০৯:২০ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশে চলাচলকারী দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোকে উড়োজাহাজের কেবিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করা এবং বিমানভাড়া পুনর্বিবেচনার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
বেবিচক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু উড়োজাহাজে কেবিনের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং বাংলাদেশের রুটে অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় নিম্নমানের সেবা প্রদানের বিষয়টি লক্ষ্য করা গেছে। এ কারণে একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমোডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভ্রমণের দূরত্বের তুলনায় বিমানভাড়া বেশি নেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে
চিঠিতে বলা হয়েছে, ‘লক্ষ্য করা গেছে যে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের যাত্রীকেবিন সঠিকভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হয় না।’
এতে আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে আসন, মেঝে, কার্পেট, শৌচাগার, ট্রে টেবিলসহ কেবিনের অন্যান্য অংশ অপরিষ্কার ও নোংরা অবস্থায় পাওয়া গেছে।
বেবিচক সকল এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে যে, প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের পূর্বে কেবিন যথাযথভাবে পরিষ্কার করা এবং আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও অন্যান্য অংশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখা উচিত।
এছাড়া যাত্রী নিরাপত্তা, আরাম ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারে— এমন মানের উড়োজাহাজ ব্যবহারের জন্যও অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক
সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর অন্যান্য আন্তর্জাতিক রুটের যাত্রীরা যে মানের সেবা ও সুবিধা পেয়ে থাকেন, বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রীদেরও একই মানের সেবা প্রদান করতে হবে।
টিকিটের মূল্যের বিষয়ে ভ্রমণের দূরত্বের সঙ্গে সংগতিপূর্ণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিমান ভাড়া পর্যালোচনার অনুরোধ জানানো হয়েছে।
এসব উদ্বেগ নিরসন এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংস্থাটি বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণে পরিদর্শন চালাতে পারে।
চিঠিটি দেশি ও বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধি এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন