি না, তাদের মধ্যে কতজন নির্যাতনের শিকার হয়েছেন এবং এসব সম্পর্কের প্রকৃতি কী ছিল, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, বিষয়গুলো অধিকতর তদন্ত করা হচ্ছে।
চেন ইয়ংয়ের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সি কয়েকজন নারী মানিকগঞ্জ সদর থানায় উপস্থিত হন। তাদের মধ্যে সাভারের এক নারীও তাকে নিজের স্বামী বলে দাবি করেন। অন্য নারীরাও একই ধরনের সম্পর্ক ও প্রতারণার অভিযোগ তুলেছেন।
পুলিশের ধারণা, এ ঘটনায় আরও নারী ভুক্তভোগী থাকতে পারেন। তাদের পরিচয় ও অভিযোগ যাচাইয়ের পাশাপাশি চেন ইয়ংয়ের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেন ইয়ং দাবি করেছেন, বাংলাদেশে ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার উদ্দেশ্যে তিনি এসেছেন। চীনে তার একটি ছোট অটোগ্যারেজ রয়েছে। পাশাপাশি তিনি গাড়িচালক হিসেবেও কাজ করতেন। গত ১২ আগস্ট ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসেন তিনি। তার বাংলাদেশে অবস্থানের উদ্দেশ্য, ভিসার শর্ত মেনে চলেছেন কি না, স্থানীয় কারও সঙ্গে আর্থিক লেনদেন এবং কোনো প্রতারণা চক্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর তার বাবার জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পরে বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার বাসা থেকে তাকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। ২৫ নভেম্বর বিকালে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন