০৩:১২ পি.এম
যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মোট সম্পদ গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ হাজার ৯৭০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, এক দিনে তাঁর সম্পদ ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৫৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তাঁর প্রথম স্থান আরও মজবুত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) নাসডাক স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম ৪ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৩ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। একই দিনে তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম ৫ দশমিক ২২ শতাংশ বেড়ে ৪০০ ডলারে পৌঁছেছে। মূলত এই দুই প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যবৃদ্ধিই তাঁর সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারমূল্য ও সম্পদের হিসাবের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ধনীদের অবস্থান নির্ধারণ করা হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী, তালিকার শীর্ষে মাস্কই রয়েছেন।
আরও পড়ুন: ইলন মাস্কের অভিযোগ, ইউএসএআইডির কর্মকাণ্ডে ‘অসংখ্য মানুষের মৃত্যু’
চলতি বছরের ১২ জুন স্পেসএক্সের শেয়ার লেনদেন শুরু হওয়ার পর প্রথমবারের মতো তাঁর সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। তবে ২৪ জুন তা কমে ৯৫৭ বিলিয়ন ডলারে নেমে আসে। ওই সময়ের মধ্যে প্রায় দুই সপ্তাহ তিনি ট্রিলিয়নিয়ার হিসেবে অবস্থান করেছিলেন। পরে অক্টোবরে তাঁর সম্পদের পরিমাণ আবারও এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। তথ্যসূত্র: তাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন